কিশোরগঞ্জে ভাড়া বাড়ী থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার !

কিশোরগঞ্জ শহরের বাসা থেকে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ১২টার দিকে শহরের নিউটাউন এলাকার ভাড়া বাসা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আমিনুল ইসলাম (৩০) নেত্রকোনা জেলার মদন উপজেলার গঙ্গানগর গ্রামের বাসিন্দা আবদুল হামিদের ছেলে। তিনি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

আমিনুল ইসলামের শ্যালক ইয়াসিন মিয়া জানান, সোমবার দুপুরে সর্বশেষ মা ও স্ত্রীর সাথে কথা বলেন আমিনুল। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা কিশোরগঞ্জের পুলিশকে ঘটনাটি জানায়। তিনি ঈদের ছুটিতে স্ত্রী ও তার চার বছর বয়সী মেয়েকে নিয়ে বাড়িতে গিয়েছিলেন। সাতদিন পর স্ত্রী ও মেয়েকে বাড়িতে রেখে আবারও কর্মস্থলে ফেরেন।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত আব্দুল্লাহ আল মামুন ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তারা জানান, পরিবারের সদস‌্যদের মাধ‌্যমে জানতে পেরেছি তার ব‌্যবহৃত মোবাইল বন্ধ। তখন আমরা তার ভাড়া বাসায় যাই। সেখানে ডাকাডাকি করেও তার সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আমিনুলের ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *