Blog

  • জনগনের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে আফরোজা খানম রিতা !

    জনগনের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে আফরোজা খানম রিতা !

    জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের মধ্য দিয়ে একটি এলাকার উন্নয়ন দৃশ্যমান হয়—আর সেই ধারাবাহিকতায় এগিয়ে চলছে সাটুরিয়া উপজেলার সাম্প্রতিক উন্নয়ন কার্যক্রম।

    বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আফরোজা খানম রিতা নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলো ধীরে ধীরে বাস্তবে রূপ নিতে শুরু করেছে।

    দীর্ঘদিন ধরে সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের রাজৈর এলাকায় ধলেশ্বরী নদীর ওপর একটি সেতুর দাবি ছিল স্থানীয় জনগণের। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি এবং মানুষের দৈনন্দিন যাতায়াত সহজ করতে অবশেষে সেই স্বপ্নের সেতুর নির্মাণকাজ শুরু হয়েছে। এতে এলাকাবাসীর মাঝে ব্যাপক উৎসাহ ও আশাবাদ তৈরি হয়েছে।

    এছাড়া, নির্বাচনী ইশতেহারে উল্লেখিত নারীদের জন্য ‘ফ্যামেলি কার্ড’ বিতরণ কার্যক্রম ও বাস্তবায়নের পথে। ইতোমধ্যে সাটুরিয়া সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডে একটি উঠান বৈঠকের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়েছে। এই মাধ্যমে নারীদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের জীবনমান উন্নয়নের একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

    অন্যদিকে, তরুণ সমাজকে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে খেলাধুলার মানোন্নয়নও জোর দেওয়া হচ্ছে। সেই লক্ষ্যে মানিকগঞ্জ জেলায় একটি বিশ্বমানের স্টেডিয়াম নির্মাণের জন্য আবেদন করা হয়েছে। এটি বাস্তবায়িত হলে জেলার ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে এবং জাতীয় পর্যায়ে প্রতিভা বিকাশের সুযোগ বাড়বে।

    সব মিলিয়ে, অবকাঠামো উন্নয়ন, সামাজিক নিরাপত্তা এবং ক্রীড়া খাতের উন্নয়নের মাধ্যমে একটি সমন্বিত উন্নয়নের চিত্র ফুটে উঠছে, যা জনগণের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

  • সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনিত চুড়ান্ত তালিকা

    সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনিত চুড়ান্ত তালিকা

    ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী তালিকা চুড়ান্ত তালিকা প্রকাশ করেছে বিএনপি।
    সোমবার দুপুরে এই প্রার্থী তালিকা ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
    মনোনয়নপ্রাপ্তরা হলেন- সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।
  • ১১ দলীয় জোট হতে সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন পেলেন যারা

    ১১ দলীয় জোট হতে সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন পেলেন যারা

    ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে। এতে স্থান পেয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম।

    সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় ১১ দলীয় ঐক্যে জোটের পক্ষ থেকে তালিকা চূড়ান্ত করা হয়েছে। এ বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছেন জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দিকা।

    চূড়ান্ত তালিকা অনুযায়ী সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামী থেকে ৮ মনোনয়ন পেয়েছেন।

    তারা হলেন: কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা, সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক সাবিকুন নাহার মুন্নী, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক মারদিয়া মমতাজ, নাজমুন নাহার নীলু, সিলেটের মাহফুজা সিদ্দিকা, বগুড়ার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাজেদা সামাদ, খুলনা মহানগরীর সেক্রেটারি সামসুন নাহার।

    এনসিপি থেকে ২ মনোনয়ন পেয়েছেন। তারা হলেন: কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা মিতু, জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন।

    এছাড়া জাগপার চেয়ারম্যান তাসমিয়া প্রধান ও খেলাফত মজলিসের মাহবুবা হাকিম মনোনয়ন পেয়েছেন।

    এ বিষয়ে জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দিকা সংবাদমাধ্যমকে জানান, এই মনোনয়নের বিষয়ে চূড়ান্ত আলোচনা ও পরবর্তী করণীয় ঠিক করতে মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে জোটের সব প্রতিনিধিরা এক বিশেষ বৈঠকে বসবেন। সেখানে বিস্তারিত কর্মপরিকল্পনা জানানো হবে।

  • আবার হামলা হলে বিশ্বযুদ্ধ হবে: ইরান

    আবার হামলা হলে বিশ্বযুদ্ধ হবে: ইরান

    ইরানের ঊর্ধ্বতন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ-রেজা নাগদি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হামলা আবার শুরু হলে তা বিশ্বব্যাপী যুদ্ধে রূপ নেবে। শনিবার (১৮ এপ্রিল) প্রেস টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

    নাগদি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র আবার হামলা শুরু করলে ইরান চলতি মাসে তৈরি করা ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা থামাতে পারবে না।

    তিনি হুশিয়ারি দিয়ে বলেন, “যুদ্ধ আবার শুরু হলে, এবার তা বিশ্বব্যাপী রূপ নেবে।” ইরানের এই সেনা কর্মকর্তা জানান, ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ভুল হিসাব করেছিল।

    ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হয়। এই সংঘাত নিরসনে পাকিস্তান তেহরান ও ওয়াশিংটনের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে। ৮ এপ্রিল ইরান ও যুক্তরাষ্ট্র দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করে।

  • শ্রমিক নেতা নাজমুল হোসেন সাজনের নতুন পথ চলা !

    শ্রমিক নেতা নাজমুল হোসেন সাজনের নতুন পথ চলা !

    মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোলড়া গ্রামের কৃতি সন্তান এবং শ্রমিক আন্দোলনের পরিচিত মুখ মো. নাজমুল হোসেন সাজন দীর্ঘদিনের শ্রমিক রাজনীতির পাঠ চুকিয়ে এখন পুরোপুরি মনোনিবেশ করছেন সামাজিক উন্নয়নে।

    গত ১৫ এপ্রিল তিনি ব্যক্তিগত ও পেশাগত উন্নয়নের লক্ষ্যে ‘বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি’ সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় সকল পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন। ​মাত্র ৩০ বছর বয়সেই সাজন সংগঠনটির কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক এবং ধামরাই-মানিকগঞ্জ শাখার সভা-প্রধান হিসেবে দায়িত্ব পালন করে নিজের সাংগঠনিক দক্ষতার প্রমাণ দিয়েছেন। নীতিগত ও আদর্শিক অবস্থানের কারণে তিনি এই পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। ​

    নাজমুল হোসেন সাজন কেবল শ্রমিক নেতা হিসেবেই নন,বরং স্থানীয় অবকাঠামো উন্নয়নেও এক সাহসী কণ্ঠস্বর। গোলড়া গ্রামের অবহেলিত রাস্তার উন্নয়নের দাবিতে তিনি ছিলেন রাজপথের অগ্রসেনানি। ​২৯ জানুয়ারি ২০২৫ ইং তাঁর নেতৃত্বে ঢাকা-আরিচা মহাসড়কে টানা ৬ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালিত হয়।

    ​২৩ এপ্রিল ২০২৫ ইং মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বড় ধরনের আন্দোলনে নেতৃত্ব দেন তিনি, যা এলাকার রাস্তা সংস্কারে নিয়ামক ভূমিকা পালন করে। ​ধামরাই ও মানিকগঞ্জের শিল্পাঞ্চলে শ্রমিকদের ন্যায্য মজুরি এবং ১৮ দফা দাবি আদায়ে সাজন ছিলেন রাজপথের অবিচল যোদ্ধা।

    অন্তর্বর্তীকালীন সরকারের সময় শ্রম সংস্কার আন্দোলন থেকে শুরু করে সেই সংস্কার কে অধ্যাদেশ ও পরবর্তীতে স্থায়ী আইনে রূপান্তরের দাবিতে তাঁর ভূমিকা ছিল অগ্রগণ্য। মালিক ও শ্রমিক পক্ষের মধ্যে বহু জটিল সংকটে সমঝোতা করিয়ে শিল্পাঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ​

    শ্রমিক রাজনীতির আনুষ্ঠানিক দায়িত্ব ছাড়লেও জনসেবা ছাড়ছেন না তিনি। বর্তমানে সাজন ‘’একতা ও প্রগতি কল্যাণ সমাজ’’ নামক একটি সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এই সংগঠনের মাধ্যমে তিনি এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন এবং জনসচেতনতা বৃদ্ধিতে নতুন উদ্যমে কাজ শুরু করেছেন। ​

    নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মো. নাজমুল হোসেন সাজন বলেন, শ্রমিকদের অধিকার রক্ষার লড়াই আমার জীবনের শ্রেষ্ঠ অভিজ্ঞতা। তবে এখন আমি আমার নিজ এলাকার সাধারণ মানুষের জন্য আরও বৃহৎ পরিসরে কাজ করতে চাই। ”একতা ও প্রগতি কল্যাণ সমাজ” সেই লক্ষ্যেই এগিয়ে যাবে।

  • মানিকগঞ্জে শিশু আতিকা হত্যা মামলার প্রধান আসামি নাঈম গ্রেপ্তার

    মানিকগঞ্জে শিশু আতিকা হত্যা মামলার প্রধান আসামি নাঈম গ্রেপ্তার

    মানিকগঞ্জে শিশু আতিকা হত্যা মামলার প্রধান আসামি নাঈমকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। এ ঘটনায় ৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন শিশুটির মা। আজ শনিবার সকাল ১০টার দিকে তাকে ঢাকার নবাবগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে।

    গ্রেপ্তার নাঈম হোসেন সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপারিল গ্রামে গণপিটুনিতে নিহত পান্নু মিয়ার ছেলে।

    মানিকগঞ্জের পুলিশ সুপার সরওয়ার আলম জানান, সকালে অভিযান চালিয়ে নাঈমকে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলার অন্যান্য আসামিরা হলেন- নাঈমের বাবা পান্নু মিয়া, তার চাচা ফজলু, ভাই নাজমুল ও অজ্ঞাত একজন।

    এদের মধ্যে গতকাল গণপিটুনিতে নিহত হয়েছেন পান্নু ও ফজলু। আহত অবস্থায় ঢাকায় ভর্তি আছেন নাজমুল।

    উল্লেখ্য, বৃহস্পতিবার বনপারিল গ্রামের একটি বিয়ের অনুষ্ঠান থেকে নিখোঁজ হয় ৭ বছর বয়সী আতিকা। শুক্রবার তার মরদেহ পাওয়া যায় বাড়ি কাছের একটি ভুট্টা খেতে। এ ঘটনায় গ্রামবাসী আতিকা হত্যার সাথে জড়িত সন্দেহে স্থানীয়দের গণপিটুনিতে নাঈমের বাবা ও চাচা নিহত হন। ঘটনার পর থেকে পলাতক ছিল নাঈম।

  • হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে উন্মুক্ত-আব্বাস আরাকচি

    হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে উন্মুক্ত-আব্বাস আরাকচি

    যুদ্ধবিরতির বাকি সময় পর্যন্ত বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে উন্মুক্ত থাকবে বলে ঘোষনা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই ঘোষণা দিয়েছেন। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি ঘনিষ্ঠ বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

    এর আগে শুক্রবার (১৭ এপ্রিল) নিজের এক্স অ্যাকাউন্টে দেওয়া পোস্টে আব্বাস আরাকচি বলেন, লেবাননে যুদ্ধবিরতির প্রেক্ষাপটে হরমুজ প্রণালির মধ্য দিয়ে সব বাণিজ্যিক জাহাজকে নির্ধারিত সমন্বিত রুটে চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে।

    তিনি আরও জানান, এই সিদ্ধান্ত ইরানের বন্দর ও সামুদ্রিক সংস্থার সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে নেওয়া হয়েছে এবং আপাতত যুদ্ধবিরতির সময় পর্যন্ত এটি কার্যকর থাকবে।

    উল্লেখ্য, হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ, তাই এই ঘোষণা আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বৈশ্বিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

     

  • দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ জ্বালানি মজুত রয়েছে !

    দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ জ্বালানি মজুত রয়েছে !

    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, দেশে এপ্রিল ও মে মাসের জন্য পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে। একই সঙ্গে জুন মাসের জ্বালানি সংগ্রহে কাজ করছে সরকার।

    শুক্রবার (১৭ এপ্রিল) সকালে চট্টগ্রামের পতেঙ্গায় ইস্টার্ন রিফাইনারি পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি।

    প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ জ্বালানি মজুত রয়েছে। পাশাপাশি বিভিন্ন উৎস থেকে জ্বালানি সংগ্রহের প্রচেষ্টা চালানো হচ্ছে। ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন কার্যক্রম বন্ধ থাকায় পরিশোধিত জ্বালানি আমদানির ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

    লোডশেডিং প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে বর্তমানে শিল্প ও কৃষি খাতকে অগ্রাধিকার দিয়ে বিদ্যুৎ ব্যবস্থাপনা করা হচ্ছে। এ কারণে গৃহস্থালি খাতে তুলনামূলকভাবে কম বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। তবে মে মাসে ফসল উত্তোলন শুরু হলে পুনরায় গৃহস্থালি খাতকে অগ্রাধিকার দেওয়া হবে।

  • জাতীয় ঐক্যের বিকল্প নেই-প্রধানমন্ত্রী

    জাতীয় ঐক্যের বিকল্প নেই-প্রধানমন্ত্রী

    একটি সমৃদ্ধ ও শক্তিশালী রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্যের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক বা মতাদর্শিক বিরোধ থাকলেও তা যেন কখনো ব্যক্তিগত বা রাষ্ট্রীয় শত্রুতায় রূপ না হয়।

    বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর এক অনুষ্ঠানে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘স্বাধীনতা পদক ২০২৬’ প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ গুণীজনদের হাতে স্বাধীনতা পদক তুলে দেন।

    পদকপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, “আপনাদের এই অনন্য সাধারণ অবদান বাংলাদেশকে আরও সমৃদ্ধ করবে। এই সাফল্য শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।”

    প্রধানমন্ত্রী বর্তমান সরকারের প্রধান লক্ষ্যগুলোও তুলে ধরেন। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি নিয়ন্ত্রণ এবং কর্মসংস্থান সৃষ্টি সরকারের অগ্রাধিকার। পাশা-পাশি শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও কর্মমুখী করতে ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

    নারীর সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “নারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।”

    এছাড়া বৈশ্বিক অর্থনৈতিক সংকটের প্রভাব নিয়ে তিনি জানান, আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধি পেলেও বিপুল ভর্তুকির মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে। এ সংকট মোকাবিলায় তিনি দেশবাসীকে অপ্রয়োজনীয় ব্যয় পরিহার করার আহ্বান জানান।

  • মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র রমজান আলী আটক !

    মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র রমজান আলী আটক !

    দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা বিশেষ দুই মামলায় মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি রমজান আলীকে আটক করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

    বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসান তার জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।

    আদালত সূত্রে জানা যায়, ২০০৭ সালের মে মাসে তৎকালীন জেলা দুদকের সহকারী পরিচালক মো. আব্দুল মাজেদ পৌরসভার প্রায় ৩ লাখ ২৫ হাজার ৩৩০ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক মেয়র রমজান আলী ও মেসার্স মহুয়া কনস্ট্রাকশনের আমিরুল ইসলাম মট্টুর বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে ২০০৯ সালে মামলাগুলো বিশেষ মামলায় অন্তর্ভুক্ত করা হয়।

    মামলার কার্যক্রম চলাকালে তিনি দীর্ঘদিন উচ্চ আদালত থেকে জামিনে থাকলেও জামিনের মেয়াদ শেষ হওয়ার পর আত্মগোপনে চলে যান। পরবর্তীতে দীর্ঘদিন আদালতে হাজিরা না দেওয়ায় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

    এর মধ্যে  তিনি বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

    এ বিষয়ে দুদকের পাবলিক প্রসিকিউটর দেওয়ান মো. মিজানুর রহমান জানান, তার জামিনের মেয়াদ শেষ হওয়ার পর তিনি আত্মগোপনে ছিলেন। এ অবস্থায় চলতি বছরের ১ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

    দীর্ঘদিন পলাতক থাকার পর গতকাল আদালতে আত্মসমর্পণ করলেও আইনের বিধান অনুযায়ী তার জামিন আবেদন নামঞ্জুর করে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

    আসামি পক্ষের আইনজীবী এটিএম শাহজাহান বলেন, তার বিরুদ্ধে অভিযোগ ষড়যন্ত্রমূলক, উদ্দেশ্যপ্রণোদিত ও রাজনৈতিক প্রতিপক্ষতাকে ঘায়েল করার জন্য এই মামলা দায়ের করা হয়েছে। আজকে জামিন নামঞ্জুর হলেও বিশেষ বিবেচনায় এই আদালত থেকে জামিন মঞ্জুর করবে আমরা এই আশাবাদ রাখছি।