Blog

  • মানিকগঞ্জে মাদক কারবারিসহ গ্রেপ্তার-৩

    মানিকগঞ্জে মাদক কারবারিসহ গ্রেপ্তার-৩

    মানিকগঞ্জের সাটুরিয়ায় মাদকদ্রব্য ও ওয়ারেন্টের তালিম বিশেষ অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি ও এক ওয়ারেন্টের প্রাপ্ত আসামিসহ ৩ আসামীকে গ্রেফতার করেছে সাটুরিয়া থানা পুলিশ।

    শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার বিভিন্ন অভিযান চালিয়ে ভান্ডারীপাড়া এলাকায় রুবেল হোসেনের বারড়ীর নামকস্থান থেকে পুলিশের এক বিশেষ অভিযানে তাদের মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে।

    আটককৃতরা হলেন উপজেলার পশ্চিম কাউন্নারা গ্রামের মো: ইনাম আলীর ছেলে জহিরুল ইসলাম (২৩), একই গ্রামের আব্দুল খালেক মিয়ার ছেলে রাকিব হোসেন (২১)ও ওয়ারেন্টের প্রাপ্ত আসামী মো: সাকিল হোসেন।

    সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। তারা দীর্ঘদিন ধরে ঢাকা,মানিকগঞ্জ এবং আশেপাশের এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।

  • আলমের টাকা শুধু হাসিনা খান না- ব্যারিস্টার ফুয়াদ

    আলমের টাকা শুধু হাসিনা খান না- ব্যারিস্টার ফুয়াদ

    আমার বাংলাদেশ পার্টির (এবি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, এস আলমের টাকা শুধু হাসিনা খান না। বাংলাদেশের বিভিন্ন দলের অনেক নেতাকর্মী সেই টাকায় ব্যবসা করছেন, ভোগ-বিলাসে মেতেছেন, এমনকি তাদের সন্তানদের দেশ-বিদেশে পড়ালেখা করাচ্ছেন।

    শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে মানিকগঞ্জ মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভ প্রাঙ্গণে দায় ও দরদের ভিত্তিতে বাংলাদেশ ২.০ গড়ার প্রত্যয়ে জুলাই গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    তিনি বলেন, কারা কারা এই দেশে বিভিন্ন ব্যানারে ঘাপটি মেরে বসে থেকে আগামী দিনে আওয়ামী লীগকে ও এস আলমের টাকায় জাতীয় পার্টির মাধ্যমে নির্বাচনে ফিরিয়ে আনতে চায়। তারা বাংলাদেশের মানুষ না,তারা দিল্লির গোলাম।

    ওরা যে ব্যানারে আসুক কিংবা যে দল থেকে আসুক, তারা গণঅভ্যুত্থানের শত্রু, ১৪৫৭ জন শহিদের রক্তের গাদ্দার। তাদেরকে কোনোভাবেই আগামী দিনের রাজনীতিতে নির্বাচন করার সুযোগ দেওয়া হবে না।

    আসাদুজ্জামান ফুয়াদ আরো বলেন, বিএনপি বলেছে তারা উচ্চকক্ষ ও নিম্নকক্ষ চায়। আমরা বলেছি, আমরা এককক্ষ বিশিষ্ট সংসদ চাই। ৫৩ বছরে একটি সংসদই কার্যকর করতে পারেনি রাষ্ট্র, সেখানে দুটি সংসদ কার্যকর হবে-এটা অবাস্তব। বরং এটি চাঁদাবাজি ও পুনর্বাসনের কক্ষে পরিণত হবে। তারপরও যদি সবাই একমত হয়, আমরা দুই কক্ষ মেনে নেব। তবে আমাদের প্রস্তাব হলো-মিশ্র পদ্ধতি।

    সমাবেশে সভাপতিত্ব করেন মানিকগঞ্জ জেলা শাখার প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম জনি।

  • রাতে জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

    রাতে জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

    জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সাধারণ বিতর্কে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

    অধ্যাপক ইউনূস বাংলাদেশ সময় শুক্রবার রাত ৯টা থেকে ১টার মধ্যে এ ভাষণ দেবেন। নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে দেওয়া ভাষণটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি, বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতার। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এসব তথ্য জানিয়েছেন।

    জাতিসংঘ সাধারণ অধিবেশনের সাধারণ বিতর্কে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানেরা বৈশ্বিক নানা বিষয় নিয়ে বক্তব্য দেন। বাংলাদেশের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার এ ভাষণ আন্তর্জাতিক মহলে বিশেষ গুরুত্ব বহন করবে বলে মনে করা হচ্ছে।

  • সাটুরিয়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    সাটুরিয়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় জুলাই সনদের ভিত্তিতে সংসদ নির্বাচন, পিআর পদ্ধতি ও অন্যান্য (৫দফা) দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাটুরিয়া উপজেলা শাখা।

    আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় মিছিলটি সাটুরিয়া সৈয়দ কালুশাহ্ ডিগ্রি কলেজের সামনে থেকে শুরু হয়ে বাজার প্রদক্ষিণ করে প্রায় ৩ কিলোমিটার হেঁটে ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ির সামনে শেষ হয়।

    সমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মানিকগঞ্জ-৩ আসনের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মোঃ দেলোয়ার হোসেন।

    তিনি বলেন, “আগামী ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন হওয়া উচিত। এ সময় তিনি ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে দাড়িপাল্লা মার্কায় ভোট ও সকলের দোয়া কামনা করেন।”

    এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা আমীর মাওলানা মোঃ কামরুল ইসলাম, সাটুরিয়া উপজেলা আমীর আবু সাঈদ এবং জেলা ও উপজেলা পর্যায়ের শত শত নেতাকর্মী।

     

  • জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন রানি মুখার্জি

    জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন রানি মুখার্জি

    প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন রানি মুখার্জি। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান তিনি।

    মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিল্লির বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত হয় ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান। এদিন রানি মুখার্জির হাতে পুরস্কার তুলে দেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

    এদিকে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরা অভিনেতা হিসেবে প্রথমবারের মতো পুরস্কার পেয়েছেন শাহরুখ খান। তার সঙ্গে সঙ্গে যুগ্মভাবে সেরা অভিনেতার পুরস্কার পান বিক্রান্ত ম্যাসে।

    প্রসঙ্গত, এই মঞ্চেই দাদাসাহেব ফালকে সম্মানে সম্মানিত হলেন দক্ষিণী মেগাস্টার মোহনলাল। সেরা হিন্দি সিনেমার পুরস্কার পেয়েছে ‘কাঁঠাল : আ জ্যাকফ্রুট মিসট্রি’।

  • স্কুলশিক্ষককে হাতুড়িপেটা, বিএনপির ৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

    স্কুলশিক্ষককে হাতুড়িপেটা, বিএনপির ৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

    পিরোজপুরের সদর উপজেলায় এক স্কুলশিক্ষককে হাতুড়িপেটা করে পা ভেঙে দেওয়ার অভিযোগে উঠেছে বিএনপির ৮ নেতাকর্মীর বিরুদ্ধে। এই অভিযোগ পিরোজপুর সদর থানায় মামলা হয়েছে।

    আহত স্কুলশিক্ষক বিপুল মৈত্র উপজেলার জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এ ঘটনায় বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে মামলা করেছেন।

    পিরোজপুর সদর থানা পুলিশ মামলার আসামি পিরোজপুর জেলা বিএনপির সাবেক স্বনির্ভর বিষয়ক সম্পাদক সরদার কামরুজ্জামান চানকে গ্রেপ্তার করেছে। মামলার অন্য আসামিরা হলেন, উপজেলা বিএনপি সভাপতি জিয়াউল ইসলাম, বিএনপি নেতা আকমল হোসেন, ছাত্রদল নেতা শেখ মেহেদী হাসান মৃদুল, সেজান সরদার, শেখ হাসিব, শেখ রনি ও স্বেচ্ছাসেবক দলের আব্দুর রহিম মোল্লা।

    পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ‘‘একজন শিক্ষককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার ঘটনায় পিরোজপুর সদর থানায় ৮ বিএনপি নেতাকর্মীর নামে মামলা হয়েছে। এই ঘটনায় শিকদার মল্লিক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান চানকে গ্রেপ্তার করা হয়েছে।’’

    স্থানীয় একাধিক বিএনপি নেতা জানান, নবগঠিত পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির দুই গ্রুপের কোন্দলের জের ধরে স্কুলশিক্ষক বিপুল মৈত্রকে পিটিয়ে আহত করা হয়েছে।

    তিনি জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এলিজা জামানের সমর্থক। সদর উপজেলা বিএনপি সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার কামরুজ্জামান চানের সমর্থকেরা এ হামলা করেছেন।

  • নিখোঁজের ৫ দিন পর বৈষম্যবিরোধী নেতা মামুন উদ্ধার

    নিখোঁজের ৫ দিন পর বৈষম্যবিরোধী নেতা মামুন উদ্ধার

    জুলাই আন্দোলনের সক্রিয় কর্মী ও তুরাগ থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক মাওলানা মামুনুর রশীদের সন্ধান পাওয়া গেছে। নিখোঁজের ৫ দিন পর শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় পূর্বাচলের এক নম্বর সেক্টরের মসজিদ থেকে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে তুরাগ থানা পুলিশ।

    বিষয়টি নিশ্চিত করে তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম গণ-মাধ্যমকে জানান, খবর পেয়ে পুলিশ মামুনুর রশীদকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন। তার পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে তিনি তাবলীগ জামাতে ছিলেন।

    তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সাদিক রহমান গণমাধ্যমকে বলেন, “খবর পেয়ে পূর্বাচল জামে মসজিদ থেকে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করি। এরপর চিকিৎসার জন্য তাকে কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হয়। তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

    গত বুধবার রাতে উত্তরা এলাকায় সংবাদ সম্মেলন করে এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তি মামুনের নিখোঁজ হওয়ার বিষয়টি জানায়। সংগঠনটির নেতারা জানান, গত ২২ সেপ্টেম্বর সকালে পাঞ্জাবি-পায়জামা পরে বাসা থেকে বের হয়েছিলেন মামুন। এরপর থেকে তার কোনো খোঁজ মেলেনি।

    এ ঘটনায় স্থানীয় থানায় সাধারণ ডায়েরি করা হয়। পাশাপাশি র‌্যাব, পিবিআই, কাউন্টার টেরোরিজম ইউনিট ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়। মামুনকে উদ্ধারের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটামও দিয়েছিলেন যুবশক্তির নেতারা।

  • নিউইয়র্কে বিশ্বনেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

    নিউইয়র্কে বিশ্বনেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

    প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বিশ্বনেতাদের সঙ্গে একাধিক উচ্চপর্যায়ের বৈঠক করেছেন।

    নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিশ্বনেতাদের সঙ্গে একাধিক উচ্চপর্যায়ের বৈঠক করেছেন।

    তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক, চিলির সাবেক প্রেসিডেন্ট এবং উরুগুয়ের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। প্রধান উপদেষ্টার উপ প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

    জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগদানের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূস সংক্ষিপ্ত বৈঠকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার, আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশি প্রবাসী সম্প্রদায়ের ক্রমবর্ধমান উপস্থিতি নিয়ে আলোচনা হয়।

    অধ্যাপক ইউনূস জানান, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে বাংলাদেশের ইতিহাসে অন্যতম স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা উপস্থিত থাকবেন।

    অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ তার নির্বাচনী এলাকায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির অবদান উল্লেখ করে প্রশংসা করেন। তিনি ভাষা শহীদ দিবস উপলক্ষে কয়েক বছর আগে এক অনুষ্ঠানে অংশগ্রহণের স্মৃতিচারণ করেন।

    পরে অধ্যাপক মুহাম্মদ ইউনূস নেদারল্যান্ডসের রানি ও জাতিসংঘ মহাসচিবের ইনক্লুসিভ ফাইন্যান্স ফর ডেভেলপমেন্টবিষয়ক বিশেষ দূত হার ম্যাজেস্টি কুইন ম্যাক্সিমার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বিশেষ করে বৈশ্বিক দক্ষিণাঞ্চলে স্বাস্থ্য বীমা সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

    তারা আর্থিক খাতে জীবন ও স্বাস্থ্যবীমা, দীর্ঘমেয়াদী সঞ্চয় এবং পেনশন স্কিমসহ বিভিন্ন উদ্ভাবন নিয়ে আলোচনা করেন এবং আর্থিক অন্তর্ভুক্তির গুরুত্ব তুলে ধরেন। প্রফেসর ইউনূস মাতৃস্বাস্থ্যের জন্য বিশেষভাবে উপযোগী ঋণসুবিধা ও ডিজিটাল স্বাস্থ্য পরীক্ষা চালুর প্রস্তাব দেন, যা গ্রামীণ নারীদের শীর্ষস্থানীয় চিকিৎসকদের সঙ্গে যুক্ত করতে পারে এবং অসংখ্য প্রাণ বাঁচাতে সক্ষম হবে।

    বৈঠকে অধ্যাপক ইউনূস বৈশ্বিক ওষুধ শিল্পের পুনর্গঠনের আহ্বান জানান এবং আরও ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে সামাজিক ব্যবসার মাধ্যমে পরিচালিত হওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, ‘সামাজিক ব্যবসার মাধ্যমে উৎপাদিত ভ্যাকসিন সর্বদা সাশ্রয়ী থাকবে।’

    অধ্যাপক মুহাম্মদ ইউনূস রানি ম্যাক্সিমাকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এ সময় নেদারল্যান্ডসের ক্রাউন প্রিন্সেস ক্যাথারিনা-আমালিয়াও উপস্থিত ছিলেন।

    ড. মুহাম্মদ ইউনূস বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. টেড্রোস আধানোম গেব্রেইয়েসুসের সঙ্গেও বৈঠক করেন। বৈঠকে উভয় পক্ষের অগ্রাধিকারভিত্তিক বিভিন্ন স্বাস্থ্য ইস্যু ও সাম্প্রতিক বৈশ্বিক স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

    দিনের শেষভাগে মুখ্য উপদেষ্টা দুটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেন—একটি ‘ফ্যাশন ফর ডেভেলপমেন্ট’ এবং অপরটি সামাজিক উদ্ভাবনের মাধ্যমে সরকারি ও বেসরকারি খাতের সহযোগিতা বৃদ্ধিকে কেন্দ্র করে।

  • মানিকগঞ্জে দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্ম-হত্যা

    মানিকগঞ্জে দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্ম-হত্যা

    মানিকগঞ্জে দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার ঘটনা ঘটেছে। দম্পত্য কলহের কারণে এমনটি ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

    জানাগেছে, শাহিন আহমেদ ও শেখা আক্তার দম্পতির দুজনেরই দ্বিতীয় বিয়ে। স্ত্রী ও সন্তানদের ঠিকমতো ভরণপোষণ করতেন না স্বামী শাহিন আহমেদ। এ নিয়ে দাম্পত্য ও পারিবারিক কলহ ছিল তাঁদের মধ্যে।

    সর্বশেষ গত সোমবার দিনের বেলায় স্ত্রী শেখা আক্তারের সঙ্গে মুঠোফোনে কথা হয় মালয়েশিয়া প্রবাসী শাহিনের। মুঠোফোনে তাঁদের মধ্যে ঝগড়া হয়। এ নিয়ে ক্ষোভ ও অভিমানে দুই শিশুসন্তানকে বিষাক্ত কিছু খাইয়ে হত্যার পর শেখা আত্মহত্যা করেন।

    আজ বুধবার দুপুরে শেখা আক্তারের বাবা শেখ ছামাদ কান্নাজড়িত কণ্ঠে মুঠোফোনে এ কথাগুলো বলেন। এর আগে গতকাল মঙ্গলবার মানিকগঞ্জ পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন বলেন, পারিবারিক ও দাম্পত্য কলহের জের ধরে সন্তানদের বিষাক্ত পদার্থ খাইয়ে হত্যার পর ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে।

    এদিকে দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আজ সকালে শেখা আক্তারের বাবা শেখ ছামাদ বাদী হয়ে মামলাটি করেন।

    মামলার এজাহার ও সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, প্রায় আট বছর আগে প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয় মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া গ্রামের শেখ ছামাদের ছোট মেয়ে শেখা আক্তারের (৩০)। এর পর থেকে এক বছর বয়সী এক ছেলেসন্তান নিয়ে বাবার বাড়িতে বসবাস করছিলেন তিনি।

    প্রায় তিন বছর আগে পারিবারিকভাবে হরিরামপুর উপজেলার আন্ধারমানিক এলাকার শাহিন আহমেদের (৪০) সঙ্গে শেখার আবার বিয়ে হয়। পরে শাহিন ও শেখা দম্পতির সংসারে মেয়ে সাইফা ইসলামের জন্ম হয়। প্রায় দুই মাস আগে দুই সন্তানকে নিয়ে জেলা শহরের পশ্চিম বান্দুটিয়া এলাকায় দ্বিতল ভবনের একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে শাহিন ও শেখা দম্পতি থাকতেন।

    ফ্ল্যাটে ওঠার প্রায় দুই সপ্তাহ পর মালয়েশিয়ায় চলে যান শাহিন। গত সোমবার রাত ১০টার দিকে বাসার মালিকের ছেলে ওই ফ্ল্যাটের বিদ্যুৎ বিলের কাগজ দেওয়ার জন্য দরজায় গিয়ে ডাকাডাকি করে ভেতর থেকে সাড়াশব্দ পাননি। গতকাল মঙ্গলবার সকালে আবার দরজায় গিয়ে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করেন বাসার মালিক।

    পরে দুপুরে ওই ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ঢোকে পুলিশ। এ সময় ফ্ল্যাটের একটি কক্ষের মেঝেতে দুই শিশুসন্তান ও খাটের ওপর তাদের মা শেখা আক্তারের লাশ পড়ে থাকতে দেখে তারা। পরে লাশগুলো উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।

    আজ দুপুরে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তিনজনের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ।

    তিনি বলেন, দাম্পত্য কলহ ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ক্ষোভ ও অভিমানে দুই সন্তানকে অ্যালুমিনিয়াম ফসফেট খাইয়ে ওই নারী আত্মহত্যা করেছেন বলেন প্রাথমিক তদন্তে জানা গেছে। মৃত নারীর বাবা এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা করেছেন।

  • চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে র‌্যাব- বিজিবির যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

    চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে র‌্যাব- বিজিবির যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে র‍্যাব- বিজিবির যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার করে।

    বুধবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, মহানন্দা ব্যাটালিয়নের অধীনস্থ শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ১৮২ হতে আনুমানিক ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে উক্ত যৌথ অভিযানে টহলদল মালিকবিহীন ১টি বিদেশী পিস্তল, ৬ রাউন্ড গুলি ২টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

    উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও ম্যাগাজিন জিডি করে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযানে র‍্যাবের পক্ষে নেতৃত্ব দেন সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ কোম্পানী কমান্ডার লে. সাঈদ মাহমুদ সাদান (বিএন) ও বিজিবি এর পক্ষে নেতৃত্ব দেন আজমতপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ শাহীনুর রহমান।

    এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধ অস্ত্র ও গোলাবারুদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে, অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।