Blog

  • সাটুরিয়ায় বাংলাদেশ রেলওয়ে ভুয়া নিয়োগপত্র দিয়ে প্রতারণার অভিযোগে মানববন্ধন

    সাটুরিয়ায় বাংলাদেশ রেলওয়ে ভুয়া নিয়োগপত্র দিয়ে প্রতারণার অভিযোগে মানববন্ধন

    মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়ায় বাংলাদেশ রেলওয়ে ভুয়া নিয়োগপত্র দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তিন ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগী উপজেলার বরাইদ ইউনিয়নের গোপালপুর গ্রামের মো: বিপ্লব হোসেনের ছেলে রাহাতুল ইসলাম হৃদয়।

    আজ (১৯ মার্চ) বুধবার সকালে প্রতারণা প্রতিকার চেয়ে উপজেলার গোপালপুর বাজারে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও ভুক্তভোগীর পরিবার। মানববন্ধন শেষে পুলিশ সুপার,সাটুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) দপ্তরে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।

    এলাকাবাসী ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার গোপালপুর গ্রামের হতদরিদ্র বিপ্লব হোসেন ছেলে রাহাতুল ইসলাম হৃদয় (১৭) কে একই উপজেলার মজিবর কারীর ছেলে আব্দুল কাদের (৫৫), মৃত খোরশেদ আলীর ছেলে মো: নাসির উদ্দিন (৫০) নাসিরের স্ত্রী সাবিনা ইয়াসমিন শিল্পী।

    বাংলাদেশ রেলওয়েতে চাকুরী দেওয়ার কথা বলে ১০০ টাকার তিনটি ষ্টাপ ও ব্যাংকের চেক জমা দিয়ে নগদ ১২ লক্ষ টাকা হাতিয়ে নেয়। কিছু দিন পর নাছির ও কাদের সহ প্রতারক চক্ররা রাহাতুল ইসলাম হৃদয়কে বাংলাদেশ রেলওয়ে যোগদানের জন্য গত ০২/১২/২০২৪ ইং একটি ভুয়া জাল নিয়োগপত্র প্রদান করে।

                       দুই প্রতারক নাছির ও তার সহযোগী আব্দুল কাদের

    নিয়োগপত্র ভুয়া বিষয়টি জানতে পারলে নাছির ও তার সহযোগিদের কাছে রাহাতুল ইসলাম হৃদয়ের মা রত্না আক্তার উক্ত ঘোষের টাকা ফেরত চাইলে নাছির ও কাদের ক্ষিপ্ত হয়ে ভুক্তভোগী পরিবারকে ভয়ভীতি সহ মিথ্যা মামলা ভয় দেখায় এবং ১২ লক্ষ টাকা ফেরত দিতে অস্বীকার করেন।

    অপর দিকে তার ধারাবাহিকতায় টাকা আত্মসাৎ কারীরা নিজেদের বাঁচাতে আব্দুল কাদের বাদী হয়ে ভুক্তভোগী ও সাক্ষীসহ ১৩ জন কে আসামী করে বিজ্ঞ ১ নং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মানিকগঞ্জে একটি সি আর মামলা দায়ের করে। যাহার মামলার নং ৮৯ (সাটু)২০২৫ যাহা তদন্ত প্রক্রিয়াধীন আছে। উল্লেখ্য প্রতারক নাছির উদ্দিন আব্দুল কাদেরের বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে।

    ভুক্তভোগীরা মানবেতরে জীবন যাপন করছি। এ বিষয়ে ভুক্তভোগী ও এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।

    এ সময় ভুক্তভোগীদের মধ্যে বক্তব্য রাখেন,মো: হোসেন আলী মো: জিয়াউর রহমান,মো: হাবিবুর রহমান,মো: ইমরান হোসেন,আব্দুর রহমান,মো: জালাল অহম্মেদ,হুসনেরা আক্তার ও করিমন বেগম প্রমুখ। এসময় প্রায় তিন শতাধীক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

    এ বিষয়ে সাটুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহিনুল ইসলাম বলেন,এ বিষয়ে লেখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

  • নারায়ণগঞ্জ থেকে আরসা প্রধান গ্রেফতার

    নারায়ণগঞ্জ থেকে আরসা প্রধান গ্রেফতার

    রোহিঙ্গাদের স্বশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশনের (আরসা) প্রধান কমান্ডার আতাউল্লাহ আবু আম্মার ওরফে জুনুনিসহ ৬ জনকে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) সকালে তাদের সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

    পরে আদালতে তোলা হলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মঈনুদ্দিন কাদির শুনানি শেষে দুটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিন করে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক কাউয়ুম খান এসব তথ্য গণমাধ্যমকে জানান।

    এর আগে গত ১৭ মার্চ ভোরে অভিযান চালিয়ে তাদের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেপ্তার করে র‌্যাব-১১। এ সময় তাদের কাছ থেকে ২১ লাখ ৩৯ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়।

    র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা নারায়ণগঞ্জ, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন এলাকায় নাশকতামূলক অপরাধ কর্মকাণ্ড সংগঠিত করার জন্য গোপন বৈঠক করে আসছিল।

    এর মধ্যে সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে আসামিরা নাশকতা মূলক কর্মকাণ্ড সংগঠিত করার জন্য সিদ্ধিরগঞ্জে ভূমিপল্লী আবাসন এলাকার একটি বহুতল ভবনে গোপন বৈঠক করছে।

    পরে ১৭ মার্চ ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‌্যাব। আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার সকালে তাদের সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

  • নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে- প্রধান উপদেষ্টা

    নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে- প্রধান উপদেষ্টা

    প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করেছেন মার্কিন সিনেটর গ্যারি পিটার্স। আজ মঙ্গলবার ঘণ্টাব্যাপী বৈঠকে দুই নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং বন্ধুত্বপূর্ণ দুই দেশের মধ্যে সম্পর্ক আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা করেন।

    মার্কিন সিনেটর পিটার্স অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগ, মূল কমিশনগুলোর প্রতিবেদন এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞাসা করেন।

    এ সময় প্রধান উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলো কম সংস্কারে সম্মত হলে সরকার ডিসেম্বরে নির্বাচন করবে। তবে দলগুলো যদি সরকারের কাছ থেকে সংস্কারের আরও বড় প্যাকেজ চায় তবে কয়েক মাস পরে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

    তিনি বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। উৎসবমুখর পরিবেশে এটি অনুষ্ঠিত হবে। নির্বাচনের দিন বড় রকমের উৎসব হবে, যেমনটা আমরা অতীতে দেখেছি।

    ড. ইউনূস বলেন, বড় বড় কমিশনগুলোর প্রস্তাবিত সংস্কারের ব্যাপারে রাজনৈতিক দলগুলো একমত হলে তারা জুলাই সনদে সই করবে। তিনি বলেন, জুলাই সনদ দেশের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করবে।

    পিটার্স সরকারের সংস্কার এজেন্ডার প্রশংসা করে বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি মসৃণ গণতান্ত্রিক উত্তরণ প্রত্যাশা করছে। বৈঠকে দুই নেতা সামাজিক ব্যবসা, দারিদ্র্যমুক্ত বিশ্ব এবং যুক্তরাষ্ট্র ও বিশ্বের অন্যান্য দেশে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ের হাতিয়ার হিসেবে ক্ষুদ্রঋণ নিয়েও আলোচনা করেন।

     

  • গ্যাস্ট্রিক আলসার প্রতিরোধে করণীয়

    গ্যাস্ট্রিক আলসার প্রতিরোধে করণীয়

    গ্যাস্ট্রিক আলসার বা পেপটিক আলসার হলো পাকস্থলীতে বা ক্ষুদ্রান্ত্রে ঘা বা ক্ষত সৃষ্টি হওয়া। এটি দুটি প্রধান শাখায় বিভক্ত: গ্যাস্ট্রিক আলসার (পাকস্থলীতে) এবং ডিওডেনাল আলসার (ক্ষুদ্রান্ত্রে)। সাধারণত গ্যাস্ট্রিক আলসারকে পেপটিক আলসার বলা হয়, যেটি পাকস্থলী বা ক্ষুদ্রান্ত্রে হতে পারে।

    গ্যাস্ট্রিক আলসারের প্রধান কারণ হলো ‘হেলিকোব্যাক্টার পাইলোরি’ নামের একটি ব্যাকটেরিয়ার সংক্রমণ, যা সাধারণত দূষিত খাবার বা পানির মাধ্যমে শরীরে প্রবেশ করে। এটি পাকস্থলীতে প্রবেশ করে মিউকাস মেমব্রেনকে ক্ষতিগ্রস্ত করে।

    এছাড়াও, দীর্ঘ সময় ধরে ব্যথানাশক ওষুধ (যেমন আইবুপ্রোফেন, ন্যাপ্রক্সেন, এসিক্লোফেনাক, অ্যাসপিরিন) গ্রহণ, নিদ্রাহীনতা, ধূমপান, মদ্যপান, দুশ্চিন্তা ও মানসিক চাপ, তেল-চর্বিযুক্ত খাবারের অতিরিক্ত গ্রহণও গ্যাস্ট্রিক আলসারের ঝুঁকি বাড়ায়।

    রোগনির্ণয়:
    গ্যাস্ট্রিক আলসার নির্ণয়ের জন্য সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো এন্ডোস্কোপি পরীক্ষা। এছাড়া ইউরিয়া শ্বাস পরীক্ষা, রক্তের অ্যান্টিবডি পরীক্ষা, স্টুল অ্যান্টিজেন, সিএলও পরীক্ষা ইত্যাদি করা হয়।

    প্রতিরোধের উপায়
    গ্যাস্ট্রিক আলসারের চিকিৎসা শুরু করার আগে তার কারণ শনাক্ত করা জরুরি। যদি ব্যথানাশক ওষুধের কারণে আলসার হয়ে থাকে, তবে তা বন্ধ করতে হবে। যদি ব্যাকটেরিয়ার সংক্রমণ থাকে, তবে অ্যান্টিবায়োটিক ওষুধ দেওয়া হয়। এ ছাড়া, অ্যাসিড নিঃসরণ রোধকারী ওষুধ সেবনও উপকারী হতে পারে। জটিল পরিস্থিতিতে সার্জারি প্রয়োজন হতে পারে।

    এছাড়া স্বাস্থ্যকর জীবনযাপন, যথাযথ খাবারের নির্বাচন এবং মানসিক চাপ কমানোর প্রচেষ্টা গ্যাস্ট্রিক আলসার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

  • চতুর্থ বিয়ের আসরে বসছেন কিম কার্দাশিয়ান !

    চতুর্থ বিয়ের আসরে বসছেন কিম কার্দাশিয়ান !

    আমেরিকান মিডিয়া ব্যক্তিত্ব, সোশ্যালাইট, মডেল ও ব্যবসায়ী কিম কার্দাশিয়ানের জন্মদিন আজ। জনপ্রিয় তারকা প্যারিস হিলটনের বন্ধু এবং স্টাইলিস্ট ফ্যাশন অনুরাগী হিসেবেই তিনি প্রথম মিডিয়ার সামনে আসেন। কিন্তু ২০০৭ সালে একটি সেক্স টেপ প্রকাশিত হওয়ার পর তিনি আরো বেশি পরিচিতি পান এবং ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠেন। একের পর এক বিতর্কিত অধ্যায় কিমকে তারকা খ্যাতির শীর্ষে পৌঁছে দেয়।

    পেশাগত কাজের চেয়ে ব্যক্তিজীবন নিয়েই বেশি আলোচনায় থাকেন কিম কার্দাশিয়ান। তিনটি বিয়ের গণ্ডি তিনি পেরিয়ে গেছেন বেশ আগেই। প্রথম বিয়ে করেন সংগীত প্রযোজক ড্যামন থমাসকে। এরপর ক্রিস হামফ্রিসের সঙ্গে তার বিয়ে মাত্র ৭২ দিন টিকেছিল।

    সর্বশেষ কেনি ওয়েস্টের সঙ্গেও তার বিচ্ছেদ ঘটে। সম্প্রতি শোনা যাচ্ছে চতুর্থ বিয়ের প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী। গোপনে প্রেমও চালিয়ে যাচ্ছেন, করছেন নিয়মিত ডেটিং! ৪৪ বছর বয়সী এ অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় সেরকম কিছু ইঙ্গিত দিয়ে ভক্তদের মনে তুমুল আগ্রহের সৃষ্টি করেছেন। কাকে বিয়ে করছেন কিম? এমন প্রশ্নও জাগছে তাদের মনে।

    মূলত তার এ সম্পর্কের বিষয়টি নিয়ে গুঞ্জন তৈরি হয় গত বছর ভারতীয় ব্যবসায়ী মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়ের সময়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কিম কার্দাশিয়ান। সেখানে তিনি অনন্ত ও রাধিকার বিয়ের আংটি দেখে মন্তব্য করেছিলেন, আমি ভাবছি আমার পরবর্তী আংটির (বাগদানের) আকৃতি কেমন হবে? আমার অপেক্ষার প্রহর যেন শেষ হচ্ছে না!

    তখন থেকেই কিমের পরবর্তী প্রেমিক কিংবা স্বামী কে, সেটার খোঁজ করছেন ভক্তরা। তবে প্রেমিকের সঙ্গে ডেটিং করলেও বিষয়টি তিনি তার ক্লাসিক ফ্যাশন কিংবা স্কিমস বডিস্যুটের চেয়েও শক্তভাবে লুকিয়ে রেখেছেন।

    মূলত কেনি ওয়েস্টের সঙ্গে বিচ্ছেদের পর থেকে, কিম পিট ডেভিডসনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। এরপর ওডেল বেকহ্যাম জুনিয়রের সঙ্গেও প্রেমের গুজব রটেছিল। কিন্তু সেগুলোর কোনো স্থায়িত্ব ছিল না। তবে কিমের ঘনিষ্ঠজনের দাবি, তিনি (কিম) বলেছেন, পরবর্তীতে যার সঙ্গে ডেট করবে সে এমন একজন হবেন, যিনি বিখ্যাত নন।

    কিম কার্দাশিয়ান হলিউডের আলোচিত এক অভিনেত্রী। মডেল, অভিনেত্রী, টেলিভিশন ব্যক্তিত্বের পাশাপাশি তিনি সমাজকর্মী ও ব্যবসায়ী হিসেবেও পরিচিত। এই অভিনেত্রী ২০২১ সালে বিলিয়ন ডলারের ক্লাবে প্রবেশ করেন। তার আয়ের বেশির ভাগ ব্যবসা ও উপস্থাপনা থেকে।

     

  • তুলসী গ্যাবার্ডের এ মন্তব্য বিভ্রান্তিকর: পররাষ্ট্র উপদেষ্টা

    তুলসী গ্যাবার্ডের এ মন্তব্য বিভ্রান্তিকর: পররাষ্ট্র উপদেষ্টা

    যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন এবং ইসলামী খিলাফত বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যমে যে মন্তব্য করেছেন, তা গুরুতর বলে অভিযোগ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

    তিনি বলেছেন, প্রধান উপদেষ্টার কার্যালয় যে প্রতিক্রিয়া (তুলসী গ্যাবার্ডের বক্তব্যের বিষয়ে) জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান ওটাই। ওনার (তুলসী গ্যাবার্ড) বক্তব্য গুরুতর। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্য নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান জানতে চাইলে মঙ্গলবার (১৮ মার্চ) সাংবাকিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।

    সোমবার (১৭ মার্চ) নয়াদিল্লিতে এনডিটিভি ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে তুলসী গ্যাবার্ড বলেছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, ক্যাথলিক ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের ওপর দীর্ঘদিন ধরে চলমান দুর্ভাগ্যজনক নিপীড়ন, হত্যা ও অন্যান্য নির্যাতন যুক্তরাষ্ট্র সরকার, প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের উদ্বেগের একটি প্রধান ক্ষেত্র।

    প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন মন্ত্রিসভা ও বাংলাদেশ সরকারের মধ্যে আলোচনা মাত্র শুরু হচ্ছে, কিন্তু এটি উদ্বেগের মূল জায়গার একটি হয়ে আছে। সোমবার রাতেই বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে তুলসী গ্যাবার্ডের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

    এক বিবৃতিতে সরকার বলেছে, আমরা গভীর উদ্বেগ ও হতাশার সঙ্গে তুলসী গ্যাবার্ডের বক্তব্য লক্ষ করেছি, যেখানে তিনি বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিপীড়ন ও হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করে বলেছেন, ইসলামপন্থি সন্ত্রাসীদের হুমকি এবং বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর বৈশ্বিক তৎপরতা একই আদর্শ ও লক্ষ্য দ্বারা পরিচালিত হয়। সেই আদর্শ ও লক্ষ্য হলো ইসলামী খিলাফতের মাধ্যমে শাসন করা।

    তুলসী গ্যাবার্ডের এ মন্তব্য বিভ্রান্তিকর এবং বাংলাদেশের ভাবমূর্তি ও সুনামের জন্য ক্ষতিকর, উল্লেখ করে অন্তর্বর্তী সরকার বলেছে, বাংলাদেশ ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ইসলাম চর্চার জন্য সুপরিচিত এবং চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে।

  • সাটুরিয়ায় মায়ের চিকিৎসার টাকা জোগাড় করতে না পারায় যুবকের আত্মহত্যা !

    সাটুরিয়ায় মায়ের চিকিৎসার টাকা জোগাড় করতে না পারায় যুবকের আত্মহত্যা !

    মানিকগঞ্জের সাটুরিয়ায় মায়ের চিকিৎসার টাকা জোগাড় করতে না পারায় এক যুবক গলায় ফাসঁ দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (১৮ মার্চ) ভোর রাতে উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের রাইল্লা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন (৫৫) অত্র গ্রামের কিয়াজুদ্দিনের ছেলে ।

    পুলিশ ও প্রতিবেশী সূত্রে জানা যায়, আনোয়ার হোসেনের মাতা সেতেরা বেগম, দীর্ঘদিন যাবত ডায়াবেটিসে ও হার্ট এর রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। তার মার চিকিৎসা বাবদ অনেক টাকা প্রয়োজন। মায়ের চিকিৎসার টাকা জোগার করতে না পারায় আনোয়ার মানুসিক ভেঙ্গে পড়েন।  তদুপরি, এই নিয়ে স্ত্রীর সাথে মনোমালিন্যতা হলে নিজ ঘরে ফ্যানের হ্যাঙ্গার এর সাথে ফাসঁ দিয়ে আত্মহত্যা করেন।

    বিষয়টি,  নিশ্চিত করে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুল ইসলাম বলেন, আনোয়ার হোসেন সোমবার রাত আনুমানিক তিন ঘটিকার আত্মহত্যা করেন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট অনুয়ায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

  • বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগে যুক্তরাষ্ট্র: তুলসী গ্যাবার্ড

    বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগে যুক্তরাষ্ট্র: তুলসী গ্যাবার্ড

    বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন ও সহিংসতা নিয়ে গভীর উদ্বেগে রয়েছে যুক্তরাষ্ট্র। তিনি বলেছেন, উদ্বেগের কেন্দ্রীয় বিষয় হিসেবে এটি ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ও বাংলাদেশ সরকারের আসন্ন আলোচনায় স্থান পাবে। সোমবার (১৭ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ওয়ার্ল্ডকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে একথা জানান সাক্ষাৎকারটি প্রচারিত হয়েছে।

    এনডিটিভির পক্ষ থেকে জানতে চাওয়া হয়, ভারতের পাশে বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তন ঘটেছে। সেখানে সহিংসতার অনেক ঘটনা ঘটেছে এবং সংখ্যালঘুদের ওপর একাধিক হামলার খবর পাওয়া গেছে। শুধু রাজনৈতিক স্থিতিশীলতা নয়, সর্বস্তরে স্থিতিশীলতার প্রয়োজনের দিক থেকে যুক্তরাষ্ট্র কি এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন?

    জবাবে তুলসী গ্যাবার্ড বলেন, ‘অবশ্যই, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের দীর্ঘকাল ধরে নির্যাতন, হত্যা ও নিপীড়ন যুক্তরাষ্ট্র সরকার এবং প্রেসিডেন্ট ট্রাম্প ও তাঁর প্রশাসনের জন্য বড় উদ্বেগের বিষয়।’

    তুলসী আরও বলেন, ডোনাল্ড ট্রাম্পের নতুন মন্ত্রিসভা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা শুরু করবে। এই আলোচনায় বিষয়টি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় উদ্বেগের বিষয় হিসেবে থাকবে।

    বাংলাদেশে ইসলামি চরমপন্থা ও সন্ত্রাসী গোষ্ঠীর উত্থানের কথা তুলে ধরে ভারতীয় বংশোদ্ভূত এই মার্কিন কর্মকর্তা বলেন, বিশ্বজুড়ে ‘ইসলামি সন্ত্রাসবাদ’ পরাজিত করতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ।

    ‘ইসলামি খিলাফতে’র আদর্শের প্রসঙ্গ টেনে সাক্ষাৎকারে তুলসী গ্যাবার্ড বলেন, বিশ্বজুড়ে চরমপন্থী ও সন্ত্রাসী গোষ্ঠীগুলো খিলাফতের মাধ্যমে ইসলামি শাসনের লক্ষ্যে কাজ করছে।

    এদের এই লক্ষ্য স্পষ্টতই অন্য যেকোনো ধর্মের মানুষকে প্রভাবিত করে। কারণ, এরা নিজেদের কাছে গ্রহণযোগ্য ধর্ম বা বিশ্বাস সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে অন্যদের ওপর বাস্তবায়ন করতে চায়।

    মার্কিন গোয়েন্দাপ্রধান বলেন, যে আদর্শ থেকে ইসলামি সন্ত্রাসবাদের উত্থান, তা চিহ্নিত করে এই আদর্শ ও তাদের সন্ত্রাসী কার্যক্রমকে পরাজিত করতে প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিশ্রুতিবদ্ধ।

     

  • টাঙ্গাইলের ধর্ষকের প্রকাশ্যে শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল

    টাঙ্গাইলের ধর্ষকের প্রকাশ্যে শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল

    ধর্ষণরোধ ও ধর্ষকের প্রকাশ্যে শাস্তির দাবিতে টাঙ্গাইলের ভূঞাপুরে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে উপজেলা খেলাফত যুব মজলিশ। সোমবার (১৭ মার্চ) দুপুরে ভূঞাপুর পৌর শহরের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।

    পরে মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ গেটে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।

    এ সময় বাংলাদেশ খেলাফত মজলিশ টাঙ্গাইল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ যায়েদ হাবিব, জেলা মজলিসে আমেলা সদস্য মুফতি ইমরান হোসাইন, জেলা যুব মজলিসের বায়তুল মাল সম্পাদক মোন্নাফ আলী, উপজেলা খেলাফত যুব মজলিসের সভাপতি মুফতি সোলায়মান হোসাইন, সাধারণ সম্পাদক মুফতি আবু ইউসুফ প্রমুখসহ অন্যান্য নেতৃত্বরা বক্তব্য রাখেন।

    বক্তারা বলেন, ধর্ষণ আজ সমাজের জন্য মারাত্মক ব্যাধি হিসেবে আবির্ভূত হয়েছে। একের পর এক ঘটনা ঘটছে, কিন্তু অপরাধীরা শাস্তির আওতায় আসছে না। ধর্ষকদের প্রকাশ্যে সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার দুঃসাহস না দেখায়।

  • জুলাই আন্দোলনে হামলায় ঢাবির ১২৮ শিক্ষার্থী বহিষ্কার

    জুলাই আন্দোলনে হামলায় ঢাবির ১২৮ শিক্ষার্থী বহিষ্কার

    জুলাই অভ্যুত্থানের সময় ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আন্দোলনকারীদের ওপর হামলায় জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১২৮ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সোমাবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে আরটিভিকে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী প্রক্টর মোহাম্মদ মাহবুব কায়সার।

    তিনি বলেন, ১২৮ জনকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. তাজমেরী এস ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি করা হয়েছে। পরবর্তীতে তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে জড়িতদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

    এর আগে, গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের কাছে তদন্ত প্রতিবেদন হস্তান্তর করেন অনুসন্ধান কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল ইসলাম।

    প্রতিবেদনে অনেক সাবেক শিক্ষার্থীর বিরুদ্ধেও হামলা জড়িত থাকার বিষয়টি উঠে এসেছে। অপরাধের মাত্রা বিবেচনায় তাদের একাডেমিক সনদ বাতিলের সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে।