Category: ঢাকা বিভাগ

  • পদ্মা সেতু প্রকল্প রক্ষা বাঁধে ভাঙন  ২ঘন্টায় বিলীন ১০টি ব্যবসা প্রতিষ্ঠান ও ৮ বাড়ী !

    পদ্মা সেতু প্রকল্প রক্ষা বাঁধে ভাঙন  ২ঘন্টায় বিলীন ১০টি ব্যবসা প্রতিষ্ঠান ও ৮ বাড়ী !

    শরীয়তপুর প্রতিনিধি ॥ কোন কিছু না বুঝতেই আকস্মিক পদ্মার আগ্রাসী থাবায় জাজিরায় পদ্মা সেতু প্রকল্প রক্ষা বাঁধের প্রায় ১৫০ মিটার বিলীন হয়ে গেছে। ২ঘন্টার এই ভয়াবহ পদ্মার ভাঙ্গনে বাঁধের পাশে থাকা ১২টি ব্যবসা প্রতিষ্ঠান ও ১টি টিনসেট বাড়ীর ৮টি কক্ষ নদীগর্ভে বিলীন হয়ে যায়।

    এ সময় অনেক চেষ্টা করেও শ্রমিক সংকট ও বৈরি আহাওয়ার কারনে ক্ষতিগ্রস্তরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান ও বসত ঘর রক্ষা করতে পারেনি। চোখের সামনেই বিলীন হয়ে যায় সবকিছু। ভাঙ্গন আতঙ্কে রয়েছে পদ্মার তীরবর্তী আলমখার কান্দি, হাজী ওসিমুদ্দিন মাদবর কান্দি ও স্থানীয় মঙ্গল মাঝির বাজার।

    এদিকে তাৎক্ষনিক ভাঙ্গন রোধে শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ড জরুরী ভিত্তিতে জিও-ব্যাগ ফেলার কাজ শুরু করেছে। অপর দিকে আজ সকালে শরীয়তপুরের জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মো: ওয়াহিদ হোসেন, পুলিশ সুপার মো: নজরুল ইসলাম ও জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

    এছাড়াও শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সরদার একে এম নাসির উদ্দিন কালু জাজিরা উপজেলা বিএনপির নেতৃবৃন্দদের সাথে নিয়ে ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত লোকজনের খোজ খবর নেন।

    স্থানীয় ও পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানাগেছে জানায়, ২০১০-১১ অর্থবছরে পদ্মা সেতু থেকে মাঝির ঘাট হয়ে পূর্ব নাওডোবা আলমখার কান্দি জিরো পয়েন্ট পর্যন্ত ১১০ কোটি টাকা ব্যায়ে দুই কিলোমিটার পদ্মা সেতু প্রকল্পের কনস্ট্রাকশন ইয়ার্ড বাঁধ নির্মাণ করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

    এর পর ২০২৪ সালের সেপ্টম্বর পর্যন্ত ওই এলাকায় পদ্মার ভাঙ্গন দেখা যায়নি। ২০২৪ সালের নভেম্বর মাসে পদ্মা সেতু প্রকল্পের এই বাঁধটির প্রায় ১০০ মিটার নদীগর্ভে ধসে যায়। পরে ধসে যাওয়া বাঁধটির সংস্কারে শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডকে দায়িত্ব দেয়া হলে ওই স্থানে বালুভর্তি জিওব্যাগ ও সিসি ব্লক ফেলার কাজ শুরু করা হয়।

    দ্বিতীয় দফায় চলতি বছরের ৮ জুন সকালে একই স্থানে প্রায় ১৫০ মিটার অংশ নদীতে ধসে পড়ে। পরে ক্ষতিগ্রস্থ স্থানে নতুন করে জিওব্যাগ ডাম্পি করে শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ড। এর পর গতকাল সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে নতুন করে রক্ষা বাঁধের মঙ্গলমাঝির ঘাট সংলগ্ন এলাকায় হঠাৎ করে আবারও ভাঙ্গন শুরু হয়।

    স্থানীয়রা কোন কিছু বুঝার আগেই ২ঘন্টার এই ভয়াবহ ভাঙ্গনে প্রায় ১৫০ মিটার রক্ষা বাঁধ, পদ্মাতীর সংলগ্ন স্বপন মাদবরের একতলা ৮কক্ষের ১টি পাকা ঘর, রাজা মাদবরের ১টি ঘর, শুকুর খালাসির হার্ডওয়্যারের দোকান, ফরিদ মাদবরের সারের দোকান, ফিরোজ মাঝির মেশিনারিজ দোকান, সাত্তার খার কাঠালের গোডাউন, সালাম পোদ্দারের চায়ের দোকান, শুকুরের চায়ের দোকান, নোয়াব আলী শেখের মুদি মালের গোডাউন, মিন্টুর সেলুন, স্বপনের সেলুনসহ ১২ টি ব্যবসা প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়ে যায়। ভাঙ্গন আতঙ্কে নদী তীরবর্তী আরও অন্তত ২০টি বসতঘর ও ১০টি ব্যবসা প্রতিষ্ঠান সরিয়ে নিয়েছেন স্থানীয়রা।

    এ ব্যাপারে মঙ্গল মাঝি বাজারের ব্যবসায়ী সিরাজ শেখ ও আবু আলেম শেখ ও মজিবুর হাওলাদার জানান, বিকাল সাড়েটার দিকে বাজারের অনেক ব্যবসাীয় দুপুরের খাবার ক্ষেতে গেছে, আবার অনেকে বাজারেই অবস্থান করছে। এর মধ্যে হঠাৎ দেখি লোকজন ছোটাছুটি করছে।

    দোকান বন্ধ না করেই দৌরে গিয়ে দেখতে পাই একের পর এক ঘর নদীতে পরে যাচ্ছে। আমরা অনেক চেষ্টা করি ব্যবসা প্রতিষ্ঠান ও বসত ঘরগুলোর মালামাল সরানোর। কিছু কিছু ঘরের মালামাল সরাতে পারলেও চোখের সামনেই অধিকাংশ ব্যবসা প্রষ্ঠিানের মালামালসহ পুরো ঘর নদীগর্ভে বিলীন হয়ে যায়।

    পূর্ব নাওডোবা ইউপি চেয়ারম্যান মো: আলতাফ খান বলেন, পদ্মা নদীর গতীপথ পরিবর্তনের কারনে এই ভাঙ্গন দেখা দিয়েছে। একে একে এই বাঁধে তিনবার ভাঙ্গনের সম্মক্ষীন হওয়ায় এই এলাকার নদী তীরবর্তী গ্রামের মানুষ আতঙ্কে রয়েছে।

    এভাবে ভাঙ্গন অব্যাহত থাকলে অচিরেই হারিয়ে যাবে নাওডোবা এলাকার পদ্মা তীরবর্তী দুইটি গ্রাম ও মঙ্গলমাঝির হাট । সরকারের কাছে আমাদের একটাই দাবী পদ্মা পারের এই এলাকার মানুষের জন্য দ্রুত স্থায়ী তীর রক্ষা বাঁধ নির্মান করে ভাঙ্গনের কবল থেকে আমাদেরকে রক্ষা করা হোক।

    এ ব্যাপারে শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী তারেক হাসান বলেন, এই বাধঁটি নির্মান করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। বাঁধটিতে আরও ২বার ধস হওয়ার পর জরুরি ভিত্তিতে ২টি প্যাকেজে ৫৯ লাখ টাকা ব্যায়ে জিওব্যাগ ফেলা হয়েছে। গতকাল পূণরায় বাঁধটির আরও একটি অংশ ধসে যাওয়ায় আজ মঙ্গলবার সকাল থেকেই ভাঙ্গন রোধে জিওব্যাগ ফেলা শুরু করেছি।

    জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী রায় বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভাঙ্গন কবলিত ক্ষতিগ্রস্ত ১২ পরিবারের মাঝে নগদ ৫হাজার করে টাকা ও ১৬ পরিবারকে ৬ হাজার করে টাকার চেক প্রদান করেছি।

     

  • টাঙ্গাইলের ধনবাড়ীতে বাস-সিএনজি সংঘর্ষে ৩ জন নিহত

    টাঙ্গাইলের ধনবাড়ীতে বাস-সিএনজি সংঘর্ষে ৩ জন নিহত

    টাঙ্গাইলের ধনবাড়ীতে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আরও একজন আহত হয়েছেন।

    সোমবার (৭ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার বাঘিল এলাকায় ঢাকা-জামালপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন জামালপুর জেলার মজিবুর রহমানের স্ত্রী কাজল রেখা (৪৫) ও তার ছেলে শ্রাবণ (১৬)। অপর নারীর পরিচয় জানা যায়নি।

    ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল্লাহ জাগো নিউজকে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী একটি যাত্রীবাহী বাস উপজেলার বাঘিল এলাকায় মধুপুরগামী একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

    এতে ঘটনাস্থলেই সিএনজির একজন নিহত হন। আহত হন বেশ কয়েকজন। পরে আহতদের ধনবাড়ী ও মধুপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

    এ ঘটনায় বাসটি আটক করলেও এর চালক পালিয়ে গেছেন। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

  • মানিকগঞ্জে অস্ত্র মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    মানিকগঞ্জে অস্ত্র মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    মানিকগঞ্জের দৌলতপুরে অস্ত্র মামলার এজাহারভুক্ত আসামি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস.এম. জাহাঙ্গীর আলমকে (৫৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

    আজ সোমবার (৭ জুলাই) বিকেলে উপজেলার বাঘুটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে দৌলতপুর থানা পুলিশ। গ্রেপ্তার জাহাঙ্গীর আলম উপজেলার পারুরিয়া গ্রামের মৃত জয়নুদ্দিন শেখের ছেলে।

    দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.আর.এম আল মামুন জানান, এস.এম. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ২০২৪ সালের ৩ ডিসেম্বর দৌলতপুর থানায় অস্ত্রসহ দণ্ডবিধির ১৪৩/৩২৪/৩২৬/৪২৭/৫০৬(২) ধারায় একটি মামলা দায়ের করা হয়।

    মামলা দায়েরের পর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আজ তাকে গ্রেপ্তার করা হয়।

  • মানিকগঞ্জের সাটুরিয়ায় সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার ৪

    মানিকগঞ্জের সাটুরিয়ায় সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার ৪

    মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার আওয়ামী লীগের সাংগঠনিক ও যুবলীগের সাধারণ সম্পাদকসহ ৪ নেতাকে গ্রেপ্তার করেছে সাটুরিয়া থানা পুলিশ। আজ সোমবার বিকেলে উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তারকৃতরা হলেন,উপজেলার হরগজ ইউনিয়নের নয়াপাড়া গ্রামের উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাকা (৪৬), পিতা মৃত- আলেপ মোল্লা, সাটুরিয়া ইউনিয়নের উত্তর কাওন্নারা গ্রামের উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক(৪৫), পিতা মৃত-মৃত ফজলুর রহমান, সাটুরিয়া ইউনিয়নের চামুটিয়া গ্রামের মৃত তোলা মাষ্টার ছেলে (আওয়ামী লীগ নেতা) মো: হেলাল উদ্দিন (৪৮) ও কাওন্নরা গ্রামের আছর উদ্দিন ছেলে রাব্বি মিয়া(২৩)।

    থানা সূত্রে জানা যায়,সন্ত্রাসবিরোধী আইনে পুলিশের দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। মামলায় ১০ জনের নাম উল্লেখ করে ও ৬০/৭০ জন অজ্ঞাত আসামি করা হয়েছে।

    সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহিনুল ইসলাম জানান, মামলায় সংশ্লিষ্টতা পাওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। আজ সন্ধ্যায় তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

  • মানিকগঞ্জ জেলা প্রশাসকের সাথে এনসিপি নেতৃবৃন্দের সৌজন্য স্বাক্ষাৎ !

    মানিকগঞ্জ জেলা প্রশাসকের সাথে এনসিপি নেতৃবৃন্দের সৌজন্য স্বাক্ষাৎ !

    মানিকগঞ্জ জেলা প্রশাসক জনাব ড. মনোয়ার হোসেন মোল্লার (উপ-সচিব) সাথে সৌজন্য স্বাক্ষাৎ করেছেন জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দ। আজ সোমবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এই স্বাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এনসিপির পক্ষ থেকে এই স্বাক্ষাতের নেতৃত্ব প্রদান করেন, মানিকগঞ্জ জেলা কমিটির প্রধান সমন্বয়ক এ্যাড. জনাব জাহিদুর রহমান তালুকদার।

    স্বাক্ষাতে জুলাই বিপ্লবে এসিপির অবদানের কথা স্মরণ করে জেলা প্রশাসক বলেন, দেশ ও জাতির কল্যাণে এসিপির অবদান অবি-স্মরনীয়। এই সময় তিনি দেশের ক্রান্তিলগ্নে,  যে কোন সমস্যা সমাধানে এনসিপিকে এগিয়ে আশার আহ্ববান জানান। তিনি বলেন, দেশও জাতির গঠণে ছাত্রসমাজ ও তরুন নেতৃত্বের বিকল্প নাই।

    জেলা প্রশাসক মহোদ্বয়কে ধন্যবাদ জ্ঞাপন করে এনসিপির নেতা জনাব এ্যাড. জাহিদুর রহমান তালুকদার বলেন, মূলতঃ দেশ ও জাতি গঠণের অঙ্গিকার নিয়েই জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) জন্ম হয়েছে। ঔপনিবেশিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আন্দোলন চলমান থাকবে।

    তিনি আরো বলেন, আমাদের লক্ষ্য ‘শুধু শাসকের পরির্বতন নয়, আমরা গোটা শাসন ব্যবস্থার পরিবর্তন চাই। আমরা দেশের সকল প্রকার দুনীর্তি, সন্ত্রাস, দখলবাজী, অপ-রাজনীতি ও রাজনীতিতে পরিবারতন্ত্রের বিলোপ চাই। আমরা একটি সাম্য, সমতার বাংলাদেশ চাই। সকল পেশা ও সকল শ্রেনীর মানুষের সমান অধিকার ও সহ-অবস্থান চাই।

    এই সময় তিনি, আগামী ১৭ই জুলাই এনসিপির উর্ধ্বতন নেতৃবৃন্দের মানিকগঞ্জ সফর সম্পর্কে জেলা প্রশাসককে অবহিত করেন এবং এই ব্যাপারে সর্বাত্বক সহযোগিতা কামনা করেন।

  • মানিকগঞ্জে ৩০ হাজার ইমাম ভক্তের অংশগ্রহণে হবে তাজিয়া মিছিল

    মানিকগঞ্জে ৩০ হাজার ইমাম ভক্তের অংশগ্রহণে হবে তাজিয়া মিছিল

    শতাব্দী প্রাচীন মানিকগঞ্জের গড়পাড়া ইমাম বাড়িতে প্রতিবারের মতো এবারো যাথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পবিত্র আশুরা উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

    রবিবার (৬ জুলাই) সকাল থেকেই হাজারো ভক্ত আর দর্শনার্থীদের পদচারণায় মুখরিত ইমামবাড়ির প্রাঙ্গণ। বিকেলে প্রায় ৩০ হাজার ইমাম ভক্তের অংশগ্রহণে বের হবে তাজিয়া মিছিল।

    আজ সকাল থেকেই বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে গড়পাড়া ইমাম বাড়িতে জড়ো হতে শুরু করেছেন মানুষ। ‘হায় হোসেন’ ‘হায় হোসেন’ ধ্বনিতে ইমাম বাড়ি আঙ্গিনা ও মাঠে মাতম করতে দেখা গেছে তাদের।

    কারবালার স্মৃতিকে স্মরণ করে গতকাল শনিবার রাতভর চলে জারি, সারি ও মার্সিয়া মাতমসহ নানা আনুষ্ঠানিকতা। আয়োজকরা জানান, তাজিয়া মিছিলে ইমাম হোসেনের ঘোড়া দুলদুলের প্রতিকৃতি এবং কারবালার স্মৃতির সঙ্গে জড়িত লাল-সবুজ নিশান হাতে নিয়ে অংশগ্রহণ নেবেন ইমাম হোসেনের ভক্তরা।

    ইমাম বাড়ি থেকে বের হওয়া তাজিয়া মিছিল শেষ হবে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

    গড়পাড়া ইমাম বাড়ির পীর শাহ আশিকুর রহমান বাবু জানান, গড়পাড়া ইমাম বাড়িতে বংশপরম্পরায় প্রায় শত বছর ধরে পবিত্র আশুরা পালন করে আসছে। দেশের বিভিন্ন স্থান থেকে এখানে হাজারো মানুষ সমবেত হন। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ইমাম ভক্তরা মার্সিয়া মাতমসহ নানা আয়োজনে অংশ নেন।

    মানিকগঞ্জের পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন বলেন, তাজিয়া মিছিলকে ঘিরে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে জেলা পুলিশ। গড়পাড়া ইমাম বাড়িসহ শহরের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

    ১০ মহররম বিশ্বের মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ দিন। দিনটি পবিত্র আশুরা নামে পরিচিত। আশুরা শব্দের অর্থ দশম। মহররম অর্থ সম্মানিত। হিজরি ৬১ সনের ১০ মহররম সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) এবং তার পরিবারের সদস্যরা কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরে নির্মমভাবে শহীদ হন।

    ইমাম হোসেনের আত্মত্যাগ ও সপরিবারে শহীদ হওয়ার ঘটনাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আসছে মানিকগঞ্জের গড়পাড়া ইমাম বাড়ি।

  • সাটুরিয়ার দিঘলীয়া ইউনিয়ন বিএনপি’র সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উদ্বোধন

    সাটুরিয়ার দিঘলীয়া ইউনিয়ন বিএনপি’র সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উদ্বোধন

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রাথমিক সদস্যপদ সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচি সুষ্ঠভাবে হয়েছে। শনিবার ২৮ জুন বিকাল ৪ ঘটিকায় সাটুরিয়া উপজেলাধীন ২নং দিঘলীয়া ইউনিয়ন  বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে অত্র ইউনিয়ন পরিষদ হলরুমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

    অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য জনাব আব্দুল কদ্দুস খান মাখন মিয়া। সভায় সভাপতিত্ব ইউনিয়ন বিএনপির সভাপতি প্রিন্সিপাল জনাব মশিউর রহমান হেলালী।

    প্রধান অতিথির বক্তব্যে আব্দুল কদ্দুস খান মাখন বলেন, ২০০৯ সারা বাংলাদেশে সদস্য সংগ্রহ করা হয়েছিল। তারই প্রেক্ষিতে জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ড সকল কমিটির গঠন করা হয়েছিল। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন কারণে আর সদস্য সংগ্রহ করা হয় নাই। এখন আবার সারাদেশে সদস্য সংগ্রহ করার কার্যক্রম চালু হয়েছে। এর এই প্রেক্ষিতে আগামীতে সকল কমিটি গঠন করা হবে।

    তিনি আরো বলেন, কোনভাবে যাতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের এসব সদস্য সংগ্রহ ফরম পূরণ করতে না পারে সেই দিকে আপনাদের দৃষ্টি রাখতে হবে। আপনারা বাড়ি বাড়ি গিয়ে ভালোভাবে খোঁজখবর নিয়ে সদস্য সংগ্রহের কাজ চালিয়ে যাবেন।

    ইউনয়ন বিএনপির সাধারন সম্পাদক জনাব আব্দুর রহমান বলেন, স্বৈরাচার আওয়ামী সরকার  দীর্ঘ নির্যাতন ও নিপীড়ন করেও বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিকে দমাতে পারে নাই। ভবিষ্যতেও  আর কোন অপ-শক্তি আমাদেরকে দমাতে পারবে না ।

    তিনি আরো বলেন, আমরা তরুন প্রজন্মের অহংকার ভবিষ্যৎ দেশকান্ডারী তারেক রহমানের ডাকে সর্বদাই অবিচল থাকবো। নতুন সদস্যদের প্রতি আমার প্রাণ ঢালা অভিনন্দন থাকলো। আসুন, সম্মিলিত প্রয়াসে আমরা আরো একবার আসন্ন সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে মানিকগঞ্জের  মানিক আফরোজা খান রিতা আপার হাতকে শক্তিশালী করি।

    এই সময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সংগ্রামী সাংগঠণিক সম্পাদক জনাব আব্দুর রহমান, পাকুটিয়া বিসিআরজি কলেজের প্রদর্শক মোঃ রফিকুল ইসলাম (রাজা মিয়া)  কোষাধ্যক্ষ মোঃ খোরশেদ আলম নোমান, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জনাব জসীম উদ্দিন মাষ্টার, বিএনপির নেতা সানোয়ার হোসেন সানু ও  অঙ্গ-সংগঠণের নেতৃবৃন্দ।

  • সিংগাইরে বালু ফেলে দোকান বন্ধ ! ভোগান্তিতে ব্যবসায়ীরা

    সিংগাইরে বালু ফেলে দোকান বন্ধ ! ভোগান্তিতে ব্যবসায়ীরা

    মানিকগঞ্জের সিংগাইরে চান্দহর বাজারে একটি বিরোধপূর্ণ জমির দখল নিতে রাতের আঁধারে একটি দোকানের সাটার বন্ধ করে বালু ফেলে ব্যবসা প্রতিষ্ঠান দখলের অভিযোগ উঠেছে। এই ঘটনায় দোকান ভাড়া নিয়ে ব্যবসা করা ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়েছেন। গত ৩০ জুন গভীর রাতে এই ঘটনা ঘটেছে বলে জানা যায়।

    ভুক্তভোগী দোকান মালিক প্রবাসী রবিউল ইসলাম খান মুঠোফোনে জানিয়েছেন, জমিটি তিনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন এবং প্রায় ২৫ বছর ধরে সেখানে দোকান নির্মাণ করে ব্যবসা করছেন ও জমি ভোগদখল করছেন। এই জমি নিয়ে আদালতে একটি মামলাও চলমান আছে। তিনি আরও জানান, এর আগে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিশি বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। সর্বশেষ, গত ৩০ জুন রাতে বিপক্ষের লোকজন দোকানের সামনে ট্রাকভর্তি বালু ফেলে দোকান বন্ধ করে দেন। ভাড়াটিয়ারা বালু সরানোর কথা বললে মনির সরদার ক্ষতি করার হুমকি দেন। এই হয়রানির সুষ্ঠু বিচার ও সমাধান চেয়েছেন তিনি।

    রবিউলের স্ত্রী শারমিন আক্তার জানান, তার স্বামী প্রবাসে থাকায় তিনি বাদী হয়ে শান্তিপুর তদন্ত কেন্দ্রে অভিযোগ করেছেন, কিন্তু পুলিশ কার্যকরী কোনো পদক্ষেপ নেয়নি।

    ভুক্তভোগী ভাড়াটিয়া ব্যবসায়ীরা বলেন, তারা রবিউল ইসলামের কাছ থেকে দোকান ভাড়া নিয়ে ব্যবসা করেন। ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই মনির সরদার তাদের দোকান ছেড়ে দেওয়ার জন্য হুমকি দিচ্ছেন। মঙ্গলবার সকালে দোকানে এসে তারা দেখেন, রাতের আঁধারে বালু ফেলে দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের দোকানের ভেতরে প্রয়োজনীয় ও মূল্যবান মালামাল আটকা পড়েছে, যা তারা বের করতে পারছেন না। তারা এই জোর করে রাস্তা বন্ধ করে ব্যবসা দখলের চেষ্টা মেনে না নেওয়ার কথা জানিয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

    অভিযুক্ত মনির সরদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। তার শাশুড়ি রহিমা বেগম বালু ফেলার বিষয়টি স্বীকার করে বলেছেন, “জমিটি আমাদের। রবিউল আওয়ামী লীগের ক্ষমতার দাপটে এতদিন জবরদখল করে রেখেছিল। এখন আমরা আমাদের জমি দখলে নেব। জমি নিয়ে আদালতে মামলা হয়েছে। আদালত যে রায় দেবেন, আমরা সেটাই মেনে নেব।”

    এই ঘটনায় দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ এবং আদালতে মামলা চলমান রয়েছে।

    এ বিষয়ে শান্তিপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ বাসুদেব সিনহা বলেছেন, অভিযোগ পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন এবং বালু সরিয়ে নিতে বলা হয়েছিল। পরে জানতে পারেন, এখনো বালু সরানো হয়নি। তিনি জানান, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • সাটুরিয়ায় নামে আগে ডাঃ লাগিয়ে রোগি দেখতেন প্রতারক মো. লুৎফর রহমান !

    সাটুরিয়ায় নামে আগে ডাঃ লাগিয়ে রোগি দেখতেন প্রতারক মো. লুৎফর রহমান !

    নামের আগে ডাক্তার উপাধি ও রোগীদের প্রেসক্রিপশন দেওয়া এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগে ফার্মাসিস্ট মো. লুৎফর রহমান নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ও তার ছেলে মো. গোলাপ (৪৫) হোসেনকে ১৪ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

    বুধবার (২ জুলাই) বিকাল ৫টার দিকে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম বাজারের এ রহমান ফার্মেসিতে অভিযান পরিচালনা করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ এ শাস্তি দেন।

    জানা যায়, মো. গোলাপ হোসেনকে মেডিক্যাল এবং ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৯ (২) ধারা মোতাবেক ১৪ দিনের কারাদণ্ড এবং তার বাবা লুৎফর রহমানকে (৭০) ঔষধ কসমেটিকস আইন ২০২৩ এর ৪০(খ ও গ) ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ ৫০ হাজার টাকা অথদণ্ড প্রদান করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন সুলতানা রিফাত ফেরদৌস, সহকারী পরিচালক, ঔষধ প্রশাসন মানিকগঞ্জ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মনিরুজ্জামান।

  • মানিকগঞ্জ-১ আসনের সাবেক এমপি দুর্জয় ৪ দিনের রিমান্ডে

    মানিকগঞ্জ-১ আসনের সাবেক এমপি দুর্জয় ৪ দিনের রিমান্ডে

    মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়ের চার দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

    বৃহস্পতিবার (৩ জুলাই) মানিকগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাদবীর ইয়াছির আহসান চৌধুরী এ আদেশ দেন।

    আদালতে দুর্জয়ের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

    অন্যদিকে দুর্জয়ের আইনজীবী তার জামিনের আবেদন করলে বিচারক তা নাকচ করে দেন।

    এর আগে, বুধবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর লালমাটিয়া এলাকার নিজ বাসভবন থেকে দুর্জয়কে গ্রেপ্তার করে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ দুপুরে তাকে কঠোর পুলিশি নিরাপত্তায় আদালতে হাজির করা হয়।

    বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ।

    তিনি বলেন, দুর্জয়ের বিরুদ্ধে বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

    প্রসঙ্গত, ২০২৩ সালের ৩ ডিসেম্বর মানিকগঞ্জ সদর থানায় (১৯০৮) সালের বিস্ফোরক উপাদানাবলী আইনের আওতায় মামলাটি দায়ের করেন মো. সাদিকুল ইসলাম রাব্বি। মামলায় আরো একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

    এদিকে, সকাল থেকেই আদালত চত্বরে বিএনপি নেতাকর্মীসহ বিক্ষুব্ধ জনতা দুর্জয়ের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ করে।