মানিকগঞ্জ জেলায় আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ জেলার শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর (এসআই) হিসেবে নির্বাচিত হয়েছেন সাটুরিয়া থানার এসআই (নিরস্ত্র) মো. আরিফ খান।
মাদক উদ্ধার অভিযান, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলা নিষ্পত্তিতে দক্ষতা প্রদর্শনের জন্য তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
আজ রবিবার (২৯ মার্চ) দুপুর আড়াইটা সময় মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন মোহাম্মদ সারওয়ার আলম, পুলিশ সুপার, মানিকগঞ্জ।
এসময় পুলিশ সুপার বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যদের নিরলস পরিশ্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্বশীলতা, সততা ও পেশাদারিত্বের মাধ্যমে যারা নিজেদের দক্ষতা প্রমাণ করছেন, তাদের এ ধরনের স্বীকৃতি অন্যদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মহরম আলী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সালাউদ্দিন এবং জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অফিসার ইনচার্জগণ সভায় অংশ নেন।