Category: ঢাকা বিভাগ

  • মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক

    মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক

    ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা। সোমবার (১১ আগস্ট) রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

    বৈঠকে অংশ নেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা এবং যুগ্ম সদস্যসচিব আলাউদ্দিন মোহাম্মদ।

    অন্যদিকে বৈঠকে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দূতাবাসের পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সিলর এরিক গিলান, পলিটিক্যাল অফিসার জেমস স্টুয়ার্ট ও পলিটিক্যাল স্পেশালিস্ট ফিরোজ আহমেদ অংশ নেন।

    এনসিপি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, আগামী জাতীয় নির্বাচন, গণঅভ্যুত্থান-পরবর্তী সংস্কার এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্র স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।

    বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংস্কারের রূপরেখা, আসন্ন জাতীয় নির্বাচন এবং জুলাই ঘোষণাপত্র নিয়ে মতবিনিময় হয়। এনসিপির জুলাই পদযাত্রায় দেশের প্রায় সবকটি জেলায় সর্বস্তরের জনগণের মধ্যে ব্যাপক সাড়া নিয়েও আলোচনা হয়৷

  • জনগণ প্রচলিত রাজনীতির পরিবর্তন চাইছে-তারেক রহমান

    জনগণ প্রচলিত রাজনীতির পরিবর্তন চাইছে-তারেক রহমান

    জনগণ প্রচলিত রাজনীতির পরিবর্তন চাইছে। আকাঙ্ক্ষা পূরণে প্রতিশ্রুতি নয়, জনগণ প্রতিশ্রুতি বাস্তবায়ন চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

    মঙ্গলবার (১২ আগস্ট) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ‘যুব সমাজের প্রত্যাশা ও বিএনপির পরিকল্পনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

    তারেক রহমান বলেন, “জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতিই বিএনপির আগামী দিনের নীতি হবে। ”তিনি আরে বলেন, “ক্ষমতায় গেলে বেকারদের জন্য কর্মসংস্থান করবে বিএনপি। পেপাল ও অন্যান্য আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে যেন দেশের মানুষ সহজে ব্যবহার করতে পারে তার জন্য কাজ করছে বিএনপি।”এ সময় যুবকদের কাছে ধানের শীষে ভোট চান তারেক রহমান।

    তারেক রহমান বলেন, “আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ দিন। ভোট দিলে ধানের শীষে, দেশ গড়ব মিলেমিশে।”

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “প্রতিহিংসা এড়িয়ে চললে দেশে সকল সম্ভাবনার দুয়ার উন্মোচন হবে। বিএনপি ক্ষমতায় এলে নতুন কুঁড়ি পুনরায় চালু করা হবে।”
    তিনি বলেন, “স্লোগান নির্ভর রাজনীতির দিন ফুরিয়ে এসেছে। শুধু প্রতিশ্রুতি নয় বিএনপি প্রতিশ্রুতি বাস্তবায়নে বিশ্বাস করে।”

    এছাড়া দেশের জনগণের শক্তি প্রতিষ্ঠায় সবার সমর্থন প্রত্যাশার কথা ব্যক্ত করেন তারেক রহমান।

  • ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না- নাসীরুদ্দীন পাটওয়ারী

    ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না- নাসীরুদ্দীন পাটওয়ারী

    জাতীয় নাগরিক পার্টির (এনসপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, “ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। সে সময় নির্বাচন হলে-যারা শহীদ হয়ে কবরে আছেন, তাদের জীবন ফিরিয়ে দিতে হবে। আর যে ভাইটি হাত হারিয়েছে, তার হাত ফিরিয়ে দিতে হবে।”

    মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে রাজধানীর খামার বাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে এনসিপির যুব উইং জাতীয় যুবশক্তির সম্মেলনে তিনি এসব কথা বলেন।

    পাটওয়ারী বলেন, “আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ছাড় পাবে না। জাতীয় পার্টি ফ্যাসিবাদ কে প্রতিষ্ঠা করতে চায়। দেশবিরোধী কিছু করতে হলে আমাদের লাশের ওপর দিয়ে করতে হবে।

    ”তিনি অভিযোগ করে বলেন, “বর্তমানে কিছু নেতা টাকার কাছে বিক্রি হচ্ছে। গণমাধ্যমের সম্পাদকরা দালালি করছেন। আগে ছিল হাসিনা মাধ্যম। এখন কী মাধ্যম তা বলার অপেক্ষা রাখে না।”

    এনসিপির এই নেতা বলেন, “সামনে কোনো আয়নাঘর করলে ডিজিএফআইয়ের হেডকোয়ার্টার ভেঙে ফেলব। দেশে দালাল ব্যবসায়ী তৈরি হয়েছে। শেখ হাসিনাকে ধরে এনে বিচার করতে হবে। জুলাই সনদ আমাদের সন্তানের জন্য ভালো হবে।”

  • মানিকগঞ্জে জমি নিয়ে বিরোধে বাবাকে পিটিয়ে হত্যা, মেয়ে গ্রেপ্তার

    মানিকগঞ্জে জমি নিয়ে বিরোধে বাবাকে পিটিয়ে হত্যা, মেয়ে গ্রেপ্তার

    মানিকগঞ্জের শিবালয় উপজেলায় পারিবারিক জমি নিয়ে বিরোধের জেরে মেয়ের লাঠির আঘাতে বাবার মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত মেয়েকে গ্রেপ্তার করেছে।

    পুলিশ জানায়, সোমবার (১১ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার চর রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ময়েন শেখ (৭০) দীর্ঘদিন ধরে প্যারালাইসিসে ভুগছিলেন। তার মেয়ে হাবেজা বেগম (৩০) বাবার কাছে পাবনা জেলার সুজানগর উপজেলায় অবস্থিত ১৬ শতাংশ জমি নিজের নামে লিখে দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন।

    প্রায় তিন বছর আগে ওই জমির মধ্যে ১২ শতাংশ কাগজপত্র জোরপূর্বক নিজের নামে করে নেওয়ার পরও বাবাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে।

    এদিন রাত সাড়ে ৭টার দিকে বাবার ঘরে প্রবেশ করে জমি ফেরত ও জাতীয় পরিচয়পত্র চাইতে গেলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে হাবেজা বেগমপূর্বপরিকল্পিতভাবে কাঠের চলা দিয়ে আঘাত করেন। আঘাতটি বাম কাঁধে লাগলেও ময়েন শেখ মাটিতে লুটিয়ে পড়েন এবং অল্প সময়ের মধ্যে মারা যান।

    খবর পেয়ে শিবালয় থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের ছেলে সাঈদুল ইসলাম বাদী হয়ে মঙ্গলবার সকালে শিবালয় থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

    শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, “মামলার একমাত্র আসামি হাবেজা বেগমকে গ্রেপ্তার করে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। তদন্তে জমি নিয়ে বিরোধ ও পারিবারিক দ্বন্দ্বের বিষয়গুলো যাচাই করা হচ্ছে।”

  • আসছে না ভোটের বিধান !

    আসছে না ভোটের বিধান !

    জাতীয় সংসদ নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথ বন্ধ করতে ‘না’ ভোটের বিধান চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া, ইসি চাইলে পুরো আসনের ফল বাতিল করতে পারবে।

    সোমবার (১১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে এসব সিদ্ধান্তের কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

    তিনি বলেছেন, “যদি কোনো আসনে একজন প্রার্থী থাকে, তাকে বিনা ভোটে নির্বাচিত ঘোষণা করা হবে না। কোনো আসনে যদি একজন প্রার্থী হয়, তাহলে তাকেও নির্বাচনে যেতে হবে। তার বিপক্ষ ‘না’ প্রতিদ্বন্দ্বিতা করবে। সেখানে যদি ‘না’ হেরে যায়, তাহলে আর ভোট হবে না। তখন ব্যক্তি প্রার্থী বিবেচিত হবে।”

    আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, “নির্বাচনের ফলাফল স্থগিত ও বাতিল নিয়ে যে বিধানগুলো ছিল, পুরো আসনের নির্বাচন বাতিল করার বা ফলাফল বাতিল করার যে সক্ষমতা সীমিত করা হয়েছিল, সেটা পুনঃস্থাপন করা হয়েছে।

    ইসি অবস্থা বুঝে এক বা একাধিক কেন্দ্র বা পুরো আসনের ফলাফল বাতিল করতে পারবে।” বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, গণমাধ্যমকর্মীরা ভোট গণনার সময় উপস্থিত থাকতে পারবেন। তবে, সেক্ষেত্রে গণনা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা সময় থাকতে হবে। মাঝপথে বের হয়ে যাওয়া যাবে না।

    জাতীয় নির্বাচনে এক আসনে দুইজন প্রার্থী সমান ভোট পেলে আগে লটারির মাধ্যমে নির্বাচন করার বিধান ছিল। কমিশন সেটা থেকে সরে এসেছে।

    সানাউল্লাহ বলেন, “আগে ব্যক্তি পর্যায়ে ১০ লাখ, প্রতিষ্ঠান পর্যায়ে ৫০ লাখ অনুদান নিতে পারত, এখন সেটাকে ৫০ লাখ করা হয়েছে। তবে, শর্ত দেওয়া হয়েছে, ব্যাংক অ্যঅকাউন্টের মাধ্যমে এই লেনদেন হতে হবে।

  • আমি ইউনুস-হাসিনা দ্বন্দ্বের বলির পাঠা-টিউলিপ সিদ্দিক

    আমি ইউনুস-হাসিনা দ্বন্দ্বের বলির পাঠা-টিউলিপ সিদ্দিক

    বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিক বলেছেন, ‘সত্যি কথা বলতে, আমি এ ইউনুস-হাসিনা দ্বন্দ্বের বলির পাঠা মাত্র। বাংলাদেশে অবশ্যই কিছু মানুষ ভুল কাজ করেছে ও তাদের শাস্তি পাওয়া উচিত। কিন্তু আমি তাদের কেউ নই।

    তিনি আরও বলেন, ‘আমি আমার খালার পক্ষে সাফাই গাইতে আসিনি। বাংলাদেশের জনগণ যেন প্রয়োজনীয় ন্যায়বিচার পায়, সেটাই চাই। ’

    ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে যুক্তরাজ্যের হ্যাম্পস্টেড ও হাইগেটের এমপি এবং সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক এসব কথা বলেন।

    তিনি দাবি করেছেন, বাংলাদেশের দুর্নীতি মামলায় তিনি ‘রাজনৈতিক দ্বন্দ্বের বলির পাঠা’। তিনি বলেন, এক সপ্তাহ আগে একজন সাংবাদিকের মাধ্যমে তিনি জানতে পারেন যে, বাংলাদেশে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে।

    বাংলাদেশি কর্তৃপক্ষের অভিযোগ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি হিসেবে প্রভাব খাটিয়ে টিউলিপ মায়ের, ভাইয়ের ও বোনের জন্য ঢাকার পূর্বাচলে একটি জমি নিশ্চিত করেছিলেন।

    তিনি এই অভিযোগকে ‘সম্পূর্ণ হাস্যকর’ বলে মন্তব্য করেন। তার ও আরও ২০ জনের বিরুদ্ধে বিচার শুরুর তারিখ নির্ধারিত হয়েছে ১১ আগস্ট। তিনি ব্যক্তিগতভাবে বা ভিডিও কনফারেন্সে হাজির হবেন কিনা- এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি।

    টিউলিপ সিদ্দিক জানান, তিনি ব্রিটিশ আইনজীবী হুগো কিথ কেসির পরামর্শ নিচ্ছেন। এখনো তিনি কোনো আনুষ্ঠানিক সমন পাননি।

  • সারাদেশে নাশকতার সৃষ্টির ভয়ংকর তথ্য দিল জাফরিন

    সারাদেশে নাশকতার সৃষ্টির ভয়ংকর তথ্য দিল জাফরিন

    গোয়েন্দা জিজ্ঞাসাবাদে আটক সুমাইয়া জাফরিন দায় স্বীকার করে বলেছে, আওয়ামী লীগ কর্মীদের গেরিলা সশস্ত্র প্রশিক্ষণ দিয়ে কে.পি.আই. (কী পয়েন্ট ইনস্টলেশন) প্রতিষ্ঠানে হামলাসহ ঢাকা ব্লকের পরিকল্পনা করেছিল।

    মেজর সাদিক জাফরিন প্রতিটি প্রশিক্ষণেই অংশ নেওয়ার কথা স্বীকার করেছে। তবে সকল প্রশিক্ষণ সমন্বয় করত সুশান্ত দাস গুপ্ত নামে একজন। জাফরিনকে জিজ্ঞাসাবাদে সারাদেশে নাশকতার ভয়ংকর তথ্য দিয়েছে।

    জাফরিন ODB-তে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করে। ODB-র কিছু সদস্যদের সে রেজিস্ট্রেশন করেছে, তবে সবার করেনি। তার স্বামী মেজর সাদেকুলের ODB-র সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে, তবে সাদেকুল সমন্বয়ক তা অস্বীকার করে।

    সে বলে “সুশান্ত দাস গুপ্ত” সবকিছু সমন্বয় করে এবং সবরকম নির্দেশনা দেয়। KB কনভিকশন হল, মিরপুর ডিওএইচএস, কাঁটাবন মোড়, সি সেল রিসোর্ট—তারা স্বামী-স্ত্রী উপস্থিত ছিল তা স্বীকার করেন।

    পূর্বে গ্রেফতারকৃত সোহেল রানা জবানবন্দিতে বলে, মেজর এবং তার স্ত্রী সমন্বয়ক ছিল। সোহেলের সাথে পরিচয় এবং তাদের বাসায় সোহেলের যাওয়া-আসা আছে, তা স্বীকার করে। সুশান্ত দাসের সাথে তার কথা হতো, মেজরের কথা অস্বীকার করে।

    ODB-র সাজ্জাদুল আনাম, শিমুল, সোহেল রানা, ইয়ামেন—সাথে তার কথা হয়, তার বাসায়ও যায়। সজীব ওয়াজেদ জয়ের কথা অস্বীকার করে। ট্রেনিং সেন্টারের কথা অস্বীকার করে। মেজরের হার্টের সমস্যার কারণে অসুস্থ অবস্থায় সিক লিভ নিয়ে ঢাকায় আসে এবং লিভ এক্সটেনশন করতে থাকে।

    জিজ্ঞাসাবাদে অংশ নেওয়া একজন গোয়েন্দা কর্মকর্তা জানান, মেজর সাদিক, তার স্ত্রী সুমাইয়া এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট গুলশান আরার কেসটাকে আমরা যতটা সহজ হিসেবে নিয়েছি, আদতে এটা অতটাও সহজ নয়। যথেষ্ট কমপ্লিকেটেড। তাদের পরিকল্পনার ব্যাপারে আমরা যতটুকু জেনেছি, আসল পরিকল্পনা তার চেয়েও ডেঞ্জারাস এবং ইফেক্টিভ।

    আওয়ামী লীগের কর্মীদের ট্রেনিং দেওয়ার ব্যাপারে মেজর সাদেকের নাম, পরিচয়, কর্মস্থলে অনুপস্থিতির কথা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে তাকে তো ঠিকই অ্যারেস্ট করা হয়, কিন্তু তার ওয়াইফ সুমাইয়াকে অ্যারেস্ট করার প্ল্যান কিন্তু ছিল না।

    সুমাইয়াকে যেদিন অ্যারেস্ট করা হয়, সেদিন কক্সবাজারে ১০ম পদাতিক ডিভিশন বা রামু ক্যান্টনমেন্টের একজন ব্রিগেডিয়ার জেনারেলসহ আর্মির তিন থেকে চারজন মেজর সাদেকের স্ত্রী সুমাইয়ার সাথে একটি রেস্টুরেন্টে সাক্ষাৎ করেন। তাদের মাঝে কথাবার্তা চলাকালীন সময়েই ডিসি-ডিবি (ডিভিশনাল ক্রাইম ডিটেকটিভ ব্যুরো) তার টিম নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন।

    ডিসি-ডিবি উপস্থিত ব্রিগেডিয়ার জেনারেলকে বলেন: “স্যার, উনাকে (সুমাইয়া) আমাদের কাছে দিতে হবে, আমাদের হাতে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে”; কিন্তু তিনি সুমাইয়াকে হ্যান্ডওভার করতে না চেয়ে বরং বলেন “তার সাথে আমাদের কিছু কথা আছে”।

    পরবর্তীতে ডিসি-ডিবি জোরাজুরি করলে তিনি আর্মি হেডকোয়ার্টার ডিপিএসকে (ডিরেক্টর পার্সোনাল সার্ভিসেস) কল করেন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বাছবিচার না করে সুমাইয়াকে ডিবির হাতে হ্যান্ডওভার করার জন্য এক্সেস দেন।

    সাদিক-সুমাইয়া-গুলশান আরার কেসটি বর্তমানে হ্যান্ডেল করছে জয়েন্ট ইন্টারোগেশন সেল/টিম। অর্থাৎ ডিজিএফআই, এনএসআই, এসবি, ডিবি—সমন্বয় করে কাজ করছে। এর আগে বহুদিন যাবত জয়েন্ট ইন্টারোগেশন সেল শুধুমাত্র ডিজিএফআইয়ের কন্ট্রোলে ছিল (ক্ষেত্রবিশেষে র‍্যাবেরও)।

    গোয়েন্দা সূত্র জানায়, সাদেক-সুমাইয়ারা যাদের ট্রেনিং করিয়েছেন, এরা মূলত বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আওয়ামী লীগের নেতাকর্মী। তাদেরকে যে ট্রেনিংটা দেওয়া হয়েছে, এর নাম “সাব-ট্যাকটিকাল আরবান ওয়ারফেয়ার”। এটাকে আমরা অনেকে সহজভাবে গেরিলা ট্রেনিং বলেও জানি।

    তাদের প্ল্যান ছিল ঢাকা শহরের কেপিআই বা “কী পয়েন্ট ইনস্টলেশন” গুলিকে টার্গেট করা; বিশেষভাবে—‘এম্বাসি’। এছাড়া কুর্মিটোলা জেনারেল হসপিটাল, সিএমএইচ, পপুলার হসপিটাল, ব্র্যাক ইউনিভার্সিটি ইত্যাদি।

    এধরনের হাই ভ্যালু টার্গেটের আফটার ইফেক্ট হয় অত্যন্ত মারাত্মক, আর সেসব দিক বিবেচনা করেই তারা এসব ইনফ্রাস্ট্রাকচারগুলিকে লক্ষ্যবস্তু বানানোর পরিকল্পনা করেছিল।

    তাদের মূল লক্ষ্য ছিল চলতি বছরের অক্টোবর-নভেম্বরের মাঝে দেশে অ্যানার্কি বা ক্যাওস তৈরি করা। কয়েকটি এম্বাসিকে লক্ষ্যবস্তু বানানো গেলে আন্তর্জাতিকভাবেই বাংলাদেশ কোনঠাসা হয়ে পড়ত।

    পতিত ফ্যাসিস্ট রেজিমের মন্ত্রী-এমপি সহ রেজিম কর্তৃক বিভিন্নভাবে বেনিফিসিয়ারি সামরিক বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলোর যে তদন্ত চলমান— সে কাজগুলি বাধাগ্রস্ত হতো এবং এটাকে লেন্থি বা পুরোপুরি বন্ধ করার উদ্দেশ্যেই উক্ত পরিকল্পনা করা হয়েছিল।

    একইসাথে দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, মন্দিরে হামলার পরিকল্পনাও ছিল তাদের।

    পরিকল্পনা সফল হলে বাংলাদেশ এমনিতেই আন্তর্জাতিক অঙ্গনের সমর্থন হারাত, আর ঠিক সেটারই অ্যাডভান্টেজ নিয়ে ফায়দা লুটত ভারত। সংখ্যালঘু নির্যাতনের কার্ডকে পুনরায় জাগ্রত করে বিভিন্ন কনসালটেন্সি এবং লবিং ফার্মকে ব্যবহার করে বাংলাদেশের উপর চাপ প্রয়োগ করিয়ে ইন্টারিম সরকারকে রিজাইন করানো’ও ছিল তাদের পরিকল্পনার অংশবিশেষ।

    শুধু তাই নয়, পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ভারত তাদের এয়ার অ্যাসেটস দ্বারা বাংলাদেশ সীমান্তে ২ থেকে ৩ দিনের লিমিটেড স্ট্রাইক করবে—এই তথ্যও নিশ্চিত হওয়া গেছে। তবে এই প্ল্যান একদম সর্বোচ্চ পর্যায়ের জন্য, প্রাইমারি লেভেলে দেশের অভ্যন্তরে ক্যাওস তৈরি করাটাই ছিল তাদের লক্ষ্য।

    তবে যেহেতু উক্ত র‍্যাকেটের অন্যতম দুই মাস্টারমাইন্ড এখন বন্দি, একইসাথে ট্রেইনিংপ্রাপ্ত ৪০ জনের অধিক গ্রেফতার হয়েছে, তাই উক্ত পরিকল্পনা আপাতত ভেস্তে গেছে বলেই ধারণা করা হচ্ছে।

    গোপালগঞ্জের কোটালীপাড়া থানার ওসিকে বঙ্গবন্ধু গেরিলা বাহিনী প্রধান পরিচয়ে ফোন করে হুমকি দেওয়ার পরেই আলোচনায় আছে গেরিলা বাহিনী। গত জুলাই বসুন্ধরা কনভেনশন সেন্টারে গেরিলা প্রশিক্ষণ দিতে গিয়ে উচ্চস্বরে স্লোগানের কারণে আইনশৃঙ্খলা বাহিনীর জানা যায় কর্মী সমাবেশের কথা।

    পরে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, সেখানে গেরিলা প্রশিক্ষণ দেওয়া হয়েছিল সারা দেশ থেকে আসা বাছাই করা আওয়ামী লীগ কর্মীদের।

    আটক শম্পা ও সোহেল রানার জবানবন্দিতে আসে মেজর সাদিকুল হক, তার স্ত্রী ইউএন লাইব্রেরি কর্মকর্তা সুমাইয়া জাফরিন ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট গুলশান আরার কথা। মেজর সাদিককে সেনা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার স্ত্রী সুমাইয়াকে ডিবি আটক করে টাস্ক ফোর্স গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করছে। তাদের বক্তব্যে উঠে এসেছে লেফটেন্যান্ট গুলশান আরা ও মূল মাস্টারমাইন্ড সুশান্ত দাস গুপ্তের কথা।

  • আগামী সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিবেন-আফরোজা খানম রিতা

    আগামী সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিবেন-আফরোজা খানম রিতা

    বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা বলেছেন, সরকারে না থেকেও বিএনপি জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে।

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ ও জনগণের উন্নতির জন্য কাজ করছেন। তিনি ক্ষমতায় এলে এ কাজ আরও সহজ হবে। তাই ধানের শীষে ভোট দিয়ে তাকে বিজয়ী করতে হবে।

    রবিবার (১০ আগস্ট) বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    রিতা আরও বলেন, দলের দুঃসময়ের দীর্ঘ ১৭ বছর আমরা নানা বাধা-বিপত্তি সত্ত্বেও দলের প্রতি অটল থেকেছি। নেতাকর্মীরা শত কষ্টেও দল ছাড়েনি, কারণ আমরা জনগণের জন্য কাজ করি এবং তাদের ভালোবাসা আমাদের প্রেরণা। বিদেশে থেকেও তারেক রহমান যেভাবে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখেছেন, তা আমাদের গর্বিত করে।

    মানিকগঞ্জের ইতিহাসের কথা স্মরণ করে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নবগ্রামের মাটিতে এসেছিলেন, মিশেছিলেন এখানকার সাধারণ মানুষের সাথে। আওয়ামী লীগ সরকার তার হাতে গড়া শিশু পার্ককে অবহেলায় ফেলে রাখলেও, আমরা তা পুনরায় সংস্কার করে শিশুদের জন্য উপযোগী করবো।

    অনুষ্ঠানের আগে তিনি বিদ্যালয়সংলগ্ন জিয়া স্মৃতি শিশু পার্ক পরিদর্শন করেন। নবগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম খান রিমনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট নূরতাজ আলম বাহার, গোলাম আবেদীন কায়সার, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরু, ছাত্রদলের সাবেক সভাপতি মাসুদ পারভেজ, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান সজীবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

  • মানিকগঞ্জের শিবালয়ে গুলিসহ রিভলবার উদ্ধার !

    মানিকগঞ্জের শিবালয়ে গুলিসহ রিভলবার উদ্ধার !

    উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে একটি চাইনিজ রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যায় উপজেলার আরুয়া ইউনিয়নের দরিকান্দি খালপাড় মসজিদের পাশের বাঁশঝার থেকে এসব উদ্ধার করা হয়। শিবালয় থানা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

    শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল আজম জানান, সেনাবাহিনীর সরবরাহ করা গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করে। ঘটনাস্থল থেকে সাদা কাপড়ে মোড়ানো দুই রাউন্ড গুলিও পাওয়া যায়।

    পুলিশ জানায়, উদ্ধারকৃত রিভলবারের গায়ে ইংরেজিতে ‘MADE IN CHINA’ খোদাই করা রয়েছে। এর বাট থেকে ব্যারেল পর্যন্ত দৈর্ঘ্য ১৭ সেন্টিমিটার। সোনালি ও ধূসর রঙের এই রিভলবারে ব্যারেল, ট্রিগার ও ফায়ারিং পিন সংযুক্ত আছে। গুলির প্রতিটির ক্যাপের পেছনে ইংরেজিতে ‘E’ লেখা রয়েছে।

    ওসি আরও জানান, অস্ত্রটি সাক্ষিদের উপস্থিতিতে জব্দ করে থানায় রাখা হয়েছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।

  • গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা

    গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা

    গাজীপুরে এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। ঘটনার সময় একটি চায়ের দোকানে বসে ছিলেন ওই সাংবাদিক।

    বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীপুরের গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্রামে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে স্থানীয় জজ মিয়ার নেতৃত্বে ৬ জনের একদল সন্ত্রাসী ধারাল দেশীয় অস্ত্র দিয়ে সাংবাদিক আরিফকে এলোপাথাড়ি কুপিয়ে মৃত্যু হয়েছে ভেবে মাটিতে ফেলে রেখে চলে যায়।

    পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।

    নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন (৩৮) দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন।