Category: রাজশাহী বিভাগ

  • চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে র‌্যাব- বিজিবির যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

    চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে র‌্যাব- বিজিবির যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে র‍্যাব- বিজিবির যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার করে।

    বুধবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, মহানন্দা ব্যাটালিয়নের অধীনস্থ শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ১৮২ হতে আনুমানিক ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে উক্ত যৌথ অভিযানে টহলদল মালিকবিহীন ১টি বিদেশী পিস্তল, ৬ রাউন্ড গুলি ২টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

    উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও ম্যাগাজিন জিডি করে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযানে র‍্যাবের পক্ষে নেতৃত্ব দেন সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ কোম্পানী কমান্ডার লে. সাঈদ মাহমুদ সাদান (বিএন) ও বিজিবি এর পক্ষে নেতৃত্ব দেন আজমতপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ শাহীনুর রহমান।

    এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধ অস্ত্র ও গোলাবারুদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে, অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

  • শিবগঞ্জকে বাল্যবিবাহমুক্ত উপজেলা ঘোষণা

    শিবগঞ্জকে বাল্যবিবাহমুক্ত উপজেলা ঘোষণা

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ “শিশুর শৈশব মানেই খেলাধুলা, শিক্ষা আর
    রঙিন স্বপ্ন”-কিন্তু বাল্যবিবাহ নামের অমানিশা সেই শৈশব কেড়ে নিয়ে ভবিষ্যৎকে করে দেয় অন্ধকার। অবশেষে সেই অন্ধকার ভেদ করে নতুন ইতিহাস গড়ল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা।

    বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়ো-জিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়, শিবগঞ্জ এখন বাল্যবিবাহমুক্ত উপজেলা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপ-জেলা নির্বাহী অফিসার মোঃ আজাহার আলী।

    অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজু উইলিয়াম রোজারিও, উপ- পরি-চালক (ফিল্ড অপারেশন, খুলনা, বরিশাল ও রাজশাহী অঞ্চল), ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোঃ রবিউল ইসলাম, অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া।

    এসময় আরো উপস্থিত ছিলেন, দুর্লভপুর ইউপি চেয়ারম্যান মুহাঃ আযম আলী, মোরগপুর ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক (হায়দারি), শাহবাজপুর জামে মসজিদের ইমাম মোঃ তহসিন এবং অন্যান্য জন-প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন।

    অনুষ্ঠানের সহযোগী প্রতিষ্ঠান ছিল “স্ট্রেংদেনিং সোশ্যাল এন্ডবিহেভিয়ার চেঞ্জ প্রকল্প, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।” স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার এরিয়া কো-অর্ডিনেশন (রাজশাহী অফিস) লোটাস চিসিম।

    অনুষ্ঠানের আবেগঘন মুহূর্ত ছত্রাজিতপুর ইউনিয়নের এক কিশোরী সুমিতা খাতুন, যিনি বাল্যবিবাহের হাত থেকে ফিরে এসেছেন, সাক্ষ্য হিসেবে তার জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন। কণ্ঠ ভারী করে তিনি বলেন— “আজ আমি পড়াশোনা করছি, স্বপ্ন দেখছি। এই ঘোষণা আমাকে নতুন জীবনের সাহস দিয়েছে।”

    একজন মা চোখ ভিজে গিয়ে বলেন, “আজ থেকে আমি নিশ্চিত হলাম, আমার মেয়ের জীবন আর বাল্যবিবাহের অন্ধকারে হারাবে না।” বক্তারা বলেন, বাল্যবিবাহ কেবল একটি শিশুর নয়, বরং পুরো জাতির স্বপ্নকে ধ্বংস করে।

    শিবগঞ্জের এই ঘোষণা শুধুমাত্র একটি অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা নয়—এটি শিশুদের জন্য নিরাপদ ভবিষ্যৎ গড়ার দৃঢ় অঙ্গীকার। শিক্ষার্থীরা এদিন শপথ নেয় তারা শিক্ষার আলোয় নিজেদের ভবিষ্যৎ গড়বে এবং সমাজে বাল্যবিবাহ প্রতিরোধে অগ্রণী ভূমিকা রাখবে।

    সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রাণের উচ্ছ্বাসবাল্যবিবাহমুক্ত উপজেলা ঘোষণার পর আয়োজন করা হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, কবিতা আর নাচে ভরে ওঠে অনুষ্ঠানস্থল। শিশু-কিশোরদের উচ্ছ্বাসে প্রমাণ হয় তাদের স্বপ্ন এখন মুক্ত আকাশে ওড়ার।

    শিবগঞ্জের এই ঐতিহাসিক ঘোষণা কেবল একটি উপজেলার নয়—বরং এটি গোটা বাংলাদেশের জন্য অনুপ্রেরণা। এ পথ ধরে এগোলে অদূর ভবিষ্যতেই বাংলাদেশ হবে “বাল্যবিবাহমুক্ত দেশ”।

  • ৫৯ বিজিবি’র পৃথক অভিযানে ৩ চোরাকারবারীসহ আটক-৪

    ৫৯ বিজিবি’র পৃথক অভিযানে ৩ চোরাকারবারীসহ আটক-৪

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জস্থ মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়ন সদস্যদের পৃথক ২টি অভিযানে জেকে পোলাডাংগা সীমান্তে অবৈধ অনুপ্রবেশ এর দায়ে ৩ জন বাংলাদেশী চোরাকারবারী এবং সোনামসজিদ সীমান্তে গাঁজা এবং ব্যাটারি চালিত ভ্যানসহ আরও এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

    আটককৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার চৌডালার মোঃ এমতাজুল এর ছেলে মোঃ শামিম হোসেন (২৭) একই এলাকার সঞ্জয় কর্মকারের ছেলে শ্রী পলাশ কর্মকার (২৩), শিবগঞ্জ উপজেলার শিবনারায়নপুরের মোঃ ছাত্তারের ছেলে মো: মিজানুর রহমান (২৩) এবং শিবগঞ্জ উপজেলার ভবানীপুর উমরপুর গ্রামের মোঃ সেতাবুর রহমানের ছেলে মোঃ মিজানুর রহমান (২৫)।

    বিজিবির এক প্রেসনোটে জানানো হয়, ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার লোর রাত ৪ টার দিকে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধীনস্থ চাঁপাই-নবাবগঞ্জ জেলার ভোলাহাট থানাধীন জেকে পোলাডাংগা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২০১/৫৯-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ৩ বাংলাদেশী চোরাকারবারী অবৈধভাবে জনৈক ভোলাহাটের জিন্নানগর গ্রামের মোঃ সামাদ এর ছেলে মোঃ আমিনুল ইসলাম এর নৌকা নিয়ে নদীপথে চোরাচালানের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে।

    পরবর্তীতে বিজিবি’র ০১টি চৌকস টহলদল তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে বাংলাদেশে ফেরত আসার সময় তাদেরকে আটক করতে সক্ষম হয়।

    চোরাকারবারীদের নিকট হতে ৩টি বাটন মোবাইল ফোন (বাংলাদেশী সিমসহ) এবং ভারতীয় ৭০ রূপি উদ্ধার করা হয়। চোরাকারবারীদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়েরের পর মোবাইল ফোন ও ভারতীয় রূপিসহ ভোলাহাট থানায় সোপর্দ করা হয়েছে।

    এছাড়াও ১৬ সেপ্টেম্বর সকাল সোয়া ৬টার দিকে ৫৯ বিজিবি অধীনস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার সোনামসজিদ বিওপি’র বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৮৪/২-এস হতে আনুমানিক ০৬ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে বিওপি’র দায়িত্বপূর্ণ কানসাট গ্রামস্থ ০১টি ব্রীজের উপর অভিযান পরিচালনা করে।

    অভিযানে টহলদল চোরাকারবারী মোঃ মিজানুর রহমান কে ০১টি ব্যাটারি চালিত ভ্যান এবং ৩.৭ কেজি ভারতীয় গাঁজাসহ আটক করতে সক্ষম হয়।

    আটককৃত আসামীসহ গাঁজা ও ভ্যানের বিষয়ে মামলা করে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম অভিযানের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

  • চাঁপাইনবাবগঞ্জে গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট উদ্বোধন

    চাঁপাইনবাবগঞ্জে গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট উদ্বোধন

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে চাঁপাই-নবাবগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট এর উদ্বোধন হয়েছে।

    শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ নতুন স্টেডিয়ামে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট এর উদ্বোধন করেন দুদক এর কমিশনার (তদন্ত) চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান মিঞা মুহাম্মদ আলী আকবার আজিজী। ‘

    নতুন বাংলাদেশ গড়ার লক্ষে “এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই” শ্লোগানে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে টূর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ।

    বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বিপিএম সেবা, নবাবগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল আউয়াল, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আফাজ উদ্দিন।

    উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উজ্জল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট এর আহবায়ক মোঃ নাকিব হাসান তরফদার, বৈষম্য-বিরোধ ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক মোঃ রাহিমসহ অন্যরা।

    এসময় স্কাউট দলের সদস্যরাও অংশ নেয়। উদ্বোধনী খেলায় অংশ নেয় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ফুটবল দল ও শিবগঞ্জ উপজেলা ফুটবল দল। খেলায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ফুটবল দল কে ২-০ গোলে হারায় শিবগঞ্জ উপজেলা ফুটবল দল।

    এসময় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন স্তরের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক ও ক্রীড়ামোদী দর্শকরা উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট এ জেলার ৫টি উপজেলার ফুটবল দল অংশ নিচ্ছে।

  • চাঁপাইনবাবগঞ্জে গোলাম রশিদ স্মরণসভা ও দোয়া মাহফিল

    চাঁপাইনবাবগঞ্জে গোলাম রশিদ স্মরণসভা ও দোয়া মাহফিল

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জের জেলা স্কাউটস’র সম্পাদক গোলাম রশিদ এর স্মরণসভা ও দোয়া মাহফিল হয়েছে। শুক্রবার (০৫ সেপ্টেম্বর) বিকেলে টাউন ক্লাবে এই স্মরণসভা ও দোয়া মাহফিল হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটসের উদ্যোগে স্মরণসভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা স্কাউটের সভাপতি ও জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ।

    বক্তারা চাঁপাইনবাবগঞ্জের স্কাউটস’র জেলা সম্পাদক গোলাম রশিদ এর জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, জেলার স্কাউটসকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে স্কাউটার গোলাম রশিদ এর অবদান অপরীসিম। তাঁর নিরলস চেষ্টায় জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্কাউটস দল প্রতিষ্ঠা ও দলের প্রশিক্ষন এবং স্কাউটসদের চর্চা অব্যাহত ছিলো। এছাড়া, সমাজ সেবায়ও তিনি আজীবন সময় দিয়ে গেছেন।

    স্কাউটস কে গুরুত্ব দিতে গিয়েই গোলাম রশিদ দিন রাত কাজ করেছেন। বক্তারা বলেন, তাঁর এই অকাল মৃত্যুতে স্কাউটের অপুরনীয় ক্ষতি হয়েছে, যা পুরণীয় নয়। জেলা স্কাউটস এ তাঁর অবদান জেলার সকল স্কাউটার ও সংশ্লিষ্টরা শ্রদ্ধাভরে স্মরণে রাখবে।

    গোলাম রশিদের মৃত্যুতে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউট পরিবার গভীরভাবে শোকাহত। জেলা স্কাউট পরিবার চাঁপাইনবাবগঞ্জের জেলা স্কাউটের সম্পাদক গোলাম রশিদ এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

    স্মরণসভায় জেলা স্কাউটের সম্পাদক গোলাম রশিদ এর জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন, আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ সৈয়দ মোজাহারুল ইসলাম তরু, বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক আব্দুর রশিদ, গোলাম রশীদের বোন পারভিন কবীর, সচেতন নাগরিক কমিটি (সনাক)’র সভাপতি আইনজীবী সাইফুল ইসলাম রেজা, জেলা স্কাউটসের সহকারী কমিশনার আসরাফুল আম্বিয়া, কোষাধ্যক্ষ মোঃ আসলাম কবির, শংকরবাটী-পোল্লাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা খাতুনসহ অন্যরা।

    শেষে চাঁপাই নবাবগঞ্জের জেলা স্কাউটসের প্রয়াত সম্পাদক গোলাম রশিদ এর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সাবেক পৌর মেয়র মাওলানা আব্দুল মতিন। জেলা স্কাউটসের সহ-সভাপতি মোঃ মারুফুল ইসলামের সঞ্চালনায় স্মরণসভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা স্কাউটের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, জেলার বিভিন্ন উপজেলা স্কাউট নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট লিডার ও সদস্যরা।

    উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জের জেলা স্কাউটের সম্পাদক গোলাম রশিদ এবছরের ৬ আগষ্ট অসুস্থতাজনিত কারণে ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে চাঁপাই-নবাবগঞ্জে শোকের ছায়া নেমে আসে।

  • নিখোঁজের ৬ দিন পর প্রবাসীর স্ত্রী’র অর্ধগলিত মরদেহ উদ্ধার

    নিখোঁজের ৬ দিন পর প্রবাসীর স্ত্রী’র অর্ধগলিত মরদেহ উদ্ধার

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বিল থেকে কেয়া (২২) নামে এক সৌদি প্রবাসীর স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের শাহাপাড়া পন্ডিতপাড়ার বাড়ির পাশে একটি বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত কেয়া ওই গ্রামের মির্জা শাহরিয়ার এর মেয়ে ও সৌদি প্রবাসী সুমনের স্ত্রী।

    শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) এস.এম সাকিল আহমেদ জানান, গত ২৮ আগষ্ট থেকে নিখোঁজ ছিল কেয়া। ৬ দিন পর সকালে বাড়ির পাশে বিলে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য জেলা হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

    তদন্ত ওসি আরও জানান, মরদেহটি অর্ধগলিত হওয়ায় শরীরে কোন আঘাতের চিহ্ন বুঝা যাচ্ছে না। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

  • তারেক রহমানের নির্দেশনা বন্যাদূর্গত এলাকায় ত্রাণ বিতরণ

    তারেক রহমানের নির্দেশনা বন্যাদূর্গত এলাকায় ত্রাণ বিতরণ

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারানপুর ইউনিয়নের বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করা হয়েছে।

    শনিবার (৩০ আগস্ট) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোঃ হারুনুর রশীদ ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন।

    ত্রাণ বিতরণকালে ও এলাকা পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ তসিকুল ইসলাম তসি, সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, রানীহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ মোঃ রহমত আলীসহ সদর উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।

    এ সময় নারানপুর ইউনিয়নের প্রায় ৪০০ বানভাসি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে প্রতিটি প্যাকেটে ৬ কেজি আলু, ১ কেজি লবণ, ১ কেজি আটা, ১ কেজি চিড়া, ৫০০ গ্রাম গুড়, ১ কেজি মুড়ি (দুই প্যাকেট) ও ১ প্যাকেট টোস্ট বিস্কুট বিতরণ করা হয়। বিএনপি নেতা হারুনুর রশীদ বলেন, “বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করে আমরা সরাসরি ক্ষতিগ্রস্ত মানুষের দুর্দশা দেখেছি।

    দলীয় নির্দেশনা অনুযায়ী তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। এ সহায়তা সামান্য হলেও তাদের কষ্ট লাঘবে ভূমিকা রাখবে।” স্থানীয় নেতারা দাবি করেন, সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোরও একযোগে কাজ করা প্রয়োজন, যাতে বন্যার্ত মানুষ দ্রুত সহায়তা পায়।

  • আগামী সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিন -সাবেক এমপি হারুন

    আগামী সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিন -সাবেক এমপি হারুন

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ সদর ৩ আসনের সাবেক সংসদ সদস্য মোঃ হারুনুর রশীদ বলেছেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে।

    জনগণের অধিকার ফিরিয়ে আনতে বিএনপির কোনো বিকল্প নেই। নেতা-কর্মীদের প্রতি আমার আহ্বান, কোনো অপপ্রচার বা গুজবে কান না দিয়ে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।”

    শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নে বিএনপির ভোট কেন্দ্র পরিচালনা কমিটি গঠন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    তিনি আরো বলেন, “বিগত সময়ে গোবরাতলা ইউনিয়নের উন্নয়নে কাজ করেছি, ভবিষ্যতেও জনস্বার্থে কাজ করে যাব, ইনশাল্লাহ।” শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে চাঁপাই গ্রামীণ সেচ প্রকল্প প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।

    চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি শাখার উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট কেন্দ্র পরিচালনা কমিটি গঠন ও মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ তসিকুল ইসলাম তসি, সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, গোবরাতলা ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ তাসেম আলী। সভায় সভাপতিত্ব করেন ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ আজিজুর রহমান।

    এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সাদিউজ্জামান সাদি, গোবরা-তলা ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ নজরুল ইসলাম, আব্দুল মমিন, ওসমান গণি বাবুসহ ইউনিয়নের নেতাকর্মীরা।

    এই মতবিনিময় সভাকে সামনে রেখে গোবরাতলা ইউনিয়নে বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

  • প্রেমের টানে চীন থেকে কুষ্টিয়ায় শি জিং ইউ !

    প্রেমের টানে চীন থেকে কুষ্টিয়ায় শি জিং ইউ !

    ফেসবুকের মাধ্যমে পরিচয়, তারপর বন্ধুত্ব ,অত:পর প্রেম। প্রেমের টানে হাজার কিলোমিটার পাড়ি দিয়ে চীন থেকে কুষ্টিয়ায় প্রেমিকার বাড়িতে এসেছেন শি জিং ইউ নামের এক যুবক।

    শনিবার রাতে ঢাকায় পৌঁছে আজ রবিবার সকালে কুষ্টিয়া সদর উপজেলার খাজানগরে প্রেমিকা বৃষ্টি খাতুনের বাড়িতে আসেন তিনি।

    পরে দুপুরের দিকে প্রেমিকা বৃষ্টি ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কুষ্টিয়া আদালতে যান শি জিং ইউ। আদালতে তিনি বৌদ্ধ ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। বর্তমানে নাম রাখেন সোহান আহাম্মেদ।

    স্থানীয় সূত্রে জানা গেছে, ফেসবুকে তাদের পরিচয় হওয়ার পর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অবশেষে দূরদেশ থেকে এসে মুসলিম রীতিতে প্রেমিকা বৃষ্টিকে বিয়ের করবেন তিনি।

    বৃষ্টির পরিবারের সদস্যরা জানিয়েছেন,শি জিং ইউ একজন ভদ্র ও আন্তরিক মানুষ। তিনি আমাদের সংস্কৃতি ও ধর্মকে শ্রদ্ধা করে যে সিদ্ধান্ত নিয়েছেন, তাতে আমরা অত্যন্ত খুশি। বৃষ্টির সঙ্গে মুসলিম রীতিতে বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন তিনি। এজন্যই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

    এদিকে ওই চীনা যুবককে দেখতে কুষ্টিয়া সদর উপজেলার খাজানগরে প্রেমিকা বৃষ্টির বাড়িতে ভিড় করছেন উৎসুক জনতা।

  • চাঁপাইনবাবগঞ্জে বন্যা দূর্গতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

    চাঁপাইনবাবগঞ্জে বন্যা দূর্গতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জের বন্যা দূর্গত এলাকার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি। শুক্রবার (২২ আগস্ট) জেলার শিবগঞ্জ উপজেলার উজিরপুর, বোগলাউড়ি, পাঁকা কদমতলা, পাঁকা নিশিপাড়া, দূর্লভপুর ও মনাকষা এলাকার অসহায় বানভাসী পরিবারের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়।

    এসময় ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক সৈয়দ নাজমুল ইসলাম মানিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জহিরুল ইসলাম, সমাজসেবা সম্পাদক আনারুল ইসলামসহ সমিতির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

    ত্রাণ বিতরণকালে ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক জানান, চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার নারায়নপুর ইউনিয়ন এবং শিবগঞ্জ উপজেলার পাঁকা, উজিরপুর, দূর্লভপুর ও মনাকষা ইউনিয়নের প্রায় ১০ হাজার পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছেন।

    চারিদিকে শুধু পানি আর পানি থাকার কারণে তাদের কোন কাজ নেই। তারা অসহায়, না খেয়ে দিন পার করছে। আর তাই আমরা অসহায় এই মানুষদের পাশে দাঁড়াতে ত্রাণের বিতরণকৃত ১২শত প্যাকেটের প্রতিটিতে ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি চিড়া, ১ কেজি তেল ও হাফ কেজি গুড় বিতরণ করেছি।

    এছাড়াও শনিবার জেলার সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের ১১ রশিয়া এবং শান্তিনগর হাট এলাকার বন্যা দূর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করাসহ অসহায় মানুষদের মাঝে ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির এমন সহায়তা অব্যাহত থাকবে বলে জানানো হয় ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির পক্ষ থেকে।