Blog

  • শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনের  নির্দেশ মাউশির

    শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনের নির্দেশ মাউশির

    দেশের সব সরকারি-বেসরকারি স্কুল ও কলেজকে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান’ দিবস ও ১৬ জুলাই ‘জুলাই শহীদ’ দিবস উদযাপনে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

    বৃহস্পতিবার (৩ জুলাই) অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. খালিদ হোসেনের সই করা এক অফিস আদেশ জারি করে মাউশি।

    এ সংক্রান্ত চিঠি সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে চিঠিতে বলা হয়েছে, সরকার প্রতিবছর ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস (সাধারণ ছুটিসহ) হিসেবে ঘোষণা করেছে এবং উক্ত তারিখ জুলাই গণঅভ্যুত্থান দিবস হিসেবে পালনে জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ১নং সূত্রোক্ত পরিপত্রের ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

    সরকার প্রতিবছর ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণা করেছে এবং উক্ত তারিখ জুলাই শহীদ দিবস হিসেবে পালনে জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ১নং পরিপত্রের ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

    অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ সম্প্রতি ঘোষিত ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ পালন না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।।

    এর আগে অন্তর্বর্তী সরকার গঠনের দিন ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণা করছিল। পরে বিভিন্ন পক্ষ থেকে আপত্তি ও প্রতিবাদের মুখে সিদ্ধান্তটি বাতিল করে সরকার।

  • জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া  নির্বাচনে যাবে না এনসিপি: নাহিদ ইসলাম

    জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি: নাহিদ ইসলাম

    জুলাই সনদ বাস্তবায়ন না হলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচনে যাবে না বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, এ নির্বাচন সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না।

    ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র তৃতীয় দিনে বৃহস্পতিবার (৩ জুলাই) নীলফামারীতে এক পথসভায় তিনি এসব কথা বলেন। ‌এরআগে সৈয়দপুরে শহীদ সাজ্জাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে পদযাত্রার কর্মসূচি শুরু হয়।

    নাহিদ ইসলাম বলেন, ‌‘আওয়ামী সন্ত্রাসীরা এখনো অনলাইনে সরব। তারা ঘাপটি মেরে দেশেই রয়েছে। এ কারণে আমাদের ওপর হামলার ঘটনা ঘটছে। গতকালও এনসিপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। তাদের ধরে এনে বিচার নিশ্চিত করতে হবে। কারণ পরাজিত শক্তি নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে চলছে। তারই ধারাবাহিকতায় এমন অরাজক পরিস্থিতি বিরাজ করছে।’

    তিনি বলেন, ‘গণঅভ্যুত্থানের যোদ্ধাদের যদি নিরাপত্তা না থাকে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কে দেবে? সরকারও আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ।’

    পরাজিত শক্তির রেখে যাওয়া পুরোনো বন্দোবস্ত পরিবর্তন করা ছাড়া কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে না মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, যত দ্রুত এক্ষেত্রে সংস্কার হবে, তত তাড়াতাড়ি দেশ সঠিক পথে এগিয়ে যাবে। আমরা জুলাই পদযাত্রার মাধ্যমে যে সাড়া পাচ্ছি, তাতে জনগণের প্রত্যাশা বাস্তবায়ন করেই ছাড়বো।

    এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘নতুন বাংলাদেশ গড়তে হলে সংবিধান বদলাতে হবে। কারণ বর্তমান সংবিধান আওয়ামী সংবিধান। এটার পরিবর্তন ছাড়া ফ্যাসিবাদ নির্মূল হবে না। ফ্যাসিস্ট বিদায় হলেও ফ্যাসিবাদী তন্ত্র এখনো জেঁকে বসে আছে রাষ্ট্রযন্ত্রে।’

    তিনি বলেন, গত ফ্যাসিস্ট আমলে নীলফামারীর মানুষ উন্নয়নবঞ্চিত। এখানে অনেক সম্ভাবনা রয়েছে। কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে জেলার উন্নয়ন ঘটানো সম্ভব। এজন্য এনসিপির পক্ষে দলমত নির্বিশেষে সবার সমর্থন প্রত্যাশা করেন তিনি।

    একই পথসভায় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘দেশে আমরা আর চাঁদাবাজি দেখতে চাই না, দখলদারত্ব দেখতে চাই না। কোনো লুটপাট দেখতে চাই না। আমরা কোনো সরকারি অফিসে দাসত্বের মতো ব্যবহার দেখতে চাই না। টাকা ছাড়া কাজ হয় না, এমন কোনো সরকারি অফিসে দেখতে চাই না। সবার সহযোগিতা ও সমর্থন নিয়ে সুন্দর, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই।’

  • সাটুরিয়ায় নামে আগে ডাঃ লাগিয়ে রোগি দেখতেন প্রতারক মো. লুৎফর রহমান !

    সাটুরিয়ায় নামে আগে ডাঃ লাগিয়ে রোগি দেখতেন প্রতারক মো. লুৎফর রহমান !

    নামের আগে ডাক্তার উপাধি ও রোগীদের প্রেসক্রিপশন দেওয়া এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগে ফার্মাসিস্ট মো. লুৎফর রহমান নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ও তার ছেলে মো. গোলাপ (৪৫) হোসেনকে ১৪ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

    বুধবার (২ জুলাই) বিকাল ৫টার দিকে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম বাজারের এ রহমান ফার্মেসিতে অভিযান পরিচালনা করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ এ শাস্তি দেন।

    জানা যায়, মো. গোলাপ হোসেনকে মেডিক্যাল এবং ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৯ (২) ধারা মোতাবেক ১৪ দিনের কারাদণ্ড এবং তার বাবা লুৎফর রহমানকে (৭০) ঔষধ কসমেটিকস আইন ২০২৩ এর ৪০(খ ও গ) ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ ৫০ হাজার টাকা অথদণ্ড প্রদান করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন সুলতানা রিফাত ফেরদৌস, সহকারী পরিচালক, ঔষধ প্রশাসন মানিকগঞ্জ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মনিরুজ্জামান।

  • মানিকগঞ্জ-১ আসনের সাবেক এমপি দুর্জয় ৪ দিনের রিমান্ডে

    মানিকগঞ্জ-১ আসনের সাবেক এমপি দুর্জয় ৪ দিনের রিমান্ডে

    মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়ের চার দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

    বৃহস্পতিবার (৩ জুলাই) মানিকগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাদবীর ইয়াছির আহসান চৌধুরী এ আদেশ দেন।

    আদালতে দুর্জয়ের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

    অন্যদিকে দুর্জয়ের আইনজীবী তার জামিনের আবেদন করলে বিচারক তা নাকচ করে দেন।

    এর আগে, বুধবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর লালমাটিয়া এলাকার নিজ বাসভবন থেকে দুর্জয়কে গ্রেপ্তার করে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ দুপুরে তাকে কঠোর পুলিশি নিরাপত্তায় আদালতে হাজির করা হয়।

    বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ।

    তিনি বলেন, দুর্জয়ের বিরুদ্ধে বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

    প্রসঙ্গত, ২০২৩ সালের ৩ ডিসেম্বর মানিকগঞ্জ সদর থানায় (১৯০৮) সালের বিস্ফোরক উপাদানাবলী আইনের আওতায় মামলাটি দায়ের করেন মো. সাদিকুল ইসলাম রাব্বি। মামলায় আরো একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

    এদিকে, সকাল থেকেই আদালত চত্বরে বিএনপি নেতাকর্মীসহ বিক্ষুব্ধ জনতা দুর্জয়ের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ করে।

  • স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার হুমকি, আসামি গ্রেফতার

    স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার হুমকি, আসামি গ্রেফতার

    মানিকগঞ্জের সাটুরিয়ায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি মো. জাকির হোসেনকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার জাকির উপজেলার রাধানগর গ্রামের গাজীউর রহমানের ছেলে।

    থানা সূত্রে জানা গেছে, তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অভিযান চালিয়ে বুধবার ঢাকা জেলার ধামরাই থানাধীন বালিথা এলাকা থেকে আসামি জাকির হোসেনকে গ্রেফতার করা হয়।

    গত ২৪ জুন সাটুরিয়া থানায় মামলাটি দায়ের করেন ভুক্তভোগী স্কুলছাত্রীর মা। ভুক্তভোগী মেয়েটি স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তার বাবা একজন দিনমজুর।

    মেয়েটির মা অভিযোগে জানান, গত ১৭ জুন তাদের বাড়িতে খেলাধুলা করছিল মেয়েটি। এ সময় তার চাচাতো ভাই জাকির হোসেন নানা কৌশলে তাকে ঘরে ডেকে নেয়। পরে ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দেয়।

    ভয়ে মেয়ে চুপ থাকলেও পরবর্তীতে অসুস্থ হয়ে পড়লে রোববার (২২ জুন) সে পুরো ঘটনা পরিবারকে জানায়।

    এরপর মেয়েটিকে মুমূর্ষু অবস্থায় প্রথমে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয় এবং সেখানে তাকে ভর্তি করা হয়।

    সাটুরিয়া থানার ওসি শাহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা মামলাটি গুরুত্বসহকারে তদন্ত করছি। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আসামিকে দ্রুত শনাক্ত ও গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

  • সাটুরিয়ায় সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামীলগের ৭ নেতা গ্রেফতার

    সাটুরিয়ায় সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামীলগের ৭ নেতা গ্রেফতার

    মানিকগঞ্জের সাটুরিয়ায় আওয়ামী লীগের ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২ জুলাই) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তারকৃতরা হলেন, ফুকুরহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কায়সার আহমেদ (৫২), ধানকোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম মন্ডল (৫০), তিল্লী ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কেব্বত আলী (৬০), ফুকুরহাটি ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আফছার উদ্দিন (৬০), ধানকোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য বাদল কুমার সরকার (৫৫), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মো. শাহিনুর ইসলাম (৪০), ধানকোড়া ইউনিয়ন ছাত্রলীগের সদস্য শুভ (২২) কে গ্রেপ্তার করে সাটুরিয়া থানা পুলিশ। 

    থানা সূত্রে জানা যায়, সন্ত্রাসবিরোধী আইনে পুলিশের দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। মামলায় ১০ জনের নাম উল্লেখ করে ও ৬০/৭০ জন অজ্ঞাত আসামি করা হয়েছে।

    সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুল ইসলাম জানান, মামলায় তাদের সংশ্লিষ্টতা পাওয়ায় গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাদের আদালতে পাঠানো হয়।

  • মানিকগঞ্জে জুমার বয়ানে ‘মাদকের বিরুদ্ধে’ কথা বলায় ইমামকে মারধরের ঘটনায়, গ্রেপ্তার ২

    মানিকগঞ্জে জুমার বয়ানে ‘মাদকের বিরুদ্ধে’ কথা বলায় ইমামকে মারধরের ঘটনায়, গ্রেপ্তার ২

    মানিকগঞ্জের হরিরামপুরে জুম্মার দিন মাদকবিরোধী বক্তব্যের জেরে সুলতানপুর মধ্যপাড়া মসজিদের ইমামকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোববার (২৯ জুন) বিকেলে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    গ্রেপ্তাররা হলেন- সুলতানপুর গ্রামের বাসিন্দা মো. জুলহাস (২২) ও রায়হান (১৯)।

    সোমবার (৩০ জুন) দুজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মুমিন খান। এর আগে রোববার বিকেলে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

    জানা গেছে, ফরিদপুর জেলার বড় কামদিয়া এলাকার কবির শেখের ছেলে মুফতি মিরাজুল ইসলাম গত ৮ মাস আগে উপজেলার সুলতান পুর গ্রামের মধ্যপাড়া জামে মসজিদে ইমামতি শুরু করেন। মাঝে মধ্যে শুক্রবার জুমার নামাজে মাদকের ভয়াবহতা সম্পর্কে বয়ান করলে স্থানীয় কিছু মাদকসেবীদের রোষানলে পড়েন তিনি।

    এক পর্যায়ে মসজিদ কমিটি মুফতি মিরাজুল ইসলামকে চাকরি থেকে অব্যাহতির আবেদন করেন এবং মসজিদ কমিটি থেকে বিদায় নিয়ে জুমার নামাজ শেষে নিজ গ্রামের উদ্দেশ্যে রওনা দেন। বাড়ি যাওয়ার পথে জুলহাস ও রায়হান তাকে শারীরিকভাবে হেনস্তা করে।

    ইমাম মুফতি মিরাজুল ইসলাম জানান, মাঝে মাঝে শুক্রবার জুমার নামাজের বয়ানে মাদকের ভয়াবহতা ও কুফল ও ইসলামে মাদক ব্যবহারের শাস্তি বিষয়ে কথা বলায় কিছু স্থানীয় যুবক অনেকদিন আগে থেকেই আমার ওপর ক্ষিপ্ত।

    এ বিষয়টি মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. জুলমত খাঁ কে অবগত করেছিলাম। ইমামতির শেষ দিন গত শুক্রবার হামলাকারীরা আমার ওপর হামলা চালায়। এ সময় আমার কাছ থেকে পাঁচ হাজার টাকা নিয়ে যায়। বিষয়টি প্রথমে মানিকগঞ্জ সেনা ক্যাম্পে ও পরে হরিরামপুর থানায় লিখিতভাবে জানিয়েছি।

    মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. জুলমত খাঁ বলেন, গত ৮ মাস ধরে ইমাম সাহেব আমাদের মসজিদে ইমামতি করেছেন। ব্যাক্তিগত কারণে আমাদের মসজিদে চাকুরি ইস্তফা দিয়ে নিজের বাড়ি ফরিদ পুরের উদ্দেশে রওনা দেওয়ার পথে তার কাছ থেকে নগদ টাকা নিয়ে যাওয়া ও শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার ঘটনা শুনেছি।

    তবে জুমার নামাজের বয়ানে মাদকের বিরুদ্ধে কথা বলায় কেউ ক্ষিপ্ত সে বিষয়ে জানালে মসজিদ কমিটি ব্যবস্থা নিতো।

    হরিরামপুর থানার ওসি মুহাম্মদ মুমিন খান বলেন, এ ঘটনায় ইমামের পক্ষ থেকে লিখিত অভিযোগের সত্যতা পাওয়ায় রোববার মামলা রুজু করা হয়েছে। ওই মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের সোমবার আদালতে পাঠানো হয়েছে।

  • প্রকৃতির ডাকে সাড়া দিতে যাওয়া বিধবাকে গণধর্ষণ, গ্রেপ্তার ১

    প্রকৃতির ডাকে সাড়া দিতে যাওয়া বিধবাকে গণধর্ষণ, গ্রেপ্তার ১

    নোয়াখালীর সুবর্ণচরে প্রকৃতির ডাকে সাড়া দিতে যাওয়া এক বিধবাকে গণধর্ষণের অভিযোগে মো.সিরাজ উদ্দিনকে (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

    রবিবার (২৯ জুন) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু।

    গ্রেপ্তার সিরাজ সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরকাজী মোখলেছ এলাকার নবী মিয়ার ছেলে।

    র‍্যাব জানায়, ভিকটিম ও আসামিরা একে অন্যের প্রতিবেশী। নির্যাতিত নারীর স্বামী দুই বছর আগে মারা যান। এরপর থেকে তিনি তার ছেলে সন্তানসহ বাবার বাড়িতে বসবাস করে আসছেন।

    গত ১১ মে রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে আগে থেকে ওঁৎ পেতে থাকা আসামি সিরাজ ও ওসমান ভিকটিমের মুখ চেপে ধরে তাকে পাশের পুকুরপাড়ে নিয়ে যায়।

    সেখানে দুই হাত গামছা দিয়ে বেঁধে মুখ চেপে ধরে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণ শেষে আসামিরা তাকে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায়। পরে ভুক্তভোগী ঘরে ফিরে মাকে বিষয়টি অবহিত করেন।

    র‍্যাব-১১ এর সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু্ আরও বলেন, ঘটনার পর থেকে আসামিরা গ্রেপ্তার এড়াতে গা ঢাকা দেন।

    জিজ্ঞাসাবাদে প্রধান আসামি ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চরজব্বর থানায় হস্তান্তর করা হয়েছে।

  • এক সপ্তাহের মধ্যেই ইরানে হামলার আশঙ্কা!

    এক সপ্তাহের মধ্যেই ইরানে হামলার আশঙ্কা!

    ইরানের বিরুদ্ধে নতুন করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলা চালানো হতে পারে বলে সতর্ক করেছেন তেহরানের একজন শীর্ষ নিরাপত্তা বিশ্লেষক।

    তার মতে, আগামী এক সপ্তাহের মধ্যেই এই হামলা হতে পারে। রোববার (২৯ জুন) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের এক অনুষ্ঠানে তেহরান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান অনুষদের প্রধান ড. ইব্রাহিম মোত্তাকি এ আশঙ্কার কথা জানান।

    তিনি বলেন, “বর্তমান যুদ্ধবিরতি ইসরায়েল ও আমেরিকার সংঘবদ্ধ হওয়ার একটি সাময়িক প্রস্তুতিমূলক সময় মাত্র। তারা এই সময়টিকে সামরিক সক্ষমতা পুনর্গঠনের জন্য ব্যবহার করছে এবং শিগগিরই ধ্বংসাত্মক হামলা শুরু করবে।

    ”ড. মোত্তাকি জানান, যুদ্ধবিরতি ইরানি কর্তৃপক্ষের জন্য সতর্কতা হিসেবে বিবেচনা করা উচিত, কেননা এ যুদ্ধে পরবর্তী লক্ষ্যবস্তু হিসেবে ইরানি শীর্ষ নেতাদের টার্গেট করা হতে পারে।

    তিনি আরও বলেন, “আমাদের হাতে থাকা তথ্য বলছে—যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েল আগামী সপ্তাহখানেকের মধ্যেই ইরানের ওপর আবারও আকস্মিক ও উচ্চমাত্রার হামলা চালাতে পারে। এই যুদ্ধবিরতি আমেরিকা ও ইসরায়েলের জন্য শ্বাস নেওয়ার সুযোগ মাত্র।

    ১২ দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর গত ২৪ জুন ইরান-ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়। তবে দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করে আসছে। বিশ্লেষকদের মতে, এই বিরতি যেনো এক ধরনের ‘স্ট্র্যাটেজিক পজ’—যেখানে দুই পক্ষই যুদ্ধের পরবর্তী ধাপের জন্য প্রস্তুতি নিচ্ছে।

    গত সপ্তাহে ইরানের ফরদো ও নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় মার্কিন ও ইসরায়েলি বোমা হামলা আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। বিশেষজ্ঞরা বলছেন, ওই হামলার ফলেই নতুন করে উত্তেজনা চরমে পৌঁছেছে।

    বিশেষজ্ঞদের এই সতর্কতা ইঙ্গিত দিচ্ছে, মধ্যপ্রাচ্যে আবারও উচ্চমাত্রার সামরিক সংঘর্ষের ঝুঁকি দেখা দিয়েছে।

    যুদ্ধবিরতি সত্ত্বেও ইরানের আকাশ প্রতিরক্ষা জোরদার করা হচ্ছে এবং রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চল এসলামশাহরে সম্প্রতি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

  • নতুন রূপে ‘মা‘ নিয়ে পর্দায় সাড়া ফেললেন কাজল

    নতুন রূপে ‘মা‘ নিয়ে পর্দায় সাড়া ফেললেন কাজল

    অভিনয়ে খুব একটা সরব নন বলিউড অভিনেত্রী কাজল। গত কয়েক বছর ধরে একটি বা দুটো সিনেমায় অভিনয় করতে দেখা গেছে তাকে। ৮ মাস পর নতুন সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হয়েছেন অজয় ঘরণী।

    ২৭ জুন ভারতের দেড় হাজার পর্দায় মুক্তি পেয়েছে কাজল অভিনীত ‘মা’ সিনেমা। মিথলজিক্যাল হরর ঘরানার সিনেমাটি পরিচালনা করেছেন বিশাল ফুরিয়া।

    দর্শক-সমালোচকরা সিনেমাটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। ফিল্মি শিল্মি পাঁচের মধ্যে ৪ রেটিং দিয়েছে। তবে বলিউড হাঙ্গামা দিয়েছে ৩, ইন্ডিয়া টুডে ২.৫, ইন্ডিয়ান এক্সপ্রেস ২, এনডিটিভি ২ দিয়েছে।

    চলতি বছরে বলিউডের বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায় ‘মা’ রয়েছে ১১তম স্থানে।

    পৌরাণিক গল্প নিয়ে গড়ে উঠেছে এই ভৌতিক সিনেমার কাহিনি। অজয় দেবগনের সুপারহিট ‘শয়তান’ ইউনিভার্সের নতুন সিনেমা এটি। বক্স অফিসে রাজ করতে না পারলেও নতুন রূপে প্রশংসা কুড়াচ্ছেন কাজল।

    অজয় দেবগন, জ্যোতি দেশপান্ডে, কুমার প্রযোজিত ‘মা’ সিনেমা নির্মাণে ব্যয় হয়েছে ৬৫ কোটি রুপি। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— রনিত রায়, ইন্দ্রনীল সেনগুপ্ত, আর মাধবন ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন।