Category: ঢাকা বিভাগ

  • ফেব্রুয়ারিতে নির্বাচনে একমত জামায়াত কিন্তু বিচার ও সংস্কার দৃশ্যমান করতে হবে

    ফেব্রুয়ারিতে নির্বাচনে একমত জামায়াত কিন্তু বিচার ও সংস্কার দৃশ্যমান করতে হবে

    নির্বাচন ফেব্রুয়ারিতে (রোজার আগে) হবে বলে প্রধান উপদেষ্টার কাছে একমত প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। কিন্তু নির্বাচন সুষ্ঠু হওয়ার শর্তের ক্ষেত্রে একটি দল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

    “দলটি প্রধান উপদেষ্টাকে জানিয়েছে, নির্বাচনের তারিখের ব্যাপারে দ্বিধা-দ্বন্দ্ব ও দ্বিমত নাই তাদের। কিন্তু একটি দল নির্বাচন সুষ্ঠু করার জন্য যখন আমরা কতিপয় শর্তের কথা বলেছি, তখনই বলে যে- এই তারিখে আমরা নির্বাচন চাই না এই কথাটা বলাটাই একটা ষড়যন্ত্র বলে আমি মনে করছি”, বলেন আব্দুল্লাহ মো. তাহের।

    প্রধান উপদেষ্টা তিনটি বিষয়ে জাতিকে আশ্বস্ত করেছেন উল্লেখ করে তিনি জানান, কিছু বিষয়ে সংস্কার, দৃশ্যমান বিচার এবং বিশ্বমানের আনন্দঘন একটি নির্বাচন হবে।

    কিন্তু আজকে যে পরিস্থিতি দাঁড়িয়েছে এই সমস্ত অর্জন প্রশ্নবিদ্ধ হওয়ার শঙ্কা আছে বলে মন্তব্য করেন জামায়াতে ইসলামীর এই নেতা। এছাড়া অনেকগুলো বিষয়ে সব দল ঐকমত্য পোষণ করলেও দু’য়েকটি দল কোনো কোনো ইস্যুতে নোট অব ডিসেন্ট দিয়েছে বলে জানান তিনি।

    “আনফরচুনেটলি অল্প সংখ্যক দল আমাদের ঐকমত্য পোষণের ইস্যুর বাস্তবায়নে কিছুটা বাধার সৃষ্টি করছে। তারা বলছেন, আগামী নির্বাচিত সরকার এসে এগুলো বাস্তবায়ন করবে।

    এছাড়া জুলাই চার্টার না করেই নির্বাচনের ট্রেন ছেড়ে দেওয়াটা এক ধরনের ভুল সিদ্ধান্ত বলে মন্তব্য করেন তিনি।

    এক্ষেত্রে বৈষম্য সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন,“একটা দল যেভাবে চেয়েছে সেভাবে হয়েছে। তারা নির্বাচন পেয়ে গেছে। বাকি সব দল জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে এক আছে। এখানে লেভেল প্লেয়িং ফিল্ডের ইস্যুটি বিঘ্নিত হয়েছে।”

  • জ্ঞান ফিরেছে নুরুল হক নুরের

    জ্ঞান ফিরেছে নুরুল হক নুরের

    রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর হামলায় গুরুতর আহত গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের জ্ঞান ফিরেছে।

    শনিবার (৩০ আগস্ট) সকাল ৭টা ৫ মিনিটে নুরুল হক নুরের ফেসবুক পেজ থেকে দেওয়া এক স্ট্যাটাসে জানানো হয়, তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন। স্ট্যাটাসে বলা হয়েছে, তার কিছুটা হুঁশ ফিরেছে এবং সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

    সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, হাসপাতালে শয্যাশায়ী নুরুল হক নুরের নাকে ব্যান্ডেজ বাঁধা এবং মুখে অক্সিজেন মাস্ক লাগানো।

    এর আগে শুক্রবার রাতে বিজয়নগরে সংঘর্ষের ঘটনায় নুর গুরুতর আহত হন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, নুরের মুখ থেকে বুক পর্যন্ত রক্তাক্ত অবস্থায় তাকে স্ট্রেচারে করে হাসপাতালে নেওয়া হচ্ছে।

  • ‘নির্বাচনী রোডম্যাপ নিয়ে দু-একটি দল ধোঁয়াশা সৃষ্টি করছে’

    ‘নির্বাচনী রোডম্যাপ নিয়ে দু-একটি দল ধোঁয়াশা সৃষ্টি করছে’

    দু-একটি রাজনৈতিক দল নির্বাচনী রোডম্যাপ নিয়ে ধোঁয়াশা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, কোনো সংশয় থাকলে আসুন আলোচনা করি। কোনোভাবেই ঐক্যে ফাটল ধরানো যাবে না, আলোচনার মাধ্যমে সংশয় ও দোদুল্যমানতা দূর করতে হবে।

    সালাহউদ্দিন বলেন, আগামীতে যেন কেউ গুম না হয় তার জন্য আমরা গণতন্ত্রের সংগ্রাম করে যাচ্ছি। একজন রাজনৈতিক কর্মী হিসেবে বলছি, জনগণ যদি আমাদের ক্ষমতায় যাওয়ার সুযোগ দেয় তাহলে গুম প্রতিরোধ করার জন্য, নিশ্চিহ্ন করার জন্য যা যা করার প্রয়োজন আমরা তাই করবো। আমরা সেই বাংলাদেশের জন্য সংগ্রাম করছি, যে বাংলাদেশে গুমের শিকার হয়ে কারও কোনোদিন রাস্তায় দাঁড়াতে হবে না।

    শুক্রবার (২৯ আগস্ট) আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে গুম হওয়া ব্যক্তিদের স্মরণে মায়ের ডাক আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

    আলোচনা সভায় হুম্মাম কাদের চৌধুরী বলেন, ২০২৪ এর গণঅভ্যুত্থানের পর গুমের শিকার হওয়া দুই-একজনকে ফিরে পেয়েছি। আশা করেছিলাম আরও অনেককে ফিরে পাবো, কিন্তু পাইনি। বর্তমান সরকার যখন ক্ষমতায় আসে, তখন তারা অনেক আশা দিয়েছিল। আমাদের বলেছিল-যারা যারা গুম হয়েছে তাদের ফিরিয়ে আনবে। যদি ফিরিয়ে আনতে না পারে তাহলে তাদের তথ্য আমাদের দেবে। তথ্যের পর সরকার বিচার শুরু করবে। এখন পর্যন্ত কিছুই পেলাম না।

    গুম থেকে ফেরত আসা শায়রুল ইসলাম বলেন, আমাকে গুম করা হয় ২০১৭ সালের মার্চে। তখন গুমের শিকার হওয়া আরও চারজনের সঙ্গে পরিচয় হয়। একসঙ্গে মোট ৫ জন আমরা গুম ছিলাম। তাদের মধ্যে আমরা দুইজন ফেরত আসি। বাকি ৩ জন এখনো ফেরত আসেননি।

    ২০২৩ সালের ২৮ অক্টোবরে বিএনপির আন্দোলন চলাকালে আটক হন রাজধানীর মুগদা থানার ৭ নং ওয়ার্ড শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক মো. ফজলুর রহমান কাজল। এরপর পুলিশি হেফাজতে মৃত্যু হয় তার।

    কাজলের ছেলে সজল বলেন, আমার বাবার চায়ের দোকান ছিল। চায়ের দোকান থেকে ২৮ তারিখে বাবাকে তুলে নিয়ে যায়। মুগদা থানা থেকে পল্টন থানার একটি মামলায় চালান করে। এরপর কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে যোগাযোগ করেও তিন মাসের মধ্যে বাবার সঙ্গে দেখা করতে পারিনি।

    পরে শুনি কাশিমপুর কারাগারে বাবাকে পাঠানো হয়েছে। আমার মা-অচল, পায়ে সমস্যা। এই অবস্থায় আমরা কাশিমপুর কারাগারে যাই। সেখানেও বাবার খোঁজ পাইনি। পরে ফোন দিয়ে হাসপাতালে যেতে বলে পুলিশ। আমরা হৃদরোগ হাসপাতালে যাই। যাওয়ার এক ঘণ্টা পর বাবা মারা যান।

    মারা যাওয়ার আগে আমার বাবা বলেন- তিনদিন ধরে কিছু খাইনি। কারাগারের ভিতরে অনেকে নির্যাতন করছে। কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন সজল। কান্না করতে করতে বলেন, চায়ের দোকান থেকে ধরে নেওয়ার সময় থেকে বাবাকে নির্যাতন করা হয়েছে। আটকের পর আমারা বাবার সঙ্গে সাক্ষাৎ পর্যন্ত করতে পারিনি।

  • সাটুরিয়ায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার !

    সাটুরিয়ায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার !

    মানিকগঞ্জের সাটুরিয়ায় যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক রুপা আক্তারকে (৩০) গ্রেপ্তার করেছে সাটুরিয়া থানা পুলিশ।সোমবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গওলা নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

    তিনি সাটুরিয়া উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক। সাটুরিয়া সদর ইউনিয়নের গওলা গ্রামের মজিবুর রহমানের মেয়ে।থানা সূত্রে জানা যায়, সন্ত্রাসবিরোধী আইনে পুলিশের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

    সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুল ইসলাম জানান, মামলায় তার সংশ্লিষ্টতা পাওয়ায় গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হবে।

  • মানিকগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক

    মানিকগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক

    মানিকগঞ্জের শিবালয় উপজেলার নয়াকান্দি জামিয়া ইসলামিয়া উলুম মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে ওই মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ উল্লাহকে (৪২) আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে তাকে আটক করা হয়।

    ভুক্তভোগীর পরিবার ও মামলার সূত্রে জানা যায়, গত রবিবার রাতে খাবার শেষে ঘুমিয়ে যায় ওই শিশু। রাত সাড়ে ১১টার দিকে শিক্ষক মোহাম্মদ উল্লাহ তাকে ঘুম থেকে ডেকে নিজের কক্ষে নিয়ে জোরপূর্বক বলাৎকার করে। এ সময় কাউকে কিছু জানালে মাদ্রাসা থেকে বের করে দেওয়া ও খুনের হুমকিও দেন তিনি।

    পরদিন সোমবার অসুস্থ হয়ে পড়লে শিশুটি বাড়ি চলে আসে। পরে মায়ের জিজ্ঞাসায় সে ঘটনার বিস্তারিত জানায় । শিশুটির পরিবার ও এলাকাবাসী অভিযুক্ত শিক্ষককে আটকে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে শিবালয় থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে।

    শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। বুধবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে।

  • তিন মাসের জন্য স্থগিত ফজলুর রহমান

    তিন মাসের জন্য স্থগিত ফজলুর রহমান

    জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের পদ তিন মাসের জন্য স্থগিত করেছে বিএনপি।

    মুক্তিযোদ্ধা ফজলুর রহমান মঙ্গলবার (২৬ আগস্ট) শোকজের জবাব দেওয়ার পর বিএনপির একটি সূত্র তার পদ স্থগিতের সিদ্ধান্তের বিষয়ে তথ্য দিয়েছে।

    ফজলুর রহমানের পদ স্থগিতের চিঠিতে বলা হয়েছে, ‘কারণ দর্শানোর নোটিশের লিখিত জবাব না দিয়ে সময় বর্ধিত করার জন্য আপনি আবেদন করেন। আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল ২৫ আগস্ট কারণ দর্শানোর নোটিশের লিখিত জবাব প্রদানের জন্য পুনরায় ২৪ ঘণ্টার সময় বর্ধিত করা হয়। আপনি আজ ২৬ আগস্ট কারণ দর্শানোর নোটিশের যে জবাব দিয়েছেন, তা সন্তোষজনক নয়।’‘

    তথাপিও বীর মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধে আপনার অবদান বিবেচনা করে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ না করে আপনার দলীয় প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ তিন মাসের জন্য নির্দেশক্রমে স্থগিত করা হলো,’ বলা হয়েছে চিঠিতে।

    চিঠিতে ফজলুর রহমানকে সতর্ক করে বলা হয়েছে, ‘এখন থেকে আপনি টকশো বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলার সময় দেশের মর্যাদা ও দলের নীতিমালা যাতে ক্ষুন্ন না হয় এবং দেশের জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে, সে বিষয়ে সর্বদা সতর্ক থাকবেন।’

  • মানিকগঞ্জে ৮ মাসে ডেঙ্গু আক্রান্ত ৫৪৯ জন

    মানিকগঞ্জে ৮ মাসে ডেঙ্গু আক্রান্ত ৫৪৯ জন

    মানিকগঞ্জ জেলায় দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট মাসের এখন পর্যন্ত জেলায় মোট ৫৪৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৪০৯ জন এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১৪০ জন। ইতোমধ্যে ৯৩ শতাংশেরও বেশি রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ১১টার দিকে মানিকগঞ্জ সিভিল সার্জন কার্যালয় জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।

    এর মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন আটজন এবং বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে ভর্তি হয়েছেন পাঁচজন।বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন মোট ৩৬ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ১১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ৫১৩ জন রোগী চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন।

    মশাবাহিত এই রোগে জেলায় কোনো মৃত্যু নেই।মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে গত ২৪ ঘন্টায় দুইজন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে এ হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৩ জন। চলতি বছরের জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত এই হাসপাতালে ১৬৮ জন ভর্তি হয়েছেন। এরমধ্যে ১৫৫ জন সুস্থ হয়েছেন।

    ঘিওর উপজেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে একজনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এই উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪৮ জন। ৪৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন একজন।

    সাটুরিয়া উপজেলায় ২৪ ঘণ্টায় নতুন করে একজন রোগী শনাক্ত হয়েছেন। চলতি বছরে মোট আক্রান্ত হয়েছেন ৫০ জন। এর মধ্যে ৪৪ জন সুস্থ হয়েছেন। চিকিৎসাধীন আছেন ছয়জন।

    মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন চারজন রোগী। এ নিয়ে হাসপাতালে বর্তমানে ভর্তি আছেন ৯ জন। চলতি বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত এখানে মোট ১৪৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৩৪ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন।

    মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টায় নতুন করে পাঁচ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ হাসপাতালে মোট ১৪০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৩৩ জন সুস্থ হয়েছেন এবং বর্তমানে সাতজন চিকিৎসাধীন। সিংগাইর, হরিরামপুর, শিবালয় ও দৌলতপুরে কোনো ডেঙ্গু রোগী শনাক্ত হয়নি।

    বাংলাদেশ হেলথ ওয়াচ মানিকগঞ্জের সমন্বয়কারী বিমল রায় বলেন, ‍“মানিকগঞ্জে ডেঙ্গুর বিস্তার ধীরে ধীরে বাড়লেও মৃত্যুহার এখনো শূন্য রাখা সম্ভব হয়েছে। আগামী দিনগুলোতে আক্রান্তের সংখ্যা বাড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই এখনই সচেতনতা বাড়ানো ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়াই সর্বাধিক গুরুত্বপূর্ণ।”

    মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. মো. খুরশীদ আলম বলেন, “ডেঙ্গুর প্রকোপ বাড়লেও পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে। নিয়মিত পর্যবেক্ষণ ও দ্রুত চিকিৎসা প্রদানের কারণে রোগীরা দ্রুত সুস্থ হচ্ছেন।

    জনগণকে সচেতন না হলে আক্রান্তের সংখ্যা আরো বাড়তে পারে।” তিনি পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, বাড়ির আঙিনায় জমে থাকা পানি অপসারণ এবং মশারি ব্যবহার করার পরামর্শ দিয়েছেন।

  • রাষ্ট্রের সিস্টেমটাই হয়ে গেছে দখলের-মির্জা ফখরুল

    রাষ্ট্রের সিস্টেমটাই হয়ে গেছে দখলের-মির্জা ফখরুল

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, উপজেলা চেয়ারম্যানের কাজ নিয়ে নিয়েছেন সংসদ সদস্য, যেটা তার কাজ নয়। আইন প্রণয়নের বদলে তারা রাস্তা উন্নয়ন, ভবন উন্নয়ন, এমনকি গাড়ি কেনা হবে কি না, সেটা নিয়ে কথা বলেছেন। রাষ্ট্রের সিস্টেমটাই হয়ে গেছে দখলের।

    শনিবার (২৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে অর্পণ আলোক সংঘ আয়োজিত ‘সামাজিক সুরক্ষা কতটা সুরক্ষিত?’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    মির্জা ফখরুল বলেন, আমি যখন একটা প্রগতিবাদী সমাজ দেখতে চাই, যখন একটা মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য একটা সুষ্ঠু ব্যবস্থা চাই, আমি যখন জনগণের বৈষম্য কমিয়ে আনতে চাই… তখন যদি দেখি যে সম্পূর্ণ ভিন্নভাবে ভিন্ন চিন্তা করা হচ্ছে, সেটাকে ডাইভার্ট করার চেষ্টা হচ্ছে, মানুষের চিন্তা ভাবনাগুলোকে এবং একটা উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তখন তো হতাশা আসবেই।

    তিনি আরও বলেন, বিগত ১৫ বছরে আওয়ামী লীগ দেশকে সর্বস্বান্ত করে দিয়েছে। প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। দেড় বছরেই সেই ক্ষতিপূরণ হবে, এমনটা ভাবা যাবে না।

    মির্জা ফখরুল বলেন, আমলারা সবকিছুর নিয়ন্ত্রণ করছেন। কোনো কোনো ক্ষেত্রে দায়িত্বরত উপদেষ্টারাও অসহায় হয়ে পড়ছেন। একজন মফস্বলের শিক্ষককে সমস্যা সমাধানের জন্য ঢাকায় আসতে হয়। এটার তো প্রয়োজন ছিল না। এর জন্য দায়ী সিস্টেম।

    তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ হয় ঘুষ দিয়ে, স্কুলের শিক্ষক নিয়োগ হয় ঘুষ দিয়ে, নার্সদের নিয়োগ হয় ঘুষ দিয়ে।

    সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক ও লেখক সোহরাব হাসান, অর্থনীতিবিদ এম মাসরুর রিয়াজ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ, সাবেক সংসদ সদস্য রেহানা আক্তার রানু। সভা সঞ্চালনা করেন অর্পণ আলোক সংঘের চেয়ারম্যান বীথিকা বিনতে হোসাইন।

  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনি ব্যবস্থা

    শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনি ব্যবস্থা

    ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে কড়া বার্তা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ শুক্রবার সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

    এতে বলা হয়, বাংলাদেশের টেলিভিশন, সংবাদ এবং অনলাইন আউটলেটগুলোতে ফৌজদারি অপরাধে দণ্ডিত অপরাধী এবং গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আসামি আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার অডিও সম্প্রচার এবং প্রচার ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের গুরুতর লঙ্ঘন।

    তাছাড়া, গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাক্তন স্বৈরশাসকের ঘৃণা ছড়ায় এমন বক্তব্য সম্প্রচার নিষিদ্ধ করে।

    ‘আমরা দুঃখের সাথে লক্ষ্য করেছি- কিছু গণমাধ্যম বৃহস্পতিবার আইন ও আদালতের নির্দেশ উপেক্ষা করে ক্ষমতাচ্যুত স্বৈরশাসকের একটি ভাষণ প্রচার করেছে যেখানে তিনি মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন।

    আমরা এধরনের অপরাধমূলক প্রচারকর্মে জড়িত গণমাধ্যমের কর্মকর্তাদের সতর্ক করে দিচ্ছি এবং দৃঢ়ভাবে জানাচ্ছি, শেখ হাসিনার বক্তব্য কেউ ভবিষ্যতে প্রকাশ করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

    বিবৃতিতে বলা হয়, আমাদের জাতির ইতিহাসের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে আমরা অপ্রয়োজনীয় বিভ্রান্তি তৈরির ঝুঁকি নিতে পারি না। এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে শেখ হাসিনা জুলাই গণ-অভ্যুত্থানের সময় শত শত শান্তিপূর্ণ বিক্ষোভকারীর গণহত্যার নির্দেশ দেওয়ার মতো গুরুতর অভিযোগের পরে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছেন।

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে দোষী সাব্যস্ত করেছে এবং বর্তমানে তিনি মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচারাধীন রয়েছে।

  • মানিকগঞ্জের ঘিওরে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

    মানিকগঞ্জের ঘিওরে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

    মানিকগঞ্জের ঘিওর উপজেলার শ্রীধরনগর গ্রামে ডেজার ব্যবহার করে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা ১২টায় পয়লা ইউনিয়নের নদীর পাড়ে গ্রামবাসীরা এই মানববন্ধন করে।

    মানববন্ধনে বক্তব্য রাখেন শ্রীধরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাকি আক্তার, গ্রামের মাদ্রাসার প্রিন্সিপাল ময়নাল মুন্সী, সমাজ প্রধান রাজু ভূইয়া, ইউপি সদস্য মোঃ আকরাম হোসেন এবং আরও শতাধিক গ্রামবাসী।

    বক্তারা বলেন, ‘বালুমহালের পাশেই প্রাইমারি স্কুল, মাদ্রাসা, মসজিদ, খেলার মাঠ ও ফসলি জমিসহ বিভিন্ন বসতি রয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনের কারণে এসব বসতিসহ নদীর ভৌগোলিক অবকাঠামো ধ্বংসের মুখে।

    শ্রীধরনগর গ্রামের নদীর অনেক অংশ ইতিমধ্যেই বিলীন হয়ে গেছে। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই, অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ করা হোক।’