Category: আন্তর্জাতিক

  • সামরিক পদক্ষেপের দিকে এগোতে পারে ভারত !

    সামরিক পদক্ষেপের দিকে এগোতে পারে ভারত !

    স্বাধীনতার সাড়ে সাত দশক পেরিয়ে গেলেও ভারত পাকিস্তানের চিরবৈরী মনোভাব কাটেনি বিন্দুমাত্র। দোষারোপের রাজনীতি আর ষড়যন্ত্র তত্ত্ব থেকে যেন বের হতেই পারছেন না দেশ দুটির রাজনীতি-করাও। বিগত ২৫ বছরে যুদ্ধে জড়ায়নি, তবে তাদের মধ্যে যে খুব শান্তি বিরাজমান ছিল তাও বলা যায় না।

    লাইন অব কন্ট্রোল সবসময় তাদের কন্ট্রোলে থাকে না, উত্তেজনা লেগেই থাকে। তবে এবারের পরিস্থিতি একটু ঘোলাটে এবং বেশ উত্তপ্ত। পাকিস্তানের বিরুদ্ধে যেন আধা জল খেয়ে লেগেছেন মোদি। শেষমেশ পরিস্থিতি যুদ্ধ পর্যন্ত গড়ায় কি-না এ নিয়ে শঙ্কিত আন্তর্জাতিক বিশ্লেষকরা।

    শুক্রবার (২৫ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দের প্রতিবেদনে বলা হয়েছে, কাশ্মীরে হামলার পর ভারত যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছে। এর আগে, ভারতের পেহেলগামে হামলার ঘটনার পর পাকিস্তান ঘোষণা দেয়, তারা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাবে।

    এ নিয়ে করাচি উপকূলের কাছে নিজেদের ‘এক্সক্লুসিভ ইকোনমিক জোনে’ পরীক্ষার বিজ্ঞপ্তিও জারি করেছে ইসলামাবাদ। পাকিস্তানি নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ২৪-২৬ এপ্রিলের মধ্যে এই মিসাইল পরীক্ষা সম্পন্ন হবে।

    ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, পাকিস্তানের এই পদক্ষেপ ঘিরে ভারতের সংশ্লিষ্ট সংস্থাগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

    এদিকে পাল্টা প্রস্তুতির অংশ হিসেবে ভারতও সামরিক তৎপরতা জোরদার করেছে। গতকাল (বৃহস্পতিবার) মিসাইল ধ্বংসের সফল পরীক্ষা চালিয়েছে ভারতীয় নৌবাহিনী। নিজেদের প্রযুক্তিতে তৈরি আইএনএস সুরাত থেকে এক নিম্ন-উড্ডয়ন মিসাইল সফলভাবে ধ্বংস করা হয়। এক্সে দেওয়া এক পোস্টে ভারতীয় নৌবাহিনী বলেছে, এতে তাদের প্রতিরক্ষা সক্ষমতায় নতুন মাত্রা যোগ হয়েছে।

    সাম্প্রতিক উত্তেজনায় দু’দেশের কূটনৈতিক সম্পর্ক ইতোমধ্যে হিমশীতল হয়ে পড়েছে। একে অপরের কূটনীতিক বহিষ্কার করেছে দুই দেশ। বন্ধ হয়েছে আকাশসীমাও। এখন সামরিক শক্তি প্রদর্শনের পালা শুরু হয়েছে সমুদ্র ও আকাশপথে।

     

  • পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত

    পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত

    পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ২৭-২৮ এপ্রিল পূর্বনির্ধারিত বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে।

    বৃহস্পতিবার (২৪ এপ্রিল) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ২৭-২৮ এপ্রিল বাংলাদেশ সফর করতে পারছেন না।

    পাকিস্তান হাইকমিশন গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানিয়েছে। বার্তায় বলা হয়েছে, পারস্পরিক আলোচনার মাধ্যমে সফরের নতুন তারিখ চূড়ান্ত করা হবে।

  • ইয়েমেনে মার্কিন বিমান হামলায় নিহত ১২

    ইয়েমেনে মার্কিন বিমান হামলায় নিহত ১২

    ইয়েমেনের রাজধানী সানাতে মার্কিন বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জন। সোমবার (২১ এপ্রিল) ভোরে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার হামলার বিষয়ে মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি।

    কাতারভিত্তিক সংবাদমাধ্যমটির প্রতিবেদনে আরও বলা হয়েছে, আত্তান এলাকা, আসির এলাকার একটি স্যানিটেশন প্রকল্প, ফুরওয়াহ পাড়া এবং শোব জেলার একটি ব্যস্তবহুল বাজার লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। ২০১৪ সাল থেকে এলাকাগুলো বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে।

    গত সপ্তাহে ইয়েমেনের রাস ইসা জ্বালানি বন্দরে মার্কিন বিমান হামলায় কমপক্ষে ৭৪ জন নিহত এবং ১৭১ জন আহত হয়। পাল্টা জবাবে গত ১৮ এপ্রিল ইসরায়েলের প্রধান ও বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুতিরা।

    শুধু বেন গুরিয়ন বিমানবন্দরেই নয়; এদিন লোহিত সাগর ও আরব সাগরে টহলরত মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার জাহাজ লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুতি গোষ্ঠী।

    এছাড়া যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিতও করার দাবি করা হয়। হামলা চালানোর পর এক বিবৃতিতে হুতি গোষ্ঠীর মুখপাত্র ইয়াহইয়া সারি বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি হামলা অব্যাহত রাখে তাহলে পাল্টা হামলা, সংঘাত ও সংঘর্ষের পরিমাণও বাড়বে, কমবে না। ’

    গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনে নিপীড়িত ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশে ২০২৩ সালের নভেম্বর থেকে হুতিরা লোহিত ও আরব সাগর, বাব আল-মান্দাব প্রণালি এবং আদেন উপসাগর দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে।

    যে কারণে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্চের মাঝামাঝি সময়ে হুতি গোষ্ঠীর বিরুদ্ধে ‘শক্তিশালী সামরিক পদক্ষেপ’ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন এবং পরে তাদের সম্পূর্ণরূপে নির্মূল করার হুমকি দেন।

    তবে জানুয়ারিতে গাজায় ইসরায়েল এবং ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পর হামলা বন্ধ করে দেয় হুতিরা। কিন্তু গত মাসে যুদ্ধবিরতি চুক্তি না মেনে ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় ফের হত্যাযজ্ঞ শুরু করলে পুনরায় হামলা শুরু করে গোষ্ঠীটি।

     

  • আলোচনা ফলপ্রসূ হয়েছে-আমনা বালুচ

    আলোচনা ফলপ্রসূ হয়েছে-আমনা বালুচ

    বাংলাদেশের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। আজ বৃহস্পতিবার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শে‌ষে সাংবা‌দিক‌দের মুখোমু‌খি হয়ে তিনি এ কথা জানান।

    আমনা বালুচ বলেন, ঢাকায় এসে আমি খুশি। খাবার ভালো ছিল ও শপিং ভালো হয়েছে। আলোচনাও ফলপ্রসূ হয়েছে।

    এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ে আলোচনার প্ল্যাটফর্ম ফরেন অফিস কনসালটেশন বা এফওসি বৈঠকে ইসলামাবাদের নেতৃত্ব দেন বালুচ।

    অন্যদিকে, ঢাকার পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন। পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনা শে‌ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে উপদেষ্টার স‌ঙ্গে সাক্ষাৎ ক‌রেন বালুচ।

    বৈঠকের আলোচনার বিষয়ে এখনো কিছুই জানা না গেলেও পারস্পরিক বোঝাপড়া আর রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে উভয়পক্ষের জন্য বৈঠকটি তাৎপর্যপূর্ণ ছিল।

    কেননা, এক যুগের বেশি সময় পর দুই দেশের মধ্যে ৬ষ্ঠ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক এটি। ২০১০ সালে সর্বশেষ ইসলামাবাদে বৈঠকে বসেছিল দুই দেশের তৎকালীন পররাষ্ট্রসচিব।

    সূচি অনুযায়ী, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর আমনা বালুচ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে।

    প্রসঙ্গত, পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে অংশ নিতে বুধবার দুপুরের দিকে পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ ঢাকায় আসেন। এ সময় তাকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া অনুবিভাগ) ইশরাত জাহান।

  • যুক্তরাষ্ট্রে ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্ক বার্তা

    যুক্তরাষ্ট্রে ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্ক বার্তা

    ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্ক করে বিশেষ বার্তা দিয়েছে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস। ভিসা জালিয়াতি করলে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রের দরজা বন্ধ হয়ে যেতে পারে বলে কড়া বার্তা দেওয়া হয়েছে।

    রবিবার (১৩ এপ্রিল) ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই বার্তা দেওয়া হয়েছে।

    এতে বলা হয়েছে, ভিসা জালিয়াতির পরিণতি অত্যন্ত গুরুতর। মিথ্যা বলা বা ভুয়া নথিপত্র জমা দিলে যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনের আওতায় ভিসা স্থায়ীভাবে বাতিল হতে পারে।  এর অর্থ হচ্ছে, আপনি আর কখনো যুক্তরাষ্ট্রে যেতে পারবেন না।

  • নাসার সঙ্গে যুক্ত হওয়ায় বাংলাদেশকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র

    নাসার সঙ্গে যুক্ত হওয়ায় বাংলাদেশকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র

    যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) আর্টেমিস অ্যাকর্ডের সঙ্গে ৫৪তম দেশ হিসেবে যুক্ত হওয়ায় বাংলাদেশকে স্বাগত জানিয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বাংলাদেশকে স্বাগত জানিয়ে একটি বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র।

    ওই বিবৃতিতে বলা হয়, ২০২৫ সালের ৮ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত ‘ইনভেস্টমেন্ট সামিট’-এ বাংলাদেশ আর্টেমিস অ্যাকর্ডে স্বাক্ষরকারী ৫৪তম দেশ হিসেবে যোগ দিয়েছে। বাংলাদেশের পক্ষে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন আর্টেমিস অ্যাকর্ডে স্বাক্ষর করেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দি অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসন উপস্থিত ছিলেন।

    ‘মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ ৫০ বছরেরও বেশি সময় ধরে নিজেদের মধ্যে বিভিন্ন বিষয়ে অংশীদারত্ব বজায় রেখেছে এবং আমরা ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন ও আঞ্চলিক নিরাপত্তা জোরদারে আমাদের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা করছি। বাংলাদেশের আর্টেমিস অ্যাকর্ডে স্বাক্ষর এই ইঙ্গিত দেয় যে, দেশটি শান্তিপূর্ণ উদ্দেশ্যে মহাকাশ গবেষণা ও ব্যবহারের ক্ষেত্রে একটি ক্রমবর্ধমান বৈশ্বিক জোটের সঙ্গে যুক্ত হতে ইচ্ছুক।’

    বিবৃতিতে আরও বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র এবং আরও সাতটি দেশ ২০২০ সালে আর্টেমিস চুক্তি প্রতিষ্ঠা করে, যা দায়িত্বশীল মহাকাশ গবেষণা পরিচালনার জন্য ব্যবহারিক নীতির মানদণ্ড হিসেবে কাজ করে।

    বাংলাদেশ এখন যুক্তরাষ্ট্রসহ আরও ৫২টি দেশের সঙ্গে যেমন— অ্যাঙ্গোলা, আর্জেন্টিনা, আর্মেনিয়া, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বাহরাইন, বেলজিয়াম, ব্রাজিল, বুলগেরিয়া, কানাডা, চিলি, কলম্বিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, ডোমিনিকান প্রজাতন্ত্র, ইকুয়েডর, এস্তোনিয়া, ফ্রান্স, জার্মানি, গ্রিস, আইসল্যান্ড, ভারত, ইসরায়েল, ইতালি, জাপান, লিচেনস্টেইন, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মেক্সিকো, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, নাইজেরিয়া, পানামা, পেরু, পোল্যান্ড, দক্ষিণ কোরিয়া, রোমানিয়া, রুয়ান্ডা, সৌদি আরব, সিঙ্গাপুর, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, থাইল্যান্ড, ইউক্রেন, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য এবং উরুগুয়ে এই নীতিমালাগুলোকে সমর্থন জানাচ্ছে, যা টেকসই বেসামরিক মহাকাশ কার্যক্রম পরিচালনায় সহায়তা করে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ও নাসা যৌথভাবে অ্যাকর্ডের প্রচার ও বাস্তবায়ন কার্যক্রম পরিচালনা করে।

  • আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা রাজি না: ইরান

    আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা রাজি না: ইরান

    ইরান যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তার পারমাণবিক কর্মসূচি নিয়ে সরাসরি আলোচনা করার অথবা হামলার মুখে পড়ার দাবি প্রত্যাখ্যান করেছে, তবে ইরান প্রতিবেশী দেশগুলিকে হুঁশিয়ারি দিয়েছে যে, যদি তারা যুক্তরাষ্ট্রের হামলায় সহায়তা করে, তাহলে তারা হামলার লক্ষ্যবস্তু হতে পারে।

    ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে সরাসরি আলোচনা করার অথবা বোমা হামলা চালানোর ব্যাপারে মার্কিন দাবির বিরোধিতা করেছে। সেই সাথে মার্কিন ঘাঁটি স্থাপনকারী প্রতিবেশীদের সতর্ক করে বলেছে, কেউ এতে জড়িত থাকলে তারাও যুদ্ধের সীমানায় পড়তে পারে। রয়টার্সকে এমনটাই জানিয়েছেন ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।

    তিনি বলেছেন, ইরান সরাসরি আলোচনার চেয়ে ওমানের মাধ্যমে পরোক্ষ আলোচনা চালিয়ে যেতে চায়, যা দুই দেশের মধ্যে বার্তা পাঠা-নোর জন্য একটি পুরনো চ্যানেল। এই কর্মকর্তা আরও বলেন, ‘পরোক্ষ আলোচনার মাধ্যমে আমরা দেখতে পারব যুক্তরাষ্ট্র রাজনৈতিক সমাধান নিয়ে কতটা সিরিয়াস।’

    তিনি বলেন, যদিও সেই পথটি ‘কঠিন’ হতে পারে, তবে মার্কিন বার্তা যদি এটিকে সমর্থন করে তবে এই ধরনের আলোচনা শীঘ্রই শুরু হতে পারে।

    ইরান ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক এবং বাহরাইনকে সতর্ক করেছে যে, যদি তারা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলায় সহযোগিতা করে, যেমন তাদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেয়, তবে সেটি শত্রুতার কাজ হিসেবে গণ্য হবে।

    ওই কর্মকর্তা আরও বলেন, ‘এটি তাদের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনবে,’ এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই ইরানের সামরিক বাহিনীকে উচ্চ সতর্কতার মধ্যে রেখেছেন।

    বুধবার, ইরানি রাষ্ট্রীয় মিডিয়া জানায় যে, কুয়েত ইরানকে আশ্বস্ত করেছে যে, তারা তার মাটি থেকে অন্য দেশের বিরুদ্ধে কোনো আগ্রাসী পদক্ষেপ নিতে দেবে না।

    ইরান তার মিত্র দেশ রাশিয়ার কাছ থেকে আরও সমর্থন লাভের চেষ্টা করছে, তবে রাশিয়ার প্রতি ইরানের আস্থা তেমন দৃঢ় নয়, দ্বিতীয় এক ইরানি কর্মকর্তা জানান। সূত্র- রয়টার্স

  • বাংলাদেশকে দুই ভাগ করার হুমকি দিলেন বিজেপি নেতা নুমাল

    বাংলাদেশকে দুই ভাগ করার হুমকি দিলেন বিজেপি নেতা নুমাল

    ভারতের আসাম রাজ্যের বিধানসভার ডেপুটি স্পিকার ও প্রবীণ বিজেপি নেতা নুমাল মোমিন বাংলাদেশকে দুই ভাগ করার হুমকি দিয়েছেন। তিনি এক অংশে মুসলমানদের এবং অপর অংশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ও জৈন ধর্মের মানুষদের রাখার পরামর্শ দিয়েছেন। মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

    নুমাল মোমিন বলেছেন, আমি বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে মনে করিয়ে দিতে চাই যে, ভারত ১৯৭১ সালে একবার পাকিস্তানকে ভেঙে ফেলেছিল-পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান – (বর্তমানে পাকিস্তান ও বাংলাদেশ)। ভারত আবারো এই পাকিস্তান ও বাংলাদেশকে ভেঙে ফেলতে পারে।

    তিনি বলেন, আমার মতামত হলো বাংলাদেশকে দুই ভাগে ভাগ করা উচিত, এক ভাগে বাংলাদেশি মুসলিমদের থাকা উচিত এবং অন্য ভাগে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখদের বসবাস করা উচিত। তাই, মুহাম্মদ ইউনূসকে ভারতের বিরুদ্ধে মন্তব্য করার সময় খুব সতর্ক থাকা উচিত।

    আমরা চাই না যে, এর ফলে দ্বিপাক্ষিক সম্পর্ক বিঘ্নিত হোক। তবে আমাদের সতর্ক করা উচিত যে, উত্তর-পূর্ব অঞ্চলের বিরুদ্ধে তাদের খেলা উচিত নয়। তাদের উত্তর-পূর্বের মানুষদের বিরুদ্ধে খেলা উচিত নয়।

    কারণ এই উত্তর-পূর্ব আমাদের জাতির একটি অংশ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই উত্তর-পূর্ব অঞ্চলের উন্নয়নে বিশেষ আগ্রহ দেখাচ্ছেন। উত্তর-পূর্ব অঞ্চলের পক্ষ থেকে এটি একটি সতর্কীবার্তা যে, মুহাম্মদ ইউনূসকে এই ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত।

     

  • জুলাই কন্যাদের মার্কিন পুরস্কার, যা বলছে যুক্তরাষ্ট্র

    জুলাই কন্যাদের মার্কিন পুরস্কার, যা বলছে যুক্তরাষ্ট্র

    ট্যামি ব্রুস আরও বলেন, ২০০৭ সাল থেকে মার্কিন পররাষ্ট্র দপ্তর ৯০টিরও বেশি দেশের ২০০ জনেরও বেশি নারীকে আইডব্লিউওসি পুরস্কারে ভূষিত করেছে। তিনি বলেন, বিদেশে মার্কিন কূটনৈতিক মিশনগুলো তাদের নিজ নিজ অবস্থানের (হোস্ট) দেশ থেকে একজন সাহসী নারীকে মনোনীত করে এবং চূড়ান্ত প্রার্থীদের নির্বাচিত করে বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুমোদন করেন।

    মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, পুরস্কার প্রদান অনুষ্ঠানের পরে পুরস্কারপ্রাপ্তরা ওয়াশিংটন ডিসিতে আন্তর্জাতিক ভিজিটর লিডারশিপ প্রোগ্রাম এবং লস অ্যাঞ্জেলেসে অতিরিক্ত প্রোগ্রামিংয়ে অংশগ্রহণ করবেন। সেখানে তারা বিশ্বব্যাপী নারী ও মেয়েদের ক্ষমতায়নের জন্য তাদের কাজকে আরও এগিয়ে নেওয়ার কৌশল নিয়ে আমেরিকান নারীদের সাথে দেখা করবেন।

    প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের সম্মানজনক ম্যাডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড” পেয়েছেন জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া নারী শিক্ষার্থীরা। আন্তর্জাতিক নারী সাহসিকা (ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ বা আইডব্লিউওসি) পুরস্কারের পাশাপাশি এই পুরস্কার দেয় যুক্তরাষ্ট্র।

    গত শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এই পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। স্থানীয় সময় মঙ্গলবার (১ এপ্রিল) পররাষ্ট্র দপ্তরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আয়োজনে বিজয়ীদের এই পুরস্কার দেওয়া হবে।

    মর্যাদাপূর্ণ এই অ্যাওয়ার্ড পাওয়ায় জুলাই গণ-অভ্যুত্থানের নারী শিক্ষার্থীদের ইতোমধ্যেই অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

  • বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগে যুক্তরাষ্ট্র: তুলসী গ্যাবার্ড

    বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগে যুক্তরাষ্ট্র: তুলসী গ্যাবার্ড

    বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন ও সহিংসতা নিয়ে গভীর উদ্বেগে রয়েছে যুক্তরাষ্ট্র। তিনি বলেছেন, উদ্বেগের কেন্দ্রীয় বিষয় হিসেবে এটি ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ও বাংলাদেশ সরকারের আসন্ন আলোচনায় স্থান পাবে। সোমবার (১৭ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ওয়ার্ল্ডকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে একথা জানান সাক্ষাৎকারটি প্রচারিত হয়েছে।

    এনডিটিভির পক্ষ থেকে জানতে চাওয়া হয়, ভারতের পাশে বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তন ঘটেছে। সেখানে সহিংসতার অনেক ঘটনা ঘটেছে এবং সংখ্যালঘুদের ওপর একাধিক হামলার খবর পাওয়া গেছে। শুধু রাজনৈতিক স্থিতিশীলতা নয়, সর্বস্তরে স্থিতিশীলতার প্রয়োজনের দিক থেকে যুক্তরাষ্ট্র কি এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন?

    জবাবে তুলসী গ্যাবার্ড বলেন, ‘অবশ্যই, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের দীর্ঘকাল ধরে নির্যাতন, হত্যা ও নিপীড়ন যুক্তরাষ্ট্র সরকার এবং প্রেসিডেন্ট ট্রাম্প ও তাঁর প্রশাসনের জন্য বড় উদ্বেগের বিষয়।’

    তুলসী আরও বলেন, ডোনাল্ড ট্রাম্পের নতুন মন্ত্রিসভা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা শুরু করবে। এই আলোচনায় বিষয়টি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় উদ্বেগের বিষয় হিসেবে থাকবে।

    বাংলাদেশে ইসলামি চরমপন্থা ও সন্ত্রাসী গোষ্ঠীর উত্থানের কথা তুলে ধরে ভারতীয় বংশোদ্ভূত এই মার্কিন কর্মকর্তা বলেন, বিশ্বজুড়ে ‘ইসলামি সন্ত্রাসবাদ’ পরাজিত করতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ।

    ‘ইসলামি খিলাফতে’র আদর্শের প্রসঙ্গ টেনে সাক্ষাৎকারে তুলসী গ্যাবার্ড বলেন, বিশ্বজুড়ে চরমপন্থী ও সন্ত্রাসী গোষ্ঠীগুলো খিলাফতের মাধ্যমে ইসলামি শাসনের লক্ষ্যে কাজ করছে।

    এদের এই লক্ষ্য স্পষ্টতই অন্য যেকোনো ধর্মের মানুষকে প্রভাবিত করে। কারণ, এরা নিজেদের কাছে গ্রহণযোগ্য ধর্ম বা বিশ্বাস সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে অন্যদের ওপর বাস্তবায়ন করতে চায়।

    মার্কিন গোয়েন্দাপ্রধান বলেন, যে আদর্শ থেকে ইসলামি সন্ত্রাসবাদের উত্থান, তা চিহ্নিত করে এই আদর্শ ও তাদের সন্ত্রাসী কার্যক্রমকে পরাজিত করতে প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিশ্রুতিবদ্ধ।