Category: জাতীয়

  • বিস্তারিত ফজলুর রহমানের মন্তব্য একান্ত ব্যক্তিগত

    বিস্তারিত ফজলুর রহমানের মন্তব্য একান্ত ব্যক্তিগত

    সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) আ. ল. ম. ফজলুর রহমানের মন্তব্য তার একান্ত ব্যক্তিগত। এর সঙ্গে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই। আজ শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

    এতে বলা হয়, বাংলাদেশ সরকার স্পষ্ট করে বলতে চায় যে ফজলুর রহমানের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে করা সাম্প্রতিক মন্তব্যগুলো কেবল ব্যক্তিগতভাবে প্রকাশ করা হয়েছে। এই মন্তব্য বাংলাদেশ সরকারের অবস্থান বা নীতির প্রতিফলন ঘটায় না এবং তাই সরকার কোনোভাবেই এই ধরনের বক্তব্যকে সমর্থন করে না।

    একইসঙ্গে বাংলাদেশ সরকার সংশ্লিষ্ট সকলকে ফজলুর রহমানের ব্যক্তিগত মন্তব্যের সঙ্গে বাংলাদেশ সরকারকে যুক্ত করা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

    পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, বাংলাদেশ সকল জাতির সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা, পারস্পরিক শ্রদ্ধা এবং শান্তিপূর্ণ সহাবস্থানের নীতির প্রতি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

    উল্লেখ্য, পিলখানায় সংঘটিত বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে স্বাধীন তদন্ত কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন আ. ল. ম. ফজলুর রহমান।

  • আজ বিশ্ব শ্রমিক দিবস

    আজ বিশ্ব শ্রমিক দিবস

    শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন আজ। ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকরা কাজের সময়সীমা ৮ ঘণ্টা নির্ধারণ, কাজের উন্নত পরিবেশ, মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে ধর্মঘট আহ্বান করেন। দাবি আদায়ের জন্য পথে নেমে আসা। শ্রমিকদের অনেককে সেদিন জীবন বিসর্জন দিতে হয়েছিল। সেই আত্মত্যাগের স্মরণ এবং বঞ্চনা থেকে মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে বিশ্বব্যাপী প্রতি বছর এই দিনে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়। দিবসটিকে মে দিবস হিসেবেও অভিহিত করা হয়।

    বছর বছর মে দিবস পালন করা হলেও বাস্তবতা হলো, দেশের শ্রমিকদের অধিকার আজও অরক্ষিতই রয়ে গেছে। শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরির দাবি এখনো উপেক্ষিত, এখনো তাদের বিরাট অংশ মৌলিক মানবাধিকার থেকেও বঞ্চিত। কককককক

    এদিকে শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষে এ বছর কেবল ঈদুল ফিতর ঘিরে নয়। চব্বিশের গণ-অভ্যুত্থানের সময় থেকে পরবর্তী সময়েও নিয়মিত বিরতিতে দেখা মিলেছে শ্রম অসন্তোষের। বিভিন্ন কারখানার মালিক বিগত সরকার পতনের পর পালিয়েছেন দেশ থেকে। ফলে সেসব কারখানার শ্রমিকদের বেতন বকেয়া রয়ে গেছে। সেই সময়ও বেতন পরিশোধের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ করতে দেখা গেছে।

    বাংলাদেশে মে দিবস পালন তখনই সার্থক হবে, যখন শ্রমিকরা এ ধরনের শোষণ ও বঞ্চনা থেকে মুক্ত হতে পারবে। মালিকদের মনে রাখতে হবে, শ্রমিকদের ঠকিয়ে শিল্পের বিকাশ বা বাড়তি মুনাফা করা যাবে না। মনে রাখা প্রয়োজন, শ্রমিকের অংশগ্রহণ ছাড়া শিল্প টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে।

    তাই আন্তর্জাতিক শ্রমিক দিবসের গুরুত্ব ও তাৎপর্য অনুধাবন করে শ্রমজীবী মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ও মালিক শ্রেণীকে অনেক বেশি আন্তরিক হতে হবে। মে দিবস পৃথিবীতে বঞ্চনা ও শোষণ থেকে শ্রমজীবী মানুষের মুক্তির যে বার্তা নিয়ে এসেছে, তা বাস্তবায়ন হোক। শ্রমিক শ্রেণী তাদের মৌলিক অধিকারের সুরক্ষা পাক।

  • জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন

    জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন

    জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ, নিহতদের পরিবার ও আহতদের পুনর্বাসন এবং গণঅভ্যুত্থানের আদর্শকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন করেছে সরকার। আজ সোমবার অধিদপ্তর গঠন করে গেজেট প্রকাশ করেছে সরকার।

    এর আগে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

    এতে বলা হয়, গত ১২ ডিসেম্বর উপদেষ্টা পরিষদের সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠা করা হলো।

    এর আগে, সোমবার (৬ জানুয়ারি) বিকেলে রেল ভবনে এক সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর গঠন হচ্ছে বলে জানিয়েছিলেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম।

     

  • আগামী মে মাসে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

    আগামী মে মাসে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

    প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী মে মাসে জাপান সফরে যাচ্ছেন। সেখানে তিনি নিক্কেই ফোরামের সম্মেলনে যোগ দেবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, জাপানের টোকিওতে আগামী ২৯ থেকে ৩০ মে নিক্কেই ফোরামের সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

    নিক্কেই ফোরামের সম্মেলনে যোগ দিলেও প্রধান উপদেষ্টা জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এছাড়া সম্মেলনের সাইড লাইনে বিশ্বের অন্যান্য দেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

    এবারের নিক্কেই ফোরাম সম্মেলনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ছাড়াও লাওসের প্রেসিডেন্ট, পালাওয়ের প্রেসিডেন্ট, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী, সিঙ্গাপুরের উপ-প্রধানমন্ত্রী, ভিয়েতনামের উপ-প্রধানমন্ত্রী, মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির বিন মোহাম্মদ বক্তব্য দেবেন।

    নিক্কেই ফোরামের সম্মেলনে এবারের প্রতিপাদ্য বিষয় ফিউচার অব এশিয়া এই আন্তর্জাতিক সম্মেলনে বক্তারা এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের রাজনৈতিক, অর্থনৈতিক, আঞ্চলিক বিষয় ও বিশ্বে এশিয়ার ভূমিকা সম্পর্কে খোলামেলা এবং স্বাধীনভাবে তাদের মতামত উপস্থাপন করবেন।

    ১৯৯৫ সাল থেকে প্রতি বছর নিক্কেই ফোরাম আয়োজিত এই সম্মেলন কে এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশ্বিক ফোরাম হিসেবে বিবেচনা করা হয়। এই বছর নিক্কেই ফোরামের ৩০তম বার্ষিকী পূর্তি হচ্ছে।

     

  • ভারত-পাকিস্তান বিরোধে মধ্যস্থতা করতে চায় বাংলাদেশ

    ভারত-পাকিস্তান বিরোধে মধ্যস্থতা করতে চায় বাংলাদেশ

    কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের বিরোধ চরম আকার ধারণ করেছে। বাক যুদ্ধ পরিণত হয়েছে শক্তি প্রদর্শনের। এরই মধ্যে সীমান্তে গুলি বিনিময় করেছে দুই দেশ। এখানেই সীমাবদ্ধ থাকেনি দুই পরমাণু অস্ত্র সজ্জিত দেশ। তারা একে অপরকে চুক্তি বাতিলের কথাও শোনাচ্ছে।

    চলমান উত্তেজনা আলোচনার মাধ্যমে প্রশমনের পক্ষ নিয়েছে বাংলাদেশ সরকার। বিরোধপূর্ণ দেশ দুটি ভারত-পাকিস্তান চাইলেই মধ্যস্থতার ভূমিকা পালন করবে। তবে আগবাড়িয়ে কিছু করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

    আজ রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে এমন আভাস দেন তিনি। বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় শান্তি চায় মন্তব্য করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের অবস্থান স্পষ্ট। দুই দেশ চাইলে বাংলাদেশ মধ্যস্থতার ভূমিকা পালন করবে। আমরা জানি, বিভিন্ন ইস্যুতে দীর্ঘদিন ধরে ভারত-পাকিস্তানের মধ্যে সম্পর্ক ভালো না। তবে আমরা চাই না বড় কোনো সংঘাত সৃষ্টি হোক, যাতে এ অঞ্চলের মানুষের জন্য তা বিপদের কারণ হয়ে ওঠে।

    তৌহিদ হোসেন আরো বলেন, আমরা চাইবো, আপনারা নিজেরা নিজেরা সমস্যার সমাধান করুক। যদি আমাদের সহায়তা চান, আমরা মধ্যস্থতা রাজি আছি। কিন্তু তার আগে আমরা আগবাড়িয়ে কিছু করতে চাই না।

     

     

  • গরমে লোডশেডিং সহনীয় মাত্রায় থাকবে- ফাওজুল কবির খান

    গরমে লোডশেডিং সহনীয় মাত্রায় থাকবে- ফাওজুল কবির খান

    এবার গরমকালে লোডশেডিং সহনীয় মাত্রায় থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। একই সঙ্গে গ্রাম ও শহরের মধ্যে কোনো পার্থক্য থাকবে না বলেও জানান তিনি।

    শনিবার (২৬ এপ্রিল) দুপুরে বিদ্যুৎ ভবনের বিজয় হলে সেমিনার অন এনার্জি ক্রাইসিস: ওয়ে ফরওয়ার্ড শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, গরমকালে লোডশেডিং সহনীয় মাত্রায় রাখার চেষ্টা করব।তবে সম্পূর্ণরূপে লোডশেডিং ফ্রি হবে না। এটার জন্য যা করণীয় সেটাই করব। আমরা বাড়তি এলএনজি ও কয়লা আনার চেষ্টা করছি। জ্বালানি তেলের ব্যবহার সীমিত রাখা হবে।

    ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি) মো. শামীম জাহাঙ্গীরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান মো. রেজানুর রহমান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান মো. রেজাউল করিম।

    আলোচক ছিলেন ভোক্তা সংগঠন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা শামসুল আলম এবং সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম।

    সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জ্বালানি ও টেকসই উন্নয়ন বিষয়ে বিশেষজ্ঞ এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক অধ্যাপক ড. ইজাজ হোসেন।

  • আগে স্থানীয় সরকার নির্বাচনটা দিন- ডা. শফিকুর রহমান

    আগে স্থানীয় সরকার নির্বাচনটা দিন- ডা. শফিকুর রহমান

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাচন কমিশন নাকি ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন নাকি উপহার দেবে। আমরা তাদের এসিড টেস্ট দেখতে চাই। জনগণ এখন সাফার করছে স্থানীয় সরকারের বিভিন্ন জায়গায় প্রতিনিধি না থাকার কারণে। আগে স্থানীয় সরকার নির্বাচনটা দিন।

    আমরা দেখি, আপনাদের সদিচ্ছা এবং সক্ষমতা কতটুকু। যদি এতে জনগণ সন্তুষ্ট হয়, তাদের পরবর্তী খেদমতের জন্য আপনাদের পূর্ণ সমর্থন করবে। শুক্রবার (২৫ এপ্রিল) সকালে ময়মনসিংহ মহানগরীর সার্কিট হাউজ মাঠে জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

    জামায়াতের আমির বলেন, নারী অধিকার সংস্কারের নামে সম্প্রতি একটি রিপোর্ট জমা হয়েছে। সেই রিপোর্টের বেশকিছু জায়গায় কোরআন ও সুন্নার সম্পূর্ণ খেলাপকারী সুপারিশ জমা হয়েছে। যারা এই সুপারিশ করেছেন, তারা এ দেশের সাড়ে ৯ কোটি মায়ের প্রতিনিধিত্ব করেন না। তারা যে জায়গায় সমাজকে নিতে চান, সেটা হতে দেওয়া হবে না। প্রধান উপদেষ্টা দেশে ফিরলেই এটি বাতিলের জন্য আহ্বান জানানো হবে।

    তিনি বলেন, দ্রব্যমূল্য আবারও বাড়ছে। সরকার যেন সেদিকে নজর দেয়। যারা জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে গণহত্যা চালিয়েছে, তাদের কাউকে আইনের বাইরে রাখবেন না। তাদের বিচার নিশ্চিত করুন।

    ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা কামরুল আহসান এমরুলের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার ও জেলা সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দসহ অন্যরা।

     

  • আমরা পৃথিবীর জন্য আশার এক বাতিঘর হিসেবে দাঁড়াতে চাই : ড. ইউনূস

    আমরা পৃথিবীর জন্য আশার এক বাতিঘর হিসেবে দাঁড়াতে চাই : ড. ইউনূস

    প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বিশ্ববাসীর উদ্দেশে বলেছেন, আমরা পৃথিবীর জন্য আশার এক বাতিঘর হিসেবে দাঁড়াতে চাই। তিনি বলেছেন, বাংলাদেশ এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে, যেখানে একটি নতুন সামাজিক চুক্তি করার সুযোগ এসেছে।

    এটি এমন এক চুক্তি যেখানে রাষ্ট্র ও জনগণ, বিশেষ করে যুবসমাজ, অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা, ঐতিহ্য, ন্যায়বিচার, মর্যাদা এবং সুযোগের ভিত্তিতে একটি ভবিষ্যৎ একত্রে গড়ে উঠবে।

    মঙ্গলবার (২২ এপ্রিল) কাতারের দোহায় ম্যান্ডারিন ওরিয়েন্টাল হোটেলে আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় বিশ্ববাসীর প্রতি এই আশার বার্তা শোনান প্রধান উপদেষ্টা।

    ড. ইউনূস বলেন, আমাদের বন্ধু ও অংশীদারদের অন্তর্ভুক্তিমূলক সামাজিক চুক্তি পুনর্লিখনের জন্য, পাশাপাশি সামাজিক ব্যবসা, আর্থিক অন্তর্ভুক্তি এবং মাইক্রোফাইন্যান্সের ভূমিকা অন্বেষণ করতে আহ্বান জানাই, যা প্রান্তিক জনগণের জন্য টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক সুযোগ সৃষ্টিতে সহায়ক।

    তিনি বলেন, আমরা এমন এক সময় পার করছি, যেখানে বহুপাক্ষিকতা হুমকির মুখে, জলবায়ু পরিবর্তন দ্রুততর হচ্ছে, ভূ-রাজনৈতিক উত্তেজনা বাড়ছে এবং মানবিক সংকট গভীরতর হচ্ছে। নতুন নতুন নীতিমালা, প্রযুক্তি এবং শাসন পদ্ধতি আমাদের পৃথিবীকে দ্রুত রূপান্তরিত করছে, যা অতীতের অনেক অনুমানকে অচল করে দিচ্ছে। এখন আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতার পুনরুজ্জীবনের প্রয়োজন আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি, বিশ্ববাসীর প্রতি উদাত্ত আহ্বান রেখে ড. ইউনূস বলেন, আসুন আমরা সাহসী হই। একটি এমন পৃথিবী গড়ি, যেখানে কেউ এতটা দরিদ্র না হয় যে, সে স্বপ্ন দেখতে না পারে এবং কোনো স্বপ্ন এত বড় না হয় যে, তা অর্জন করা যায় না।”“ভবিষ্যৎ এমন কিছু নয়, যা আমরা উত্তরাধিকার হিসেবে পাই। এটি এমন কিছু, যা আমরা তৈরি করি।

    প্রধান উপদেষ্টা বলেন, সামনে যে চ্যালেঞ্জগুলো রয়েছে, তা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের উদ্ভাবন, সহমর্মিতা এবং সম্মিলিত কর্মকাণ্ডের সক্ষমতাও ব্যাপক।

    তিনি কাতার ফাউন্ডেশনের চেয়ারপারসন শেখ মোজা বিনতে নাসের এবং ভাইস চেয়ারপারসন ও সিইও শেখ হিন্দ বিনতে হামাদ আল থানিকে সময়োপযোগী ও চমৎকার এই শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য ধন্যবাদ জানান।

    দোহায় মঙ্গলবার শুরু হওয়া দুই দিনব্যাপী আর্থনা শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে আমাদের উত্তরাধিকার গড়ে তোলা: স্থায়ীত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান।

    এই শীর্ষ সম্মেলন এমন একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে, যেখানে ঐতিহ্যবাহী জ্ঞান ও উদ্ভাবনী পন্থাগুলো আধুনিক টেকসই উন্নয়নে কীভাবে অবদান রাখতে পারে, তা অনুসন্ধান করা হয়, যা একটি আরো সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে সহায়তা করবে।

     

  • কাতারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা

    কাতারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা

    চার দিনের সফরে কাতারের রাজধানীতে দোহাতে উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৭টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানে তিনি কাতারের উদ্দেশে যাত্রা করেন। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানিয়েছেন।

    কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির আমন্ত্রণে দেশটি তে অনুষ্ঠেয় আর্থনা সামিট-২০২৫ এ অংশগ্রহণের জন্য এ সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। সামিটে অংশ নেওয়ার পাশাপাশি কাতারের আমিরের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

    আবুল কালাম আজাদ মজুমদার জানান, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে রয়েছেন।

    এ ছাড়া দেশের ইতিহাসে প্রথমবারের মতো চারজন জাতীয় নারী ক্রীড়াবিদ প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন। এই চার ক্রীড়াবিদ হলেন- ফুটবলার আফিদা খন্দকার ও শাহেদা আখতার রিপা এবং ক্রিকেটার সুমাইয়া আখতার ও শারমিন সুলতানা।

    আগামী ২২ ও ২৩ এপ্রিল এই দুই দিনে সামিটে উপস্থাপনা, ইন্টার-অ্যাকটিভ প্যানেল আলোচনা, কর্মশালা ও গোলটেবিল বৈঠকের মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

     

     

  • একনেকে ২৪ হাজার ২৪৭ কোটি টাকার ১৪টি প্রকল্প অনুমোদন

    একনেকে ২৪ হাজার ২৪৭ কোটি টাকার ১৪টি প্রকল্প অনুমোদন

    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৪টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে আজ রবিবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

    বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ জানান, অনুমোদিত ১৪টি প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২৪ হাজার ২৪৭ কোটি টাকা।

    এরমধ্যে সরকারি অর্থায়ন ৩ হাজার ১ কোটি ৩৪ লাখ টাকা, প্রকল্প ঋণ ১৬ হাজার ৭১৯ কোটি ৭৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ৪ হাজার ৪২৬ কোটি ১৭ লাখ টাকা ব্যয় করা হবে।

    অনুমোদিত প্রকল্পগুলো হলো- চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল নির্মাণ, জরুরি ভিত্তিতে রোহিঙ্গা সংকট মোকাবিলায় মাল্টি-সেক্টর প্রকল্প, চট্টগ্রাম মহানগরীর পয়োনিষ্কাশন ব্যবস্থা স্থাপন প্রকল্প (১ম পর্যায়) এবং চট্টগ্রাম পানি সরবরাহ উন্নয়ন।

    এ ছাড়া গ্রিন রেলওয়ে পরিবহন প্রস্তুতিমূলক কারিগরি সহায়তা, তিতাস ও বাখরাবাদ ফিল্ডে ২টি গভীর অনুসন্ধান কূপ খনন, বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের খনন সক্ষমতা বৃদ্ধি ও শক্তিশালীকরণ প্রকল্প।

    এ ছাড়াও রয়েছে, বায়ু দূষণ পর্যবেক্ষণ যন্ত্রপাতি উন্নয়ন—বাংলাদেশ টেকসই পুনরুদ্ধার, জরুরি প্রস্তুতি ও প্রতিক্রিয়া প্রকল্প, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), বিএডিসি উন্নয়ন- বাংলাদেশ টেকসই পুনরুদ্ধার, জরুরি প্রস্তুতি ও প্রতিক্রিয়া প্রকল্প।

    পরিকল্পনা উপদেষ্টা বলেন, চট্টগ্রাম বন্দর আসলে সমুদ্রবন্দর নয়, এটি নদীবন্দর। অর্থনৈতিক উন্নয়নের জন্য সমুদ্রবন্দর দরকার। এজন্য বে টার্মিনালটির অবকাঠামো উন্নয়নে মেগা প্রকল্প নেওয়া হচ্ছে।