Category: ঢাকা বিভাগ

  • মানিকগঞ্জে নিখোঁজের দুইদিন পর নদী থেকে ইমামের মরদেহ উদ্ধার

    মানিকগঞ্জে নিখোঁজের দুইদিন পর নদী থেকে ইমামের মরদেহ উদ্ধার

    মানিকগঞ্জের ঘিওর উপজেলার পুখুরিয়া এলাকায় নিখোঁজের দুইদিন পর স্থানীয় খিড়াই নদী থেকে এক মসজিদের ইমামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    আজ (মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে স্থানীয়রা খিড়াই নদীতে মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

    নিহত ইমামের নাম রফিকুল ইসলাম (৩৮)। তিনি সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার বাঘুটিয়া ইউনিয়নের আব্দুর রহিমের ছেলে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম গত এক বছর ধরে ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের পুখুরিয়া গ্রামের বৈন্যা প্রসাদ পূর্বপাড়া জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

    গত রোববার ভোরে তিনি ফজরের নামাজ পড়ান। তবে যোহরের নামাজের সময় থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর থেকেই স্বজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন।

    বৈন্যা প্রসাদ পূর্বপাড়া জামে মসজিদের সভাপতি বিল্লাল উদ্দিনের ছেলে হেলাল উদ্দিন বলেন, ‘আমাদের ইমাম সাহেব গত রোববার ফজরের নামাজ পড়িয়েছেন। কিন্তু যোহরের নামাজে হাজির না হওয়ায় আমরা খোঁজ শুরু করি। আজ সকালে তার মরদেহ নদীতে ভাসতে দেখি। বিষয়টি খুবই মর্মান্তিক।’

    ঘিওর থানার ওসি (তদন্ত) কোহিনূর ইসলাম বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’

  • মানিকগঞ্জে দশম শ্রেণীর ছাত্রীকে উত্ত্যক্ত করায় পাঁচজন বখাটে আটক !

    মানিকগঞ্জে দশম শ্রেণীর ছাত্রীকে উত্ত্যক্ত করায় পাঁচজন বখাটে আটক !

    মানিকগঞ্জের শিবালয় উপজেলায় দশম শ্রেণির এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগে পাঁচজন যুবককে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে তেওতা ইউনিয়নের বটতলা মোড়ে।

    আটকরা হলেন- সাতুরিয়া গ্রামের পান্নুর ছেলে ইমরান শেখ (২৩), একই গ্রামের আলী চানের ছেলে আশিক (২৪), চর ধুবুলিয়া বিষ খাঁর ছেলে ইয়াছিন শেখ (২২) এবং ভাঙ্গা বাড়ি গ্রামের আজাহার আলীর ছেলে ফরিদ শেখ (২০)।

    প্রতিবেশী সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে কোচিং শেষে ষষ্ঠ ঘরের শিক্ষার্থী তেওতা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সহপাঠীর সঙ্গে বাড়ি ফিরছিল। পথিমধ্যে তেওতা ইউনিয়নের বটতলা মোড়ে প্রি-ক্যাডেট স্কুলের সামনে পৌঁছালে বখাটেরা তাদের গতিরোধ করে। ওই সময় তারা শিক্ষার্থীর শরীরের ওড়না ও হাত ধরে টানাটানি করে মাটিতে ফেলে এবং  কু-প্রস্তাব দেয়।

    এই সময় শিক্ষার্থীদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে এবং বখাটেদের স্থানীয়ভাবে আটক করে। পরে পুলিশে খবর দিলে থানার একটি টিম ঘটনাস্থল থেকে তাদের হেফাজতে নেয়।

    বিষয়টি নিশ্চিত করে, শিবালয় থানার এসআই সুমন চক্রবর্তী জানান, আটকদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

  • পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে-প্রকৌশলী মুহাম্মদ আশরাফুল আলম

    পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে-প্রকৌশলী মুহাম্মদ আশরাফুল আলম

    ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব প্রকৌশলী মুহাম্মদ আশরাফুল আলম বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে নির্বাচন নিয়ে কোন হানাহানি মারামারি থাকবে না। দেশের জনগন আজ ঐক্যবদ্ধ হয়েছে সুতরাং আমরা পরিস্কার ভাষায় দাবী করতেছি পিআর পদ্ধতিতে নির্বাচনহতে হবে।

    আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে মানিকগঞ্জ বাসষ্ট্যান্ডে মৌলিক সংস্কার, জুলাই গণহত্যার বিচার ও সংখ্যানুপাতিক পি আর পদ্ধতিতে নির্বাচনের দাবীতে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক গণ-সমাবেশে একথা বলেন।

    ইসলামী আন্দোলন বাংলাদেশ-মানিকগঞ্জ জেলা শাখার সভপাতি মাওলানা মোঃ নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আরোও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মুফতি দেলাওয়ার হোসাইন সাকী।

    এই সময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রার্থী এ্যাডভোকেট মোঃ ফরিদুল ইসলাম, মানিকগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ আলী, মানিকগঞ্জ-০৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মওলানা সামসুদ্দিনসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

  • মানিকগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সভাপতি গ্রেফতার !

    মানিকগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সভাপতি গ্রেফতার !

    মানিকগঞ্জের শিবালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ রফিক হত্যা মামলার অন্যতম আসামি এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন শিবালয় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিব হাসনাত আওয়াল (৩২) গ্রেফতার হয়েছেন।

    শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জ সদর থানার বেওথা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। তিনি শিবালয় উপজেলার ষাইটঘর তেওতা গ্রামের বাসিন্দা এবং মো. আমজাদ মৃধার ছেলে।

    গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, রাকিব হাসনাত আওয়াল শহীদ রফিক হত্যা মামলাসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে তিনি পুলিশের হাতে ধরা পড়েছেন।

    উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পাটুরিয়া ঘাটে পুলিশের গুলিতে শহীদ রফিক নিহত হন। পরে দায়ের হওয়া মামলায় রাকিবসহ মোট ৪৮ জনকে আসামি করা হয়।

  • জাকসুর ভিপি জিতু, জিএস মাজহার

    জাকসুর ভিপি জিতু, জিএস মাজহার

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ প্যানেলের আব্দুর রশিদ জিতু ও সাধারণ সম্পাদক (জিএস) পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের মাজহারুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

    এছাড়া এজিএস (ছাত্র) পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ফেরদৌস আল হাসান এবং এজিএস (ছাত্রী) পদে একই প্যানেলের আয়েশা সিদ্দিকা মেঘলা জয় পেয়েছেন।

    শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবনের সিনেট কক্ষে এক সংবাদ সম্মেলনে এ ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের সদস্য সচিব ড. রাশেদুল আলম।

    এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সভাপতি অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান।নির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু বিশ্ববিদ্যালয়ের তুলনা-মূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী। এছাড়া নবনির্বাচিত জিএস মাজহারুল ইসলাম ইংরেজি বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী।

    এছাড়া সহসাধারণ সম্পাদক-এজিএস (পুরুষ) পদে প্রত্নতত্ত্ব বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী ফেরদৌস আল হাসান ও এজিএস (ছাত্রী) পদে দর্শন বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা মেঘলা, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ফার্মেসি বিভাগের শিক্ষার্থী আবু উবায়দা উসামা, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক পদে গণিত বিভাগের শিক্ষার্থী সাফায়েত মীর, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ইংরেজি বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম বাপ্পি, সাংস্কৃতিক সম্পাদক পদে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী শেখ জিসান আহমেদ, সহ-সাংস্কৃতিক সম্পাদক হিসেবে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রায়হান উদ্দিন, নাট্য সম্পাদক পদে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী রুহুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

    অন্যান্য নির্বাচিত প্রতিনিধিরা হলেন-ক্রীড়া সম্পাদক পদে বাংলা বিভাগের ৪৮তম ব্যাচের মাহমুদুল হাসান কিরণ, সহক্রীড়া (ছাত্র) পদে মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থী মাহাদী হাসান, সহক্রীড়া (ছাত্রী) পদে গণিত বিভাগের ফারহানা লুবনা, তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার পদে ফার্মেসি বিভাগের ৪৮তম ব্যাচের রাশেদুল ইমন লিখন, সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন পদে আহসান লাবিব ,সহ-সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন পদে মাইক্রোবায়োলজি (ছাত্র) তৌহিদ ইসলাম, সহ-সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন (ছাত্রী) পদে ফার্মেসি বিভাগের নিগার সুলতানা, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক পদে প্রাণিবিদ্যা বিভাগের হুসনী মোবারক, পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে পরিবেশ বিজ্ঞান বিভাগের তানভীর রহমান।

    এছাড়া কার্যকরী সদস্য পদে রয়েছেন-ফাবলিহা জাহান, নাবিলা বিনতে হারুন, নুসরাত জাহান ইমা, হাফেজ তরিকুল ইসলাম, আবু তালহা, ও মোহাম্মদ আলী চিশতী।

    ৩৩ বছর পর গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাকসু ও হল সংসদের নির্বাচনের ভোটগ্রহণ করা হয়এবারের জাকসু নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৭৫৯ জন।

    ভোট পড়েছে প্রায় ৬৮ শতাংশ। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদের জন্য ১৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ভিপি পদে ৯ জন, জিএস পদে ৮ জন, এজিএস পদে ১৬ জন প্রার্থী রয়েছেন, যাদের মধ্যে ৬ জন নারী।

    এবারের জাকসু নির্বাচনে পূর্ণ ও আংশিক মিলে মোট ৮টি প্যানেল অংশ নেয়। তবে ভোটগ্রহণ শুরুর পর ছাত্রদল সমর্থিত প্যানেলসহ ৫টি প্যানেল ভোট কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বর্জন করে।

    বর্জন করে প্রগতিশীল শিক্ষার্থীদের সম্প্রীতির ঐক্য, ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্টের সংশপ্তক পর্ষদ এবং স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ। এছাড়া ছাত্র ফ্রন্টের একাংশের একটি প্যানেল ও কিছু স্বতন্ত্র প্রার্থীও নির্বাচন বর্জন করেন।

     

  • জাকসুতে হল সংসদে ভিপি ও জিএস হলেন যারা

    জাকসুতে হল সংসদে ভিপি ও জিএস হলেন যারা

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে চলছে হল সংসদ ও কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের ফল ঘোষণা। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৪০ মিনিটে ফল ঘোষণা শুরু হয়।

    আল বেরুনী হল: ভিপি নির্বাচিত হয়েছেন রিফাত আহমেদ শাকিল ও জিএস পদে জয় পেয়েছেন মুনতাসির বিল্লাহ খান।নবাব জয়জুন্নেসা হল: ভিপি পদে বুবলি আহমেদ (মার্কেটিং, বিনা প্রতিদ্বন্দ্বিতায়) ও জিএস সুমাইয়া খানম জয় পেয়েছেন।

    জাহানারা ইমাম হল: ভিপি নির্বাচিত হয়েছেন মাহমুদা খাতুন (গণিত) ও জিএস পদে রিজওয়ানা বুশরা (পাবলিক হেলথ) জয়লাভ করেছেন।

    ১০ নম্বর ছাত্র হল (বঙ্গবন্ধু শেখ মুজিব): ভিপি পদে আসিফ মিয়া (সরকার ও রাজনীতি) ও জিএস মেহেদী হাসান (আন্তর্জাতিক সম্পর্ক) জয়লাভ করেছেন।
    ১৫ নম্বর ছাত্রী হল: ভিপি পদে শারমিন রহমান (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), জিএস পদে মেহনাজ মোহনা জয়লাভ করেছেন।

    শহীদ সালাম-বরকত হল: ভিপি পদে মারুফ হোসেন (রসায়ন) ও জিএস মাসুদ রানা (ইতিহাস) জয় পেয়েছেন।
    সুফিয়া কামাল হল: জান্নাতুল নাইম জেরিন ভিপি পদে ও রুবিনা জাহান তিথি জিএস পদে জয় পেয়েছেন।

    মওলানা ভাসানী হল: ভিপি পদে আব্দুল হাই স্বপন (গণিত) ও জিএস পদে হৃদয় পোদ্দার (লোক প্রশাসন) জয়লাভ করেন।
    মীর মশাররফ হল: ভিপি পদে খালেদ জুবায়ের ও জিএস পদে শাহরিয়ার নাজিম হৃদয় জয় পেয়েছেন।

    তারামন বিবি হল: ভিপি পদে ফারজানা আক্তার ঊর্মি ও জিএস পদে প্রিয়াঙ্কা কর্মকার জয়লাভ করেছেন।

    কামাল উদ্দিন হল: ভিপি পদে রায়হান কবির ও জিএস আবরার শাহরিয়ার জয়লাভ করেছেন।

    রোকেয়া হল: ভিপি পদে তাফমিম খানম ও জিএস পদে নাবিলা মাহজাবিন জয়লাভ করেছেন।

    জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল: ভিপি পদে রাকিবুল ইসলাম ও জিএস পদে আলী আহমেদ জয়লাভ করেছেন।

    ২১ নম্বর ছাত্র হল: ভিপি পদে শিহাব ও জিএস পদে অলি উল্লাহ জয়লাভ করেছেন।

    রফিক জব্বার হল: ভিপি মেহেদী হাসান ও জিএস শরিফুল ইসলাম জয় পেয়েছেন।

    ফজিলাতুন্নেছা হল: ভিপি পদে ঐশী সরওয়ার ও জিএস পদে ফারজানা তাবাসসুম জয়লাভ করেছেন।

    তাজউদ্দিন আহমেদ হল: ভিপি পদে সিফাত উল্লাহ ও জিএস পদে মাহমুদুল হাসান শাকিল জয় পেয়েছেন।

    রবীন্দ্রনাথ হল: ভিপি পদে অনিক কুমার বণিক ও জিএস মাহমুদুল হাসান ইমন পদে জয়লাভ করেছেন।

    বেগম খালেদা জিয়া হল: ভিপি পদে ফারহানা রহমান রিথি ও জিএস পদে জাতিমাতুজ জোহরা নির্বাচিত হয়েছেন।

    প্রীতিলতা হল: ভিপি পদে সুমাইয়া আক্তার ও জিএস পদে ইকফা রহমান নির্বাচিত হয়েছেন।

    ১৩ নম্বর ছাত্রী হল: ভিপি পদে নাহদাতুন হাসানা ও জিএস পদে মহসীনা আক্তার নির্বাচিত হয়েছেন।

  • জাকসুতে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভোট বর্জন

    জাকসুতে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভোট বর্জন

    নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল।বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলের অতিথি কক্ষে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ছাত্রদল মনোনীত প্যানেলের জিএস পদপ্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী। এ সময় ভিপি প্রার্থী মো. শেখ সাদী হাসান উপস্থিত ছিলেন।

    তানজিলা হোসাইন বৈশাখী অভিযোগ করে বলেন, তাজউদ্দীন হলে আমাদের ঢুকতে দেয়নি। তালিকায় ভোটারদের ছবি নেই, ২১ নং হলে মব সৃষ্টি করা হয়েছে। জাহানারা ইমাম হলে স্বতন্ত্র প্রার্থীর গায়ে হাত তোলা হয়েছে।

    এই নির্বাচন নিরপেক্ষতা হারিয়েছে অভিযোগ করে তিনি বলেন, জামায়াত নেতার সরবরাহকৃত ও এমআর মেশিন আমরা চাইনি। কিন্তু ওই প্রতিষ্ঠানের সরবরাহকৃত ব্যালটেই ভোট হচ্ছে।

    বৈশাখী বলেন, মেয়েদের হলে একই মেয়ে বারবার ভোট দিতে গেছেন। শিবিরপন্থী সাংবাদিকরা মিস বিহ্যাভ করেছেন ছাত্রদলের প্রার্থীদের সঙ্গে, সুষ্ঠু নির্বাচন হচ্ছে না। এটি কারচুপি ও প্রহসনের নির্বাচন। তাই নির্বাচন বর্জন করতে বাধ্য হচ্ছি। নির্বাচনে শিক্ষার্থীদের রায়ের প্রতিফলন হচ্ছে না।

    এর আগে সকাল ৯টায় শুরু হয়েছে জাকসু নির্বাচনের ভোটগ্রহণ। চলবে বিকেল ৫টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ২১টি হল কেন্দ্রে ২২৪ টি বুথে চলছে ভোটগ্রহণ। কয়েকটি কেন্দ্র ব্যাতিত বেশিরভাগ কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠান হচ্ছে বলে জানা গেছে।

    এবারে জাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে ছাত্রী ভোটার ৫ হাজার ৭২৮ জন এবং ছাত্র ভোটার ৬ হাজার ১৫ জন। এ নির্বাচনে ২৫টি পদে মোট ১৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

  • মানিকগঞ্জে মাকে গলা কেটে হত্যার অভিযোগ

    মানিকগঞ্জে মাকে গলা কেটে হত্যার অভিযোগ

    মানিকগঞ্জে মাকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত রবি চন্দ্র পলাতক। জমি ও টাকা পয়সার ভাগাভাগি নিয়ে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।

    বুধবার (১০ সেপ্টেম্বর) দিনগত রাত ১২টার দিকে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়নের মান্দারতা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম করুণা রানী (৬২)। তিনি মান্দারতা গ্রামের মৃত ফটিক চন্দ্র ভদ্রর স্ত্রী। অভিযুক্ত রবি চন্দ্র তার ছেলে।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত করুণা রানী ভদ্র দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়নের মান্দারতা গ্রামের মৃত ফটিক ভদ্রের সহধর্মিণী ও তার ছেলে রবিদ্র নাথ ভদ্র ওরফে রবির সঙ্গে কয়েকদিন ধরে জমি জমার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব চলছিল।  পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে রাতে মা করুণা রানী ভদ্রকে খুন করে দরজায় তালা দিয়ে পালিয়েছেন।

    রবি নাথ ভদ্র ওরফে রবির স্ত্রী লক্ষ্মী বলেন, ‘রবি দীর্ঘদিন ধরে লিভার জনিত রোগে ভুগছেন। রাতের বেলায় সে চৌকির ওপর ঘুমাতো, আমি নিচে ঘুমাতাম। গত রাতে হঠাৎ করেই দেখি সে বিছানায় নেই, খুঁজে পাচ্ছি না।’

    এ বিষয়ে মানিকগঞ্জ শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদিয়া সাবরিনা চৌধুরী জাগো নিউজকে বলেন, ‘ঘটনা সত্যি আমরা খবর পেয়েছি সকাল ৬টার দিকে । খবর পেয়ে দৌলতপুর থানার ওসিসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।’

  • ডাকসু নির্বাচনে লাইভ করার সময় সাংবাদিকের মৃত্যু

    ডাকসু নির্বাচনে লাইভ করার সময় সাংবাদিকের মৃত্যু

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) লাইভ সংবাদ প্রচারের সময় তরিকুল শিবলী  (৪০) নামে এক সাংবাদিক মারা গেছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে কার্জন হলের ভেতরে সংবাদ প্রচারের সময় এ ঘটনা ঘটে।

    তরিকুল  শিবলী ‘চ্যানেল এস’ এ সিটি রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। তার সহকর্মী সোহেল রানা জানান, ঢাবির কার্জন হলের ভেতর থেকে লাইভে যুক্ত ছিলেন তরিকুল। হঠাৎ তিনি অচেতন হয়ে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    তরিকুল  শিবলীর গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং থানার এতবারপুর। তার বাবার নাম এ কে এম শাহিদুল্লাহ। ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকায় থাকতেন। দুই কন্যার জনক ছিলেন তিনি।

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, চিকিৎসক জানিয়েছেন হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবুও ময়নাতদন্তের প্রতিবেদনে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

  • দুদকের পরিচালক খান মো. মীজানুল বরখাস্ত

    দুদকের পরিচালক খান মো. মীজানুল বরখাস্ত

    এভারকেয়ার হাসপাতালের পরিচালক মাহাবুবুল আনামের কাছ থেকে অনৈতিক সুবিধা নেওয়ার অ‌ভি‌যোগের সত‌্যতা মিলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের পরিচালক খান মো. মীজানুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

    সোমবার (৮ সেপ্টেম্বর) দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষ‌রিত এ সংক্রান্ত আদেশ জারি করা হয়ে‌ছে।

    প্রজ্ঞাপনে বলা হয়, যেহেতু খান মো. মীজানুল ইসলামের বিরুদ্ধে কমিশনের অনুসন্ধান-সংশ্লিষ্ট ব্যক্তি এভারকেয়ার হাসপাতালের পরিচালক মাহাবুবুল আনামের কাছ থেকে অনৈতিক সুবিধা গ্রহণের একটি বিষয় সামাজিক যোগাযোগমাধ্যমে পরিলক্ষিত হয়।

    এরপর কমিশনের নির্দেশে গোপন অনুসন্ধানে দেখা যায়, খান মো. মীজানুল ইসলাম ১৭ আগস্ট এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন এবং ২০ আগস্ট চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র নেন।

    চিকিৎসা বাবদ বকেয়া ২ লাখ ৪ হাজার ১৩২ টাকা তিনি নিজে পরিশোধ না করে, কমিশনের অনুসন্ধান-সংশ্লিষ্ট ব্যক্তি মাহাবুবুল আনামের গ্যারান্টির ভিত্তিতে হাসপাতাল থেকে ছাড়পত্র নেন।

    অভিযোগের গুরুত্ব ও রাষ্ট্রীয় স্বার্থ বিবেচনায় গত ৪ সেপ্টেম্বর কমিশনের অভ্যন্তরীণ দুর্নীতি দমন কমিটির ০৩/২০২৫ নং সভায় বিষয়টি উপস্থাপন করা হয়। সভায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। এ কারণে দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) চাকরি বিধিমালা, ২০০৮ অনুসারে তাকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    প্রজ্ঞাপনে বলা হয়, এ আদেশ জারির তারিখ থেকেই কার্যকর হবে। বরখাস্তকালীন তিনি প্রচলিত নিয়ম অনুযায়ী খোরাকি ভাতা পাবেন।