মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ডিবি পুলিশের অভিযানে বরাইদ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডাকাতি হওয়া প্রায় ১৪টন লোহার রড উদ্ধার করেছে পুলিশ।
অভিযান চলাকালীন সময়ে অভিযুক্ত জয়নাল আবেদীন কৌশলে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। জয়নাল আবেদীন উপজেলার বরাইদ ইউনিয়নের ছনকা গ্রামের ইউনুস আলীর ছেলে ও বরাইদ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি গাজীপুরের কালিয়াকৈর থানা এলাকায় ডাকাতির ঘটনা ঘটে। যেখানে বিপুল পরিমাণ লোহার রড লুটে নেয় ডাকাত দল। পুলিশ ওই ঘটনার তদন্তে নেমে তথ্যপ্রযুক্তির সহায়তায় নিশ্চিত হয় যে, লুণ্ঠিত মালামাল সাটুরিয়া উপজেলার ছনকা বাজারে জয়নাল আবেদীনের ব্যবসা প্রতিষ্ঠানে মজুত রয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ডিবি পুলিশ উপজেলার ছনকা বাজারে জান্নাত এন্ড খাদিজা এন্টারপ্রাইজ নামের গুদামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এই রড জব্দ করে। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এদিকে ঘটনার পর থেকে অপরাধী জয়নাল আবেদীন পলাতক রয়েছে। তার ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ রয়েছে।
এই ব্যাপারে বরাইদ ইউনিয়ন যুবদলের সভাপতি মান্নান উদ্দিন মল্লিক বলেন, কারও ব্যক্তিগত অপরাধের দায় দল নেবে না।
সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খাঁন মজলিশ মাখন বলেন, আমাদের নেতা প্রধান মন্ত্রী তারেক রহমানের স্পষ্ট নির্দেশ দুর্নীতি ও অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স। সত্যতা পাওয়ামাত্রই অভিযুক্ত নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, কালিয়াকৈর থানায় করা ডাকাতি মামলার সূত্র ধরে এই অভিযান পরিচালিত হয়েছে। উদ্ধারকৃত রড কালিয়াকৈর থানার পুলিশি হেফাজতে দেওয়া হয়েছে।