যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কার মধ্যে ইরান ছাড়ার জন্য নিজ দেশের নাগরিক দের নির্দেশ দিয়েছে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমার স্টেনগার্ড। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে স্টেনগার্ড বলেন, “ইরান ও অঞ্চলের পরিস্থিতি অত্যন্ত অনিশ্চিত। এ অবস্থায় ইরান সফর এড়িয়ে যাওয়া উচিত এবং দেশটিতে থাকা সুইডিশ নাগরিকদের দ্রুত চলে যাওয়ার আহ্বান জানাচ্ছি।
তিনি আরও বলেন, এখনও আকাশপথ ও স্থল সীমান্ত দিয়ে ইরান ত্যাগ করা সম্ভব। সুযোগ থাকা অবস্থাতেই দেশ ছাড়ার পরামর্শ দেন তিনি। যারা সেখানে থাকার সিদ্ধান্ত নেবেন, তাদের নিজ দায়িত্বে থাকতে হবে বলেও উল্লেখ করেন। সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয় সরিয়ে নিতে সহায়তা করতে পারবে না বলেও স্পষ্ট করেন তিনি।
পারমাণবিক ইস্যুতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা চরমে রয়েছে। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানকে চাপে রাখতে ‘সীমিত সামরিক হামলা’ বিবেচনা করছে হোয়াইট হাউস।
তিনি সতর্ক করেন, তেহরানকে অবশ্যই একটি ন্যায্য চুক্তিতে পৌঁছাতে হবে, না হলে “খারাপ কিছু ঘটতে পারে”।
এদিকে রয়টার্স মার্কিন কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানে শীর্ষ নেতাদের লক্ষ্যবস্তু করার বিষয়টিও বিবেচনায় রয়েছে। ট্রাম্প নির্দেশ দিলে ইরানের শাসন পরিবর্তনের প্রচেষ্টাও পরিকল্পনার অংশ হতে পারে।
বিশ্লেষকদের মতে, পরিস্থিতি দ্রুত অবনতি হলে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে, যার প্রভাব বৈশ্বিক নিরাপত্তা ও জ্বালানি বাজারে পড়বে।