Category: ঢাকা বিভাগ

  • মানিকগঞ্জে অবৈধ মজুদদারী কারণে দুই তেল ব্যবসায়ীকে জরিমানা !

    মানিকগঞ্জে অবৈধ মজুদদারী কারণে দুই তেল ব্যবসায়ীকে জরিমানা !

    মানিকগঞ্জে অবৈধভাবে পেট্রোল মজুদ ও অতিরিক্ত দামে ডিজেল বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

    বুধবার দুপুর এগার ঘটিকায় পৌরসভার এলাকাস্থ হিজুলি বাজারে ‘রিসাদ এন্টারপ্রাইজ নামক’ একটি তেলের দোকানে শুদ্ধ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর । এই সময় ১৪০ লিটার পেট্রোল অবৈধ ভাবে মজুদের অভিযোগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন আইন ৪৫ ধারা মোতাবেক ২৫,০০০ (পচিঁশ হাজার ) টাকা জরিমানা করা হয়।

    একই দিনে সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের ‘রাজিবপুর বাজারে’ আরো একটি  অভিযানে ‘মিলন এন্টারপ্রাইজ’কে অতিরিক্ত দামে ডিজেল বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষন আইন  ৩৮, ৪০, ও ৪৫ ধারায় ১,৫০,০০০ টাকা জরিমানা করা হয়।

    জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) সার্বিক তত্বাবধানে উপরোক্ত দুইটি অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

    এই সময় তিনি উপস্থিত জনতাকে সচেতন হওয়ার আহ্বান এবং অপরাধিদের বিরুদ্ধে আরো বেশী  তথ্য প্রদানের আশা জানিয়ে বলেন, তেলের বাজার স্বাভাবিক রাখতে এবং অবৈধ মজুদ ঠেকাতে এই অভিযান চলমান থাকবে।

  • জনগনের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে আফরোজা খানম রিতা !

    জনগনের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে আফরোজা খানম রিতা !

    জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের মধ্য দিয়ে একটি এলাকার উন্নয়ন দৃশ্যমান হয়—আর সেই ধারাবাহিকতায় এগিয়ে চলছে সাটুরিয়া উপজেলার সাম্প্রতিক উন্নয়ন কার্যক্রম।

    বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আফরোজা খানম রিতা নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলো ধীরে ধীরে বাস্তবে রূপ নিতে শুরু করেছে।

    দীর্ঘদিন ধরে সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের রাজৈর এলাকায় ধলেশ্বরী নদীর ওপর একটি সেতুর দাবি ছিল স্থানীয় জনগণের। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি এবং মানুষের দৈনন্দিন যাতায়াত সহজ করতে অবশেষে সেই স্বপ্নের সেতুর নির্মাণকাজ শুরু হয়েছে। এতে এলাকাবাসীর মাঝে ব্যাপক উৎসাহ ও আশাবাদ তৈরি হয়েছে।

    এছাড়া, নির্বাচনী ইশতেহারে উল্লেখিত নারীদের জন্য ‘ফ্যামেলি কার্ড’ বিতরণ কার্যক্রম ও বাস্তবায়নের পথে। ইতোমধ্যে সাটুরিয়া সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডে একটি উঠান বৈঠকের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়েছে। এই মাধ্যমে নারীদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের জীবনমান উন্নয়নের একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

    অন্যদিকে, তরুণ সমাজকে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে খেলাধুলার মানোন্নয়নও জোর দেওয়া হচ্ছে। সেই লক্ষ্যে মানিকগঞ্জ জেলায় একটি বিশ্বমানের স্টেডিয়াম নির্মাণের জন্য আবেদন করা হয়েছে। এটি বাস্তবায়িত হলে জেলার ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে এবং জাতীয় পর্যায়ে প্রতিভা বিকাশের সুযোগ বাড়বে।

    সব মিলিয়ে, অবকাঠামো উন্নয়ন, সামাজিক নিরাপত্তা এবং ক্রীড়া খাতের উন্নয়নের মাধ্যমে একটি সমন্বিত উন্নয়নের চিত্র ফুটে উঠছে, যা জনগণের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

  • সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনিত চুড়ান্ত তালিকা

    সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনিত চুড়ান্ত তালিকা

    ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী তালিকা চুড়ান্ত তালিকা প্রকাশ করেছে বিএনপি।
    সোমবার দুপুরে এই প্রার্থী তালিকা ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
    মনোনয়নপ্রাপ্তরা হলেন- সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।
  • ১১ দলীয় জোট হতে সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন পেলেন যারা

    ১১ দলীয় জোট হতে সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন পেলেন যারা

    ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে। এতে স্থান পেয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম।

    সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় ১১ দলীয় ঐক্যে জোটের পক্ষ থেকে তালিকা চূড়ান্ত করা হয়েছে। এ বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছেন জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দিকা।

    চূড়ান্ত তালিকা অনুযায়ী সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামী থেকে ৮ মনোনয়ন পেয়েছেন।

    তারা হলেন: কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা, সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক সাবিকুন নাহার মুন্নী, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক মারদিয়া মমতাজ, নাজমুন নাহার নীলু, সিলেটের মাহফুজা সিদ্দিকা, বগুড়ার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাজেদা সামাদ, খুলনা মহানগরীর সেক্রেটারি সামসুন নাহার।

    এনসিপি থেকে ২ মনোনয়ন পেয়েছেন। তারা হলেন: কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা মিতু, জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন।

    এছাড়া জাগপার চেয়ারম্যান তাসমিয়া প্রধান ও খেলাফত মজলিসের মাহবুবা হাকিম মনোনয়ন পেয়েছেন।

    এ বিষয়ে জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দিকা সংবাদমাধ্যমকে জানান, এই মনোনয়নের বিষয়ে চূড়ান্ত আলোচনা ও পরবর্তী করণীয় ঠিক করতে মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে জোটের সব প্রতিনিধিরা এক বিশেষ বৈঠকে বসবেন। সেখানে বিস্তারিত কর্মপরিকল্পনা জানানো হবে।

  • শ্রমিক নেতা নাজমুল হোসেন সাজনের নতুন পথ চলা !

    শ্রমিক নেতা নাজমুল হোসেন সাজনের নতুন পথ চলা !

    মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোলড়া গ্রামের কৃতি সন্তান এবং শ্রমিক আন্দোলনের পরিচিত মুখ মো. নাজমুল হোসেন সাজন দীর্ঘদিনের শ্রমিক রাজনীতির পাঠ চুকিয়ে এখন পুরোপুরি মনোনিবেশ করছেন সামাজিক উন্নয়নে।

    গত ১৫ এপ্রিল তিনি ব্যক্তিগত ও পেশাগত উন্নয়নের লক্ষ্যে ‘বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি’ সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় সকল পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন। ​মাত্র ৩০ বছর বয়সেই সাজন সংগঠনটির কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক এবং ধামরাই-মানিকগঞ্জ শাখার সভা-প্রধান হিসেবে দায়িত্ব পালন করে নিজের সাংগঠনিক দক্ষতার প্রমাণ দিয়েছেন। নীতিগত ও আদর্শিক অবস্থানের কারণে তিনি এই পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। ​

    নাজমুল হোসেন সাজন কেবল শ্রমিক নেতা হিসেবেই নন,বরং স্থানীয় অবকাঠামো উন্নয়নেও এক সাহসী কণ্ঠস্বর। গোলড়া গ্রামের অবহেলিত রাস্তার উন্নয়নের দাবিতে তিনি ছিলেন রাজপথের অগ্রসেনানি। ​২৯ জানুয়ারি ২০২৫ ইং তাঁর নেতৃত্বে ঢাকা-আরিচা মহাসড়কে টানা ৬ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালিত হয়।

    ​২৩ এপ্রিল ২০২৫ ইং মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বড় ধরনের আন্দোলনে নেতৃত্ব দেন তিনি, যা এলাকার রাস্তা সংস্কারে নিয়ামক ভূমিকা পালন করে। ​ধামরাই ও মানিকগঞ্জের শিল্পাঞ্চলে শ্রমিকদের ন্যায্য মজুরি এবং ১৮ দফা দাবি আদায়ে সাজন ছিলেন রাজপথের অবিচল যোদ্ধা।

    অন্তর্বর্তীকালীন সরকারের সময় শ্রম সংস্কার আন্দোলন থেকে শুরু করে সেই সংস্কার কে অধ্যাদেশ ও পরবর্তীতে স্থায়ী আইনে রূপান্তরের দাবিতে তাঁর ভূমিকা ছিল অগ্রগণ্য। মালিক ও শ্রমিক পক্ষের মধ্যে বহু জটিল সংকটে সমঝোতা করিয়ে শিল্পাঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ​

    শ্রমিক রাজনীতির আনুষ্ঠানিক দায়িত্ব ছাড়লেও জনসেবা ছাড়ছেন না তিনি। বর্তমানে সাজন ‘’একতা ও প্রগতি কল্যাণ সমাজ’’ নামক একটি সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এই সংগঠনের মাধ্যমে তিনি এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন এবং জনসচেতনতা বৃদ্ধিতে নতুন উদ্যমে কাজ শুরু করেছেন। ​

    নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মো. নাজমুল হোসেন সাজন বলেন, শ্রমিকদের অধিকার রক্ষার লড়াই আমার জীবনের শ্রেষ্ঠ অভিজ্ঞতা। তবে এখন আমি আমার নিজ এলাকার সাধারণ মানুষের জন্য আরও বৃহৎ পরিসরে কাজ করতে চাই। ”একতা ও প্রগতি কল্যাণ সমাজ” সেই লক্ষ্যেই এগিয়ে যাবে।

  • মানিকগঞ্জে শিশু আতিকা হত্যা মামলার প্রধান আসামি নাঈম গ্রেপ্তার

    মানিকগঞ্জে শিশু আতিকা হত্যা মামলার প্রধান আসামি নাঈম গ্রেপ্তার

    মানিকগঞ্জে শিশু আতিকা হত্যা মামলার প্রধান আসামি নাঈমকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। এ ঘটনায় ৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন শিশুটির মা। আজ শনিবার সকাল ১০টার দিকে তাকে ঢাকার নবাবগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে।

    গ্রেপ্তার নাঈম হোসেন সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপারিল গ্রামে গণপিটুনিতে নিহত পান্নু মিয়ার ছেলে।

    মানিকগঞ্জের পুলিশ সুপার সরওয়ার আলম জানান, সকালে অভিযান চালিয়ে নাঈমকে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলার অন্যান্য আসামিরা হলেন- নাঈমের বাবা পান্নু মিয়া, তার চাচা ফজলু, ভাই নাজমুল ও অজ্ঞাত একজন।

    এদের মধ্যে গতকাল গণপিটুনিতে নিহত হয়েছেন পান্নু ও ফজলু। আহত অবস্থায় ঢাকায় ভর্তি আছেন নাজমুল।

    উল্লেখ্য, বৃহস্পতিবার বনপারিল গ্রামের একটি বিয়ের অনুষ্ঠান থেকে নিখোঁজ হয় ৭ বছর বয়সী আতিকা। শুক্রবার তার মরদেহ পাওয়া যায় বাড়ি কাছের একটি ভুট্টা খেতে। এ ঘটনায় গ্রামবাসী আতিকা হত্যার সাথে জড়িত সন্দেহে স্থানীয়দের গণপিটুনিতে নাঈমের বাবা ও চাচা নিহত হন। ঘটনার পর থেকে পলাতক ছিল নাঈম।

  • দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ জ্বালানি মজুত রয়েছে !

    দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ জ্বালানি মজুত রয়েছে !

    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, দেশে এপ্রিল ও মে মাসের জন্য পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে। একই সঙ্গে জুন মাসের জ্বালানি সংগ্রহে কাজ করছে সরকার।

    শুক্রবার (১৭ এপ্রিল) সকালে চট্টগ্রামের পতেঙ্গায় ইস্টার্ন রিফাইনারি পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি।

    প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ জ্বালানি মজুত রয়েছে। পাশাপাশি বিভিন্ন উৎস থেকে জ্বালানি সংগ্রহের প্রচেষ্টা চালানো হচ্ছে। ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন কার্যক্রম বন্ধ থাকায় পরিশোধিত জ্বালানি আমদানির ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

    লোডশেডিং প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে বর্তমানে শিল্প ও কৃষি খাতকে অগ্রাধিকার দিয়ে বিদ্যুৎ ব্যবস্থাপনা করা হচ্ছে। এ কারণে গৃহস্থালি খাতে তুলনামূলকভাবে কম বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। তবে মে মাসে ফসল উত্তোলন শুরু হলে পুনরায় গৃহস্থালি খাতকে অগ্রাধিকার দেওয়া হবে।

  • মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র রমজান আলী আটক !

    মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র রমজান আলী আটক !

    দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা বিশেষ দুই মামলায় মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি রমজান আলীকে আটক করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

    বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসান তার জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।

    আদালত সূত্রে জানা যায়, ২০০৭ সালের মে মাসে তৎকালীন জেলা দুদকের সহকারী পরিচালক মো. আব্দুল মাজেদ পৌরসভার প্রায় ৩ লাখ ২৫ হাজার ৩৩০ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক মেয়র রমজান আলী ও মেসার্স মহুয়া কনস্ট্রাকশনের আমিরুল ইসলাম মট্টুর বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে ২০০৯ সালে মামলাগুলো বিশেষ মামলায় অন্তর্ভুক্ত করা হয়।

    মামলার কার্যক্রম চলাকালে তিনি দীর্ঘদিন উচ্চ আদালত থেকে জামিনে থাকলেও জামিনের মেয়াদ শেষ হওয়ার পর আত্মগোপনে চলে যান। পরবর্তীতে দীর্ঘদিন আদালতে হাজিরা না দেওয়ায় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

    এর মধ্যে  তিনি বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

    এ বিষয়ে দুদকের পাবলিক প্রসিকিউটর দেওয়ান মো. মিজানুর রহমান জানান, তার জামিনের মেয়াদ শেষ হওয়ার পর তিনি আত্মগোপনে ছিলেন। এ অবস্থায় চলতি বছরের ১ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

    দীর্ঘদিন পলাতক থাকার পর গতকাল আদালতে আত্মসমর্পণ করলেও আইনের বিধান অনুযায়ী তার জামিন আবেদন নামঞ্জুর করে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

    আসামি পক্ষের আইনজীবী এটিএম শাহজাহান বলেন, তার বিরুদ্ধে অভিযোগ ষড়যন্ত্রমূলক, উদ্দেশ্যপ্রণোদিত ও রাজনৈতিক প্রতিপক্ষতাকে ঘায়েল করার জন্য এই মামলা দায়ের করা হয়েছে। আজকে জামিন নামঞ্জুর হলেও বিশেষ বিবেচনায় এই আদালত থেকে জামিন মঞ্জুর করবে আমরা এই আশাবাদ রাখছি।

     

     

  • মানিকগঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, ঘটনায় জড়িত সন্দেহে গনপিটুনীতে নিহত-২

    মানিকগঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, ঘটনায় জড়িত সন্দেহে গনপিটুনীতে নিহত-২

    মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপারিল দক্ষিণপাড়া এলাকায়  আতিকা আক্তার (৭) নামে এক শিশুর নিখোঁজের পর তার মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতার হামলা ও গণপিটুনিতে সন্দেহজনক দুজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ১৬ এপ্রিল বৃহস্পতিবার বিকাল আনুমানিক ৪টার দিকে দুদল মিয়া ও আরিফা আক্তার দম্পতির মেয়ে, ১ম শ্রেণীর ছাত্রী আতিকা আক্তার স্থানীয় একটি বিয়ের গায়ে হলুদ অনুষ্ঠানে গিয়ে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলার কিছু সময় পর নিখোঁজ হয়ে যায়।

    বিষয়টি তার পরিবার সামাজিক মাধ্যম (ফেসবুকে) পোষ্ট দিয়ে এবং মাইকিং করে তাকে খোঁজাখোজির করেন। এক পর্যায়ে আতিকার চাচাতো ভাই আলী (৬) জানায়, সে আতিকাকে প্রতিবেশী কিশোর নাঈম (১৫) এর সঙ্গে যেতে দেখেছে। পরে সন্দেহভাজন নাঈমকে জিজ্ঞাসাবাদ করলে সে পাশের একটি ভুট্টাক্ষেতের কথা জানায়।  রাত আনুমানিক ১০টার দিকে ওই ক্ষেত থেকে হাত-পা বাঁধা অবস্থায় আতিকার মরদেহ উদ্ধার করা হয়।

    ঘটনার পরপরই এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতা নাঈমের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং জড়িত সন্দেহে কয়েকজনকে গণধোলাই দেয়।

    এতে নাঈমের পিতা অটোচালক পান্নু মিয়া (৪৫) এবং তার ভাই ফজলু (২৮) নিহত হন। এছাড়া পান্নু মিয়ার ছেলে নাজমুল (২২) গুরুতর আহত হন। আহত নাজমুলকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।এবিষয়ে মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকরাম হোসেন জানান, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

    প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যে শিশুটিকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে যাই হোক ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার `ইআরএল’ বন্ধ ঘোষণা !

    দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার `ইআরএল’ বন্ধ ঘোষণা !

    দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি লিমিটেড (ইআরএল) বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) সংকটের কারণে কর্তৃপক্ষ এ পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে বলে জানানো হয়েছে।

    গতকাল সোমবার বিকেলে ইস্টার্ন রিফাইনারিতে শেষ পরিশোধন কার্যক্রম হয়েছিল বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির দুজন কর্মকর্তা।

    ইআরএল কর্মকর্তাদের তথ্যমতে, সংকটের মধ্যে কক্সবাজারের মহেশখালীর সিঙ্গেল পয়েন্ট মুরিংয়ের (এসপিএম) পাইপলাইনে জমে থাকা ৫ হাজার টন এবং অপরিশোধিত তেলের চারটি ট্যাংকের ডেড স্টক (মজুত ট্যাংকের তলানিতে জমে থাকা অপরিশোধিত তেল) তুলেও পরিশোধন কার্যক্রম পরিচালনা করা হয়েছিল।

    ইআরএলের মহাব্যবস্থাপক (ডেভেলপমেন্ট অ্যান্ড কন্ট্রোল) তাজুল ইসলাম বলেন, ক্রুড সংকট ও সিংক্রোনাইজেশনের কারণে আগামী এক সপ্তাহের জন্য রিফাইনারির কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। আশা করছি, ক্রুডের চালান পৌঁছালে কারখানা আবার পুরোদমে চালু হবে।

    প্রসঙ্গত, ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে সৃষ্ট সংকটে প্রায় দুই মাস ধরে অপরিশোধিত তেল আমদানি বন্ধ রয়েছে। আগামী মে মাসের প্রথম সপ্তাহে পরবর্তী আমদানি চালান দেশে আসার কথা রয়েছে। সে পর্যন্ত অপেক্ষা করতে হবে ইআরএল কর্তৃপক্ষকে।

    কর্মকর্তারা আরও জানান, ইআরএল সাধারণত দৈনিক গড়ে ৪ হাজার ৫০০ টন ক্রুড তেল পরিশোধন করে থাকে। তবে, ক্রুড সংকটের কারণে গত মাস থেকেই পরিশোধন কমিয়ে দৈনিক ৩ হাজার ৫০০ টন করা হয়েছিল।

    গত ৪ মার্চ পর্যন্ত প্রতিষ্ঠানটির কাছে ব্যবহারযোগ্য তেলের মজুত ২ হাজার টনের নিচে নেমে এসেছে। এভাবে পাম্প চালানো যন্ত্রপাতির জন্য ঝুঁকিপূর্ণ এবং শোধনাগারের ক্ষতির আশঙ্কা থাকে। তাই নিরাপত্তার স্বার্থে পরিশোধন কার্যক্রম স্থগিত করা হয়েছে।