Category: ঢাকা বিভাগ

  • সাটুরিয়ায় বালাইনাশকের ঝুঁকি প্রশমনের মিনি পাইলট প্রকল্পের উদ্বোধন

    সাটুরিয়ায় বালাইনাশকের ঝুঁকি প্রশমনের মিনি পাইলট প্রকল্পের উদ্বোধন

    সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়া ইউএনও কমপ্লেক্স মিলনায়তনে জাতিসঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফ এও) বালাইনাশকের খালি বোতল, প্যাকেজিং এর অনিয়ন্ত্রিত ও অনিরাপদ নিষ্পত্তির কারণে ক্রমবর্ধমান পরিবেশ ও স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ মিনি পাইলট প্রোগ্রাম চালু করেছে।

    মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা কমপ্লেক্স মিলনায়তনে মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে খালি বোতল ও প্যাকেজিং এর নিরাপদ নিষ্পত্তির মিনি পাইলট প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব(উন্নয়ন) মোঃ খায়রুল কবির।

    প্রধান অতিথি উপস্থিত কৃষক ও বালাইনাশক ব্যবসায়ীদের কৃষি বর্জ্যের ক্ষতির কারণ তুলে ধরেন এবং এই বর্জ্য স্বেচ্ছায় সংগ্রহ ও সংগ্রহস্থলে সংরক্ষণের জন্য উৎসাহ দেন। সভাপতি মোঃ ইকবাল হোসেন প্লাষ্টিকের বোতল কীটনাশকের প্যাকেজিং ইত্যাদি পরিবেশের জন্য হুমকি। এসব বর্জ্য সংগ্রহ করে রিসাইক্লিং এবং ধ্বংসের এই প্রকল্পের উদ্যোক্তাদের সাধুবাদ জানায়। এবং এর জনসচেতনতা বৃদ্ধির তাগিদ দেন।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এফ এও এর বাংলাদেশ প্রতিনিধি জিয়াকুন শি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ডঃ রবীআহ নূর আহমেদ, পরিবেশ অধিদপ্তরের জাতীয় প্রজেক্ট ডিরেক্টর মোঃ ফরিদ আহম্মেদ, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ্ আল মামুন প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বালাইনাশক ডিলার ও কৃষকরা উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানের শেষ‌ পর্বে কৃষিতে ব্যবহৃত রাসায়নিক বালাইনাশকের ঝুঁকি প্রশমন বিষয়ক ব্যবহার বিধি সম্পর্কে প্রাক্টিক্যাল ধারনা দেওয়া হয়।

  • বিএনপির নেতা আবদুল্লাহ আল নোমান ইন্তেকাল করেছেন

    বিএনপির নেতা আবদুল্লাহ আল নোমান ইন্তেকাল করেছেন

    বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন। আবদুল্লাহ আল নোমানের ব্যক্তিগত সহকারী নুরুল আজিম হিরু এতথ্য নিশ্চিত করেছেন।

    নুরুল আজিম হিরু বলেন, আজ ভোরে রাজধানীর ধানমন্ডির বাসায় অসুস্থ হয়ে পড়েন আবদুল্লাহ আল নোমান। দ্রুত তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার জানাজাসহ পরবর্তী কার্যক্রম দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।

    উল্লেখ্য যে, ষাটের দশকের শুরুতে হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে নোমান যোগ দেন ছাত্র ইউনিয়নে। মেননপন্থি ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম মহানগরীর সাধারণ সম্পাদক, বৃহত্তর চট্টগ্রামের সভাপতি এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। ছাত্রজীবন শেষে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর হাত ধরে তিনি যোগ দেন শ্রমিক রাজনীতিতে। পূর্ববাংলা শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি ছিলেন নোমান।

    গোপনে ভাসানীপন্থি ন্যাপের রাজনীতির সঙ্গেও জড়িত হন। ১৯৭০ সালে তাকে ন্যাপের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক করা হয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে যোগ দেন। যুদ্ধ শেষে আবারও ন্যাপের রাজনীতিতে সক্রিয় হন। ১৯৮১ সালে বিএনপিতে যোগ দেন নোমান।

    ১৯৯১ সালে চট্টগ্রামের কোতোয়ালি থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন আবদুল্লাহ আল নোমান। ওই নির্বাচনে জয়ী হওয়ার পর মৎস্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি। ২০০১ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এই নেতা।

  • সাটুরিয়ায় ব্র্যাকের গণনাটক প্রদর্শনী

    সাটুরিয়ায় ব্র্যাকের গণনাটক প্রদর্শনী

    মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটী ইউনিয়নের ভাঙ্গাবাড়ী গ্রামের মোঃ আমির আলীর বাড়ীতে ২৪ ফ্রেরুয়ারী (সোমবার) রাতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচী (সেলপ) এর আয়োজনে গণনাটক প্রদর্শনী করা হয়েছে। উক্ত নাটকে অংশগ্রহন করেন দিশারী গণ নাটক দল দিনবদলের ডাক নামে একটি গণনাটক প্রদর্শন করেন।

    এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সাটুরিয়ার সভাপতি এম নজরুল ইসলাম, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচী (সেলপ) মানিকগঞ্জ জেলা ব্যবস্থাপক তারা সাংমা,সাটুরিয়া ব্র্যাক শাখার হিসাব কর্মকর্তা আব্দুল হাই, উজ্জ্বল কুমার বিশ্বাস ও ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচী (সেলপ) সাটুরিয়া শাখার অফিসার শারমিন আক্তার পলি।

    উক্ত গণনাটকে বাল্য বিয়ের প্রতিরোধে হট লাইন নম্বর ১০৯ এর ব্যবহার সম্পর্কে জনগণকে সচেতন করেন এবং ব্র্যাক লিগ্যাল এইড সম্পর্কে মানুষকে সচেতন করা হয়।

    এছাড়া বাল্য বিয়ের শাস্তি সম্পর্কে মানুষকে অবগত করা হয়। ছেলে ও মেয়ের বিয়ের সর্বনিম্ন বয়স সম্পর্কে মানুষকে জানানো হয়। এতে বলা হয়েছে ছেলের বয়স ২১ ও মেয়ের ১৮ বছর সরকারী ভাবে নির্ধারণ করা হয়েছে।

  • মানিকগঞ্জে দুর্নীতি বিরোধী গণশুনানি অনুষ্ঠিত

    মানিকগঞ্জে দুর্নীতি বিরোধী গণশুনানি অনুষ্ঠিত

    দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন আয়োজিত দুনীর্তি  বিরোধী ১৭১ তম গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১১ টায়, মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই গণশুনানী অনুষ্ঠিত হয়।

    গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজি। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিশনের কমিশনার (অনুসন্ধান) বিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ।

    মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এই গণশুনানিতে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক আক্তার হোসেন, উপপরিচালক মোহাম্মদ মাহমুদুর রহমান, মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল ওয়ারেস ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি খবিরুল আলম চৌধুরী।

    ‘রুখবো দুর্নীতি, গড়বো দেশ হবে সোনার বাংলাদেশ’ এই স্লোগানে আয়োজিত এ গণশুনানিতে বিভিন্ন সরকারি অফিসে সেবা প্রাপ্তিতে হয়রানীর শিকার বা সেবা বঞ্চিত সংক্ষুব্ধ জনসাধারণ তাদের ৫৮টি অভিযোগসমূহ মানিকগঞ্জ জেলার সকল সরকারি দপ্তর প্রধানদের উপস্থিতিতে কমিশনের সামনে তুলে ধরা হয়। একই সাথে সেবা বঞ্চিত জনসাধরণের উত্থাপিত অভিযোগের বিষয়ে দুদক কর্তৃক তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

    বক্তারা বলেন, সরকারি পরিষেবা প্রাপ্তি নিশ্চিতকরণ এবং সরকারি কর্মকর্তাদের মাঝে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা ও মূল্যাবোধ বৃদ্ধি করার মাধ্যমে দেশ থেকে দুর্নীতি নির্মূল করাই উক্ত গণশুনানির মূল অভিপ্রায়।

  • সাটুরিয়ায় শ্রমিক কল্যাণের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত

    সাটুরিয়ায় শ্রমিক কল্যাণের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত

    সাটুরিয়া সংবাদদাতা: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়নসহ বিভিন্ন দাবীতে শ্রমিক সমাবেশ হয়েছে।

    শনিবার বিকেলে দড়গ্রাম ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা ময়দানে বাংলা-দেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দড়গ্রাম ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রায় সহস্রাধিক শ্রমিক অংশ নেয়া

    এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা উত্তর অঞ্চল টিম ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, অধ্যক্ষ মাওলানা দেলওয়ার হোসাইন।

    প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যান ফেডারেশনের মনিকগঞ্জ জেলা শাখা সহ-সভাপতি, এ্যাড. মোঃ আওলাদ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেডারেশনের দড়গ্রাম ইউনিয়ন শাখা সভাপতি মাসুম বিল্লাহ মোঃ মাসুদ।

    প্রধান অতিথি মাওলানা দেলওয়ার হোসাইন তার বক্তব্যে বলেন, পৃথিবীতে আসা সকল নবী (আঃ) গন শ্রমিক ছিলেন, এটি একটি মহৎ পেশা, হালাল উপার্জন করতে চাইলে এই সেক্টরে অনেক সুযোগ রয়েছে। কিন্তু মানব রচিত আইন দিয়ে দেশ শাসন করায় তারা বরাবরই অবহেলিত। কাজেই সমাজ থেকে বৈষম্য দূর করতে চাইলে অবশ্যই শ্রমজীবি মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে, একটি কল্যাণ রাষ্ট্রব্যবস্থা কায়েম করতে হবে, সেই জন্য শ্রমিকদের সততার সহিত যার যার জায়গা থেকে অর্পিত দায়িত্ব পালন করতে হবে।

    বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন মানিকগঞ্জ জেলা সদস্য ও সাটুরিয়া উপজেলার কৃষি বিষয়ক তত্বাবধায়ক কৃষিবীদ শামীম আল মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যাণের সাটুরিয়া উপজেলা শাখা সভাপতি মোঃ হারুনুর রশিদ, ফেডারেশনের ইউনিয়ন প্রধান উপদেষ্টা ডাক্তার এম.এম ইদ্রিস আলী, উলামা – মাশায়েখ প্রতিনিধি অধ্যক্ষ মাওলানা আবুল হোসেন, , তা’লিমুল কুরআন ফউন্শডেশন প্রতিনিধি, উপাধ্যক্ষ মাওলানা আলতাফ হোসাইন, ব্যবসাায়ী প্রতিনিধি, মোঃ সোহরাব হোসেন, সাটুরিয়া উপজেলা সেক্রেটারি মোঃ নাজির আহমেদ, সাটুরিয়া উপজেলা যুব প্রতিনিধি, ডেন্টিস্ট মোহাম্মদ আমিনুল ইসলাম, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় সাবেক ছাত্র নেতা মোঃ মাসুম বিল্লাহসহ বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের বিপুল সংখ্যক নেতা-কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

  • শ্রমজীবি মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে-অধ্যক্ষ মাওলানা দেলওয়ার হোসাইন

    শ্রমজীবি মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে-অধ্যক্ষ মাওলানা দেলওয়ার হোসাইন

    বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা উত্তর অঞ্চল টিম ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য,অধ্যক্ষ মাওলানা দেলওয়ার হোসাইন বলেছেন পৃথিবীতে আসা সকল নবী (আঃ) গন শ্রমিক ছিলেন, এটি একটি মহৎ পেশা,হালাল উপার্জন করতে চাইলে এই সেক্টরে অনেক সুযোগ রয়েছে।

    শনিবার সন্ধ্যায় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়নসহ বিভিন্ন দাবীতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দড়গ্রাম ইউনিয়ন শাখার উদ্যোগে দড়গ্রাম ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা ময়দানে অনুষ্ঠানে প্রধান অতিথি বক্ত্যবে এসব কথা বলেন।

    তিনি আরো বলেন,মানব রচিত আইন দিয়ে দেশ শাসন করায় তারা বরাবরই অবহেলিত।  কাজেই সমাজ থেকে বৈষম্য দূর করতে চাইলে অবশ্যই শ্রমজীবি মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে,একটি কল্যাণ রাষ্ট্রব্যবস্থা কায়েম করতে হবে,সেই জন্য শ্রমিকদের সততার সহিত যার যার জায়গা থেকে অর্পিত দায়িত্ব পালন করতে হবে।

    বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দড়গ্রাম ইউনিয়ন শাখার সভাপতি মাসুম বিল্লাহ মোঃ মাসুদের সভাপতিত্বে ও বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন মানিকগঞ্জ জেলা সদস্য ও সাটুরিয়া উপজেলার কৃষি বিষয়ক তত্বাবধায়ক কৃষিবীদ শামীম আল মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা উত্তর অঞ্চল টিম ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য,অধ্যক্ষ মাওলানা দেলওয়ার হোসাইন। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যান ফেডারেশনের মনিকগঞ্জ জেলা শাখা সহ-সভাপতি এ্যাড. মোঃ আওলাদ হোসেন।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণের সাটুরিয়া উপজেলা শাখা সভাপতি মোঃ হারুনুর রশিদ, ফেডারেশনের ইউনিয়ন প্রধান উপদেষ্টা ডাক্তার এম.এম ইদ্রিস আলী,উলামা-মাশায়েখ প্রতিনিধি অধ্যক্ষ মাওলানা আবুল হোসেন, তা’লিমুল কুরআন ফউন্শডেশন প্রতিনিধি,উপাধ্যক্ষ মাওলানা আলতাফ হোসাইনসহ বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের বিপুল সংখ্যক নেতা-কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

  • মির্জাপুর থানার এএসআই আতিকুজ্জামান সাময়িক বরখাস্ত

    মির্জাপুর থানার এএসআই আতিকুজ্জামান সাময়িক বরখাস্ত

    ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে মির্জাপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আতিকুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে মির্জাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এইচ এম মাহবুব রেজওয়ান এ তথ্য নিশ্চিত করেছেন।

    জানা যায়, ১৮ ফেব্রুয়ারি ভোরে ভুক্তভোগী কয়েকজন মির্জাপুর থানায় এসে চলন্ত বাসে ডাকাতির বিষয়ে ডিউটি অফিসারকে অবহিত করেন। ভুক্তভোগীদের অভিযোগ আমলে না নেওয়ায় কয়েক মিনিটি পর তারা থানা ত্যাগ করেন। এছাড়া ডিউটি অফিসার তাদের পরিচয় বা মোবাইল নম্বরসহ কোনো তথ্যই রাখেননি। যে কারণে মামলা নিতে বিলম্ব হয়।

    এ ঘটনায় শুক্রবার টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান এএসআই আতিকুজ্জামানকে রাতে মির্জাপুর থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করেন। এরপর শনিবার তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

  • সাটুরিয়ায় বজ্রপাতে বড় নিহত, ছোট ভাই মারাত্বক আহত !

    সাটুরিয়ায় বজ্রপাতে বড় নিহত, ছোট ভাই মারাত্বক আহত !

    মানিকগঞ্জের সাটুরিয়ায় সরিষা তুলতে গিয়ে বজ্রপাতে জাহিদ (২৪) নামে একজনের মৃত্যু হয়েছে।  আজ শনিবার (ফেব্রুয়ারি) তিল্লী আয়নাপুর গ্রামের এই ঘটনা ঘটে। এ সময় তার জমজ ভাই জাকির (২৪) হোসেন গুরুতর আহত হন। জাহিদ ও জাকির উভয়েই আয়নাপুর গ্রামের সাহাজ উদ্দিনের জমজ সন্তান ।

    পারিবারিক সূত্রে জানা যায়,  জাহিদ ও জাকির উভয়ে বাড়ির উত্তর পাশে তুলা সরিষা আনতে যায়। এ সময়  বজ্রপাতে আঘাতে বড় ভাই জাহিদের তাৎক্ষণিক মৃত্যু হয় এবং ছোট ভাই জাকির গুরুত্বর  আহত হয়। পরে জাকিরকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়।

    স্থানীয় সূত্র জানায়, বিকেল সাড়ে চারটার দিকে আকাশ কালো করে মেঘ আসার পূর্ব মুহূর্তে তড়িঘড়ি করে কাঁটা সরিষা আনতে যায় দুই ভাই। ঝড়ো হাওয়ায় সরিষার আঁটি বাঁধতে দেরি হয়। এমন সময় হঠাৎ একটি বজ্রপাত জাহিদের গায়ে পড়লে তৎক্ষণাৎ তার মৃত্যু হয়। জাকির ছিটকে উত্তর পাশে পড়ে যায়।

    সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল ইসলাম জানান, বজ্রপাতে মৃত্যুর সংবাদ পেয়েছি। ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।

  • সাটুরিয়ায় মোটর সাইকেল কিনে না দেওয়ায় যুবকের আত্মহত্যা

    সাটুরিয়ায় মোটর সাইকেল কিনে না দেওয়ায় যুবকের আত্মহত্যা

    মানিকগঞ্জের সাটুরিয়ায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় অসুস্থ্য মোঃ জসীম (২৭) নামে এক তরুণ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।  শুক্রবার (২১ফেব্রুয়ারি) রাত ২.০০ টার দিকে উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের রাইল্লা এলাকায় এই ঘটনা ঘটে। জসীম রাইল্লা মধ্যপাড়া এলাকার মোঃ ফিরোজ আলমের ছেলে।

    স্থাণীয় সূত্রে জানা যায়, বাবা ফিরোজ আলমের কাছে মোটর-সাইকেল কিনে দেওয়ার বায়না করে জসীম। এ্যাকসিডেন্ট এর ভয়ে বাবা মোটরসাইকেল কিনে দিতে অস্বীকার করলে জসীম নিজ বসত ঘরের আড়ার‌ সঙ্গে গলায় গলায় দঁড়ি দিয়ে আত্মহত্যা করে। তাঁর রাইসা (৪) নামের একটি কন্যা সন্তান রয়েছে। সাটুরিয়া থানা পুলিশ সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

    সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুল ইসলাম জানান, রাইল্লা গ্রামে আত্মহত্যার খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণের জন্য অফিসার প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা রুজু করা হবে।

  • ঝিনাইদহের শৈলকূপায় ৩ জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

    ঝিনাইদহের শৈলকূপায় ৩ জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

    ঝিনাইদহের শৈলকূপায় ৩ জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার রামচন্দ্রপুর ত্রিবেণী সেচখাল এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

    নিহতরা হলেন- জেলার হরিনাকুন্ডু উপজেলার আহাদনগর গ্রামের রাহাজ উদ্দিনের ছেলে হানিফ (৫০), তার শ্যালক লিটন হোসেন (৩৫)। এর মধ্যে, হানিফ পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) সক্রিয় নেতা ছিলেন বলে জানা গেছে। বাকি একজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

    স্থানীয়রা জানায়, রাত সাড়ে ৯টার দিকে কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পান তারা। থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তিন জনের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখে।

    শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে একজনের নাম হানিফ। তিনি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন।

    ওসি আরো বলেন, ঘটনাস্থলে দুটি কালো রঙের মোটরসাইকেল, একটি ম্যাগজিন ও গুলি পাওয়া গেছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। এদিকে হত্যার বিষয়ে চরমপন্থী সংগঠন জাসদ গণবাহিনীর নেতা কালু পরিচয়ে দায় স্বীকার করে গণমাধ্যমকর্মীদের হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠানো হয়েছে।

    ক্ষুদে বার্তায় লেখা আছে, এতদ্বারা ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মাগুরা, কুষ্টিয়া, যশোর, খুলনাবাসির উদ্দেশ্যে জানানো যাইতেছে যে, পূর্ব বাংলা কমিউ-নিস্ট পার্টি নামধারী কুখ্যাত ডাকাত বাহিনীর শীর্ষ নেতা অসংখ্য খুন, গুম, দখলদারি, ডাকাতি, ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হরিনাকুন্ডু নিবাসী হানিফ তার দুই সহযোগীসহ জাসদ গণবাহিনীর সদস্যদের হাতে নিহত হয়েছেন।