প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর ছুটির দিনেও অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাপ্তাহিক ছুটির (শনিবার) দিনেও দেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম এগিয়ে নিতে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করেন তিনি।
আজ শনিবার দুপুর ১২টায় কার্যালয়ে আসেন প্রধানমন্ত্রী। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং শিক্ষা ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা মাহদী আমিন।
এছাড়া প্রধানমন্ত্রীর প্রেস সচিব ছালেহ শিবলি, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ কার্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা নিজ নিজ দপ্তরে দায়িত্ব পালন করেন।
কার্যালয়ে আসার পরপরই বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের (BJRI) মহাপরিচালক কৃষিবিদ ড. নার্গীস আক্তারের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। বৈঠকে পাটজাত পণ্যের বহুমুখী ব্যবহার বাড়ানো এবং আন্তর্জাতিক বাজারে পাটের সম্ভাবনা ও বাজার সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সোনালী আঁশের হারানো গৌরব ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্বারোপ করেন।
দুপুর আড়াইটায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
দিনের দাপ্তরিক কাজ শেষে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার উদ্দেশ্যে রওনা হন। সেখানে দেশের বিশিষ্ট ওলামা-মাশায়েখ ও এতিম শিশুদের সম্মানে আয়োজিত এক বিশেষ ইফতার মাহফিলে যোগ দেন তিনি।